মার্ভেলের নতুন ‘এক্স-মেন’ সিনেমায় যুক্ত হলেন ‘জেন ভি’ তারকা আসা জারম্যান। নতুন সিনেমাটিতে শক্তিশালী মিউট্যান্ট অ্যাঞ্জেল চরিত্রে দেখা যাবে তাকে। বিষয়টি নিশ্চিত করেছে ভ্যারাইটি।
গত মাসে ডি২৩ সম্মেলনে নতুন ‘এক্স-মেন’ সিনেমার অভিনয়শিল্পীদের নাম প্রকাশ করেন মার্ভেল স্টুডিওসের প্রধান কেভিন ফেইজি।
নতুন মিউট্যান্ট দলের অন্য সদস্যদের মধ্যে রয়েছেন জিন গ্রে চরিত্রে স্যাডি সিঙ্ক, সাইক্লপস চরিত্রে কিট কনর, এমা ফ্রস্ট চরিত্রে সামারা উইভিং, রোগ চরিত্রে ইন্ডে নাভারেতে, প্রফেসর এক্স চরিত্রে ক্রিস্টোফার অ্যাবট এবং স্টর্ম চরিত্রে মায়া বয়েড।
এদিকে সিনেমাটিতে ‘এক্স-মেন’ কমিকসের জনপ্রিয় ভিলেন মিস্টার সিনিস্টার চরিত্রে দেখা যাবে অ্যাডাম ড্রাইভারকে। সিনেমাটি পরিচালনা করবেন `থান্ডারবোল্টস’খ্যাত জেক শ্রাইয়ার। ২০২৮ সালের ৫ মে সিনেমাটি মুক্তির কথা রয়েছে।
অ্যামাজন প্রাইম ভিডিওর সুপারহিরো স্যাটায়ার সিরিজ ‘জেন ভি’-এর মাধ্যমে পরিচিতি পান আসা জারম্যান। এটি ‘দ্য বয়েজ’-এর স্পিন-অফ সিরিজ। সেখানে স্যাম রিওর্ডান চরিত্রে অভিনয় করেন তিনি। চরিত্রটি ছিল প্রায় অমর ও অসাধারণ শক্তির অধিকারী একজন সুপারহিরো।
গডলকিন ইউনিভার্সিটিতে তরুণ সুপারহিরোদের সঙ্গে পড়াশোনা করত স্যাম। দ্বিতীয় মৌসুমে মস্তিষ্ক নিয়ন্ত্রণের শিকার হয়ে নিজের বন্ধুদের বিপক্ষে অবস্থান নেয় সে। পরে বন্ধুরাই তাকে উদ্ধার করে।
‘দ্য বয়েজ’-এর চতুর্থ মৌসুমের দুটি পর্বেও দেখা গেছে জারম্যানকে। চলতি বছরের শুরুতে দুই মৌসুমের পর ‘জেন ভি’ বাতিলের ঘোষণা দেওয়া হয়। এ ছাড়া চলতি বছরের ‘স্ক্রিম ৭’ সিনেমায় লুকাস বোডেন চরিত্রে অভিনয় করেছেন তিনি। নেটফ্লিক্সের ‘ডাহমার—মনস্টার: দ্য জেফ্রি ডাহমার স্টোরি’ সিরিজের একটি পর্বেও দেখা গেছে তাকে।