বিশ্বজুড়ে সাফল্য পাওয়া ‘জুমানজি: ওয়েলকাম টু দ্য জাঙ্গল’ (২০১৭) এবং ‘জুমানজি: দ্য নেক্সট লেভেল’ (২০১৯)-এর পর বহুল প্রতীক্ষিত ‘জুমানজি: ওপেন ওয়ার্ল্ড’- এর ট্রেলার প্রকাশ হলো। ছবিটি আগামী ২৫ ডিসেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা রয়েছে।
সিরিজের তৃতীয় ও শেষ কিস্তি হিসেবে নির্মিত এ ছবিতে আগের মতোই ফিরেছেন ডোয়াইন জনসন, জ্যাক ব্ল্যাক, কেভিন হার্ট ও কারেন গিলান। ৩ মিনিটের ট্রেলারে এই ফ্র্যাঞ্চাইজির চিরচেনা হাস্যরস, অ্যাকশন এবং জমকালো দৃশ্যের সংমিশ্রণ সবই থাকছে।
তবে এবার গল্পে এসেছে বড় পরিবর্তন। আগের দুই কিস্তির মতো মানুষ আর গেমের ভেতরে প্রবেশ করছে না। বরং ভিডিও গেমের চরিত্ররাই বাস্তব জগতে চলে এসেছে, আর তাতেই শুরু হয় একের পর এক বিশৃঙ্খলা।
ট্রেলারে দেখা যায়, ডোয়াইন জনসন, জ্যাক ব্ল্যাক, কেভিন হার্ট ও কারেন গিলান তাদের ভিডিও গেমের চরিত্র হিসেবেই বাস্তব পৃথিবীতে চলার চেষ্টা করছেন।
এ সময় অ্যালেক্স উলফের চরিত্র জানায়, তারা ভিডিও গেমের চরিত্র হলেও এখনও ‘ডেমো মোড’-এ আটকে রয়েছে। এই ত্রুটির কারণে একের পর এক হাস্যকর ঘটনা ঘটে।
যেমন—জনসনের চরিত্র ‘ডক্টর স্মোল্ডার ব্রেভস্টোন’ হঠাৎ স্প্যানিশ উচ্চারণে কথা বলা শুরু করে এবং অন্যান্য অদ্ভূত গোলযোগের কারণে দলের মিশনে ব্যাঘাত ঘটতে থাকে। এ সময় জ্যাক ব্ল্যাকের চরিত্র ‘প্রফেসর শেলি ওবেরন’ মন্তব্য করে, ‘আমার সন্দেহ হচ্ছে আমরা আর জুমানজিতে নেই।’ এরপর ট্রেলারজুড়ে দেখা যায় বিশাল আকারের অ্যাকশন দৃশ্য।
জেক কাসডান পরিচালিত ‘জুমানজি: ওপেন ওয়ার্ল্ড’ সিনেমায় আরও অভিনয় করেছেন ড্যানি ডিভিটো, লামর্ন মরিস এবং নিক জোনাস। এই চলচ্চিত্রটি সেই জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজিটির আধুনিক পুনর্নির্মাণের ধারা অব্যাহত রেখেছে, যার সূচনা হয়েছিল ১৯৯৫ সালে রবিন উইলিয়ামস অভিনীত ‘জুমানজি’ ছবিটির মাধ্যমে।