ঢাকাWednesday , 28 October 2026
  1. অন্যান্য
  2. আবহাওয়া
  3. খেলা
  4. চাকরি
  5. জীবনযাপন
  6. তথ্যপ্রযুক্তি
  7. প্রেস রিলিজ
  8. বাণিজ্য
  9. বাংলাদেশ
  10. বিনোদন
  11. বিশ্ব
  12. ভিডিও
  13. মতামত
  14. রাজনীতি
  15. শিক্ষা
আজকের সর্বশেষ সবখবর

ফেসবুকের ক্ষতিকর প্রভাব, যুক্তরাষ্ট্রে বিচার শুরু মেটা-স্ন্যাপের

UttorbongoBD
October 28, 2026 7:50 pm
Link Copied!


শিশু-কিশোরদের ওপর সামাজিক যোগাযোগমাধ্যমের ক্ষতিকর প্রভাব নিয়ে যুক্তরাষ্ট্রে আরেকটি গুরুত্বপূর্ণ মামলার বিচার শুরু হতে যাচ্ছে। অভিযুক্ত হিসেবে রয়েছে, ফেসবুক-ইনস্টাগ্রামের মূল প্রতিষ্ঠান মেটা এবং প্রথমবারের মতো স্ন্যাপ। বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।

বুধবার (২৮ অক্টোবর) লস অ্যাঞ্জেলেসে এ মামলায় জুরি সদস্য নির্বাচনের প্রক্রিয়া শুরু হওয়ার কথা রয়েছে।

সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারের কারণে শিশু ও কিশোর-কিশোরীরা ক্ষতির শিকার হচ্ছে—এমন অভিযোগে সাম্প্রতিক বছরগুলোতে যুক্তরাষ্ট্রের বিভিন্ন স্থানীয়, অঙ্গরাজ্য ও ফেডারেল আদালতে হাজার হাজার মামলা হয়েছে।

এর মধ্যে প্রথম মামলাটির বিচার এ বছরের শুরুর দিকে লস অ্যাঞ্জেলেসে অনুষ্ঠিত হয়। এরপর থেকে এসব মামলার কার্যক্রমে নানা অগ্রগতি ও পরিবর্তন এসেছে। বছরের শুরুতে প্রথম গুরুত্বপূর্ণ মামলায় মেটা ও ইউটিউব হেরে যায়। ওই মামলায় জুরি বোর্ড কেজিএম নামে পরিচিত এক তরুণ ব্যবহারকারীর ক্ষতির জন্য প্রতিষ্ঠান দুটিকে যৌথভাবে দায়ী করে এবং মোট ৬০ লাখ ডলার জরিমানা দেওয়ার নির্দেশ দেয়।

সে সময় মেটা জানায়, তারা রায়ের সঙ্গে সম্মানজনকভাবে দ্বিমত পোষণ করে। ওই বিচার শুরুর আগেই স্ন্যাপ ও টিকটক কেজিএমের সঙ্গে সমঝোতা করে।

কয়েক মাস পর আগস্টে আরেকটি মামলার বিচার শুরুর কথা ছিল। তবে বিচার শুরুর আগেই স্ন্যাপ, টিকটক ও ইউটিউব মামলাটির নিষ্পত্তি করে। আর আরকেসি নামে পরিচিত ওই মামলার বাদী পরে মেটার বিরুদ্ধে বাকি অভিযোগগুলো প্রত্যাহার করে নেন। ফলে কোনো সমঝোতা ছাড়াই বিচার এড়াতে সক্ষম হয় ইনস্টাগ্রাম ও ফেসবুকের মূল প্রতিষ্ঠানটি।

আদালতের নথি অনুযায়ী, আগামী মাসে লস অ্যাঞ্জেলেসের মামলায় দুই বাদী এসজে ও কেডিবির আইনজীবীরা যুক্তি দেবেন, যথাক্রমে ১৩ ও ১৫ বছর বয়সে সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার শুরু করার পর তাদের মক্কেলরা আসক্তিকর ও সমস্যাজনক অ্যাপের সংস্পর্শে আসেন।

ইলিনয় অঙ্গরাজ্যের কিশোরী এসজে স্ন্যাপের তৈরি স্ন্যাপচ্যাট ব্যবহার করতে গিয়ে ধীরে ধীরে বাধ্যতামূলক ও নিয়ন্ত্রণহীন ব্যবহারে জড়িয়ে পড়েন বলে তার আইনজীবীদের দাবি। এর পরিণতিতে তিনি মানসিক স্বাস্থ্য সমস্যা, খাদ্যাভ্যাসজনিত ব্যাধি ও আত্মক্ষতিমূলক আচরণের শিকার হন বলে অভিযোগ করা হয়েছে।

মিসিসিপির ১৮ বছর বয়সী কেডিবিও মেটা ও স্ন্যাপের প্ল্যাটফর্ম ব্যবহারে একই ধরনের আসক্তিতে জড়িয়ে পড়েন। তার আইনজীবীদের মতে, এর ফলে তার মানসিক ও শারীরিক স্বাস্থ্যের অবনতি ঘটে।

মেটা আগে এসব অভিযোগ অস্বীকার করেছে। জুলাইয়ে এএফপিকে প্রতিষ্ঠানটি বলেছিল, ভিত্তিহীন মামলার বিরুদ্ধে নিজেদের অবস্থান তুলে ধরতে আমরা পিছপা হব না।

অন্যদিকে, স্ন্যাপের দাবি, তাদের অ্যাপ ইনস্টাগ্রাম ও ফেসবুকের মতো নয়। কারণ, স্ন্যাপচ্যাট মূলত বার্তা আদান-প্রদানের প্ল্যাটফর্ম হিসেবে তৈরি করা হয়েছে।





Source link

×
📺

LIVE TV

Live Tv দেখতে নিচের বাটনে ক্লিক করুন।

📺 লাইভ দেখুন
error: Content is protected !!
🔴 LIVE html