জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সাহিত্যিক উত্তরাধিকার, অসাম্প্রদায়িক চেতনা ও মানবতাবাদী দর্শন নতুন প্রজন্মের কাছে ছড়িয়ে দিতে স্ট্যামফোর্ড ইউনিভার্সিটি বাংলাদেশে ‘নজরুল বর্ষ ২০২৬–২০২৭’ উপলক্ষে আয়োজিত সাংস্কৃতিক প্রতিযোগিতার বিজয়ীদের মধ্যে পুরস্কার ও সনদ বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার (২৭ অক্টোবর) বিকেলে বিশ্ববিদ্যালয়ের সিদ্ধেশ্বরী ক্যাম্পাসের অডিটোরিয়ামে আলোচনা সভা, পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন একুশে পদকপ্রাপ্ত নজরুলসংগীতশিল্পী ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব ফেরদৌস আরা। বিশেষ অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. শরীফ নাফে আস-সাবের।
উপাচার্য বলেন, কাজী নজরুল ইসলাম ছিলেন সাম্য, মানবতা ও দ্রোহের অবিস্মরণীয় প্রতিভূ। মাত্র দুই দশকের কিছু বেশি সময়ের সাহিত্যসাধনায় তিনি চার হাজারের বেশি গান, অসংখ্য কবিতা এবং বাংলা সাহিত্যের অনন্য সৃজনসম্ভার রেখে গেছেন। তাঁর সৃষ্টিতে প্রতিফলিত মানবিক মূল্যবোধ, অসাম্প্রদায়িক চেতনা ও সাম্যের আদর্শ সমকালীন সমাজেও তাৎপর্যপূর্ণ। তরুণ প্রজন্মকে নজরুলের জীবনাদর্শ থেকে অনুপ্রেরণা নিয়ে মানবিক ও প্রগতিশীল সমাজ গঠনে ভূমিকা রাখার আহ্বান জানান তিনি।
ফেরদৌস আরা বলেন, নজরুলের সাহিত্য ও সংগীত কোনো নির্দিষ্ট কাল, সম্প্রদায় কিংবা ভূখণ্ডের মধ্যে সীমাবদ্ধ নয়; তাঁর সৃষ্টি সমগ্র মানবতার অমূল্য সম্পদ। প্রেম, দ্রোহ, সাম্য ও সম্প্রীতির বাণী মানুষের জীবনসংগ্রামে প্রেরণা ও শক্তির উৎস। শিক্ষার্থীদের প্রাতিষ্ঠানিক শিক্ষার পাশাপাশি সাহিত্য, সংগীত ও সংস্কৃতিচর্চায় মনোযোগী হওয়ার আহ্বান জানান তিনি।
নজরুল বর্ষ উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে পাঁচটি বিভাগে প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। বিভাগগুলো হলো নজরুলসংগীত, উপস্থিত বক্তৃতা, কবিতা আবৃত্তি, একক নৃত্য এবং নাটকভিত্তিক একক অভিনয়।
প্রতিযোগিতায় উপস্থিত বক্তৃতায় প্রথম হন ফাইজা নুহান, কবিতা আবৃত্তিতে পপি মধু হিয়া, নাটকভিত্তিক একক অভিনয়ে আমায়া ইসলাম মুন এবং নজরুলসংগীতে হামিদ হাসান। একক নৃত্যে যৌথভাবে প্রথম হন তানিশা জামির জারা ও মেহরিন আক্তার সুপর্ণা।
আলোচনা পর্ব শেষে অতিথিরা বিজয়ীদের হাতে পুরস্কার ও সনদ তুলে দেন। পরে শিক্ষার্থীরা কবিতা আবৃত্তি, একক নৃত্য ও নজরুলসংগীত পরিবেশন করেন। অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় প্রধান, শিক্ষক, কর্মকর্তা ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।