ইরানে টানা নবম দিনের মতো হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। নতুন করে সহিংসতায় সোমবার (২০ জুলাই) ভোররাতেও মধ্যপ্রাচ্য কেঁপে উঠেছে।
মার্কিন সামরিক বাহিনী জানিয়েছে, তারা ইরানের বিরুদ্ধে টানা নবম রাতের মতো হামলা চালিয়েছে। এসব হামলায় কমান্ড সেন্টার, বিমান প্রতিরক্ষা ব্যবস্থা, সামুদ্রিক সম্পদ, ক্ষেপণাস্ত্র স্থাপনা এবং যোগাযোগ নেটওয়ার্ককে লক্ষ্যবস্তু করা হয়েছে।
এদিকে এ হামলার জবাবে মধ্যপ্রাচ্যে থাকা বিভিন্ন সামরিক ঘাঁটিতে পাল্টা হামলা চালিয়েছে ইরানও। এসব হামলায় ঘাঁটিতে থাকা মার্কিন বিমানকেও লক্ষ্যবস্তু করার দাবি করেছে দেশটি।
সোমবার (২০ জুলাই) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) জানিয়েছে, জর্ডানের আকাবা বিমানবন্দরে থাকা মার্কিন সি-১৭ পরিবহন বিমান এবং পি-৮ নজরদারি বিমানে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে। এতে কয়েকটি বিমান মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে বলে দাবি করেছে বাহিনীটি।
ইরানের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম আইআরআইবিতে প্রচারিত এক বিবৃতিতে আইআরজিসি জানিয়েছে, মুওয়াফফাক সালতি (আল-আজরাক) বিমানঘাঁটিতে মার্কিন বাহিনীর ২০টি হ্যাঙ্গার ধ্বংস করা হয়েছে।
এর আগে সেন্টকম (CENTCOM)-এর তথ্যমতে, উত্তর ইরাকে ইরানের একটি ভূপাতিত ড্রোন থেকে পাওয়া অবিস্ফোরিত বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রিতভাবে নিষ্ক্রিয় করার সময় একজন মার্কিন সেনা সদস্য নিহত হয়েছেন।