ঢাকাSunday , 13 September 2026
  1. অন্যান্য
  2. আবহাওয়া
  3. খেলা
  4. চাকরি
  5. জীবনযাপন
  6. তথ্যপ্রযুক্তি
  7. প্রেস রিলিজ
  8. বাণিজ্য
  9. বাংলাদেশ
  10. বিনোদন
  11. বিশ্ব
  12. ভিডিও
  13. মতামত
  14. রাজনীতি
  15. শিক্ষা
আজকের সর্বশেষ সবখবর

লাইফলাইন-এর বিশেষ প্রদর্শনীতে উপস্থিত হয়ে কাঁদলেন মিম

UttorbongoBD
June 26, 2026 8:40 pm
Link Copied!


দেশের জনপ্রিয় ওটিটি প্ল্যাটফর্ম চরকিতে সম্প্রতি মুক্তি পেয়েছে ওয়েব ফিল্ম ‘লাইফলাইন’। এ উপলক্ষে ২৫ জুন রাজধানীর মুক্তিযুদ্ধ জাদুঘর অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয় ‘লাইফলাইন’–এর বিশেষ প্রদর্শনী।

এতে সিনেমার কলাকুশলী, সাংবাদিক ও কনটেন্ট নির্মাতারা উপস্থিত ছিলেন। প্রদর্শনী শুরুর আগে ফিল্মটির সম্পাদক ময়ূখ বারীর বাবার প্রয়াণে এক মিনিট নীরবতা পালন করা হয়।

প্রদর্শনী শেষে সিনেমাটি নিয়ে অনুভূতি প্রকাশ করতে গিয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন জনপ্রিয় অভিনেত্রী বিদ্যা সিনহা মিম। পর্দায় বাবা–মেয়ের সম্পর্কের টানাপোড়েন এবং গল্পের আবেগের সঙ্গে নিজের বাস্তব জীবনের অনুভূতির মিল খুঁজে পেয়ে তিনি কান্না ধরে রাখতে পারেননি।

ফিল্মটিতে তার বাবার চরিত্রে অভিনয় করেছেন বরেণ্য অভিনেতা খায়রুল আলম সবুজ। প্রতিক্রিয়া জানাতে গিয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন তিনিও।

বিশেষ প্রদর্শনীতে উপস্থিত অতিথিরা ফিল্মটির গল্প, নির্মাণশৈলী ও অভিনয়ের ভূয়সী প্রশংসা করেন। বিদ্যা সিনহা মিম ও রেজওয়ান পারভেজের অভিনয়ের পাশাপাশি বিশেষভাবে আলোচনায় আসে আ খ ম হাসানের অভিনয়।

দীর্ঘদিন নাটক ও ইউটিউবে জনপ্রিয় হলেও ওটিটিতে তাকে তুলনামূলক কম দেখা যাওয়ার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, “এটা পরিচালকরা ভালো বলতে পারবেন। আমি অভিনেতা, যেখানে কাজ করার সুযোগ পাই সেখানেই কাজ করি।”

নিজের চরিত্র নিয়ে তিনি আরও বলেন, “পর্দায় আমার চরিত্র দেখে ওই চরিত্রকেই মনে হয়েছে, মনে হয়নি আ খ ম হাসান অভিনয় করছেন। এটা পরিচালক এবং ইউনিটের সাফল্য।”

ফিল্মটির ‘আমারে নাও’ গানটিও দর্শক-শ্রোতাদের প্রশংসা কুড়িয়েছে। নির্মাতা কাজী আসাদের কথায় এবং জাহিদ নিরবের সুর ও সংগীত পরিচালনায় গানটিতে কণ্ঠ দিয়েছেন ফাতিমা তুয যাহরা ঐশী। বিশেষ প্রদর্শনী শেষে তিনি খালি গলায় গানটি পরিবেশন করেন।

গানটি নিয়ে ঐশী বলেন, “গানটি তৈরি হওয়ার প্রথম থেকে এর সঙ্গে ছিলাম আমি। গল্পটা একটু জানতাম, পরিস্থিতিটা জানা ছিল, কথা, সুর হওয়ার সময় সঙ্গে ছিলাম। সব মিলিয়ে গানটার সঙ্গে অ্যাটাচমেন্টটাও ছিল দারুণ। তাই হয়তো শ্রোতারাও গানটা পছন্দ করেছেন।”

‘লাইফলাইন’–এর মাধ্যমে প্রথমবারের মতো চরকির কোনো প্রজেক্টে কাজ করলেন বিদ্যা সিনহা মিম। নির্মাতা কাজী আসাদ এর আগে চরকির অরিজিনাল সিরিজ ‘আধুনিক বাংলা হোটেল’ নির্মাণ করেছিলেন।

এবার তিনি নির্মাণ করেছেন এই অরিজিনাল ফিল্ম। এর গল্প লিখেছেন মাহমুদুল হাসান টিপু ও কাজী আসাদ। চিত্রনাট্য ও সংলাপ লিখেছেন আসাদুজ্জামান আবীর ও কাজী আসাদ।

বিশেষ প্রদর্শনীতে কলাকুশলীরা
গল্প প্রসঙ্গে কাজী আসাদ বলেন, “ভালোবাসার টানে মানুষ কত দূর যায়? আর কত কিছু হারানোর ঝুঁকি নিতে পারে? শহুরে মেয়ে অনন্যার দুর্গম যাত্রা কেন এবং এর শেষ কোথায়—এসব উত্তরের মধ্য দিয়ে গভীর কিছু অনুভূতির কথা বলার চেষ্টা করেছি।”

চিত্রনাট্যকার আসাদুজ্জামান আবীর বলেন, “আমরা একটা সহজ–সুন্দর অনুভূতির গল্প বলতে চেয়েছি। ফিল্মের শেষের দিকে অনন্যা তার বাবাকে একটা কথা বলে। দুই পরিস্থিতির দুই বাবা–মেয়েকে তুলনা করে সংলাপটা বলেন অনন্যা। আমার মনে হয়, এই সংলাপের মাধ্যমে যে অনুভূতি, দায়িত্ব ও ভালোবাসা প্রকাশ পায়, সেটা দেখানোর জন্যই ফিল্মটি করেছি আমরা।”

ফিল্মে রেজওয়ান পারভেজকে দেখা গেছে দুর্গম পথে মোটরসাইকেলে করে অনন্যাকে নিয়ে যেতে। শুটিংয়ের অভিজ্ঞতা জানিয়ে তিনি বলেন, “ক্ষেতের আইল দিয়ে মোটরসাইকেল চালাতে হয়েছে। এটা এমনিতেই কঠিন। কিন্তু আমার সঙ্গে মিম ছিলেন। দায়িত্ব ছিল তিনি যেন নিরাপদ থাকেন। মোটরসাইকেল থেকে পড়ে গিয়ে তিনি আহত হলে সেটা খুব কষ্টের হতো।”

তিনি জানান, সৌভাগ্যবশত কোনো দুর্ঘটনা ঘটেনি। কুয়াকাটার বিভিন্ন লোকেশনে ফিল্মটির শুটিং সম্পন্ন হয়েছে।

অরিজিনাল ফিল্ম ‘লাইফলাইন’–এ অভিনয় করেছেন বিদ্যা সিনহা মিম, রেজওয়ান পারভেজ, গাজী রাকায়েত, আ খ ম হাসান, খায়রুল আলম সবুজ, নাজনীন হাসান চুমকি, আনিসা নূর আয়াত এবং ফাতেমাতুজ জোহরা ইভা।





Source link

×
📺

LIVE TV

Live Tv দেখতে নিচের বাটনে ক্লিক করুন।

📺 লাইভ দেখুন
error: Content is protected !!
🔴 LIVE html