প্রথমবারের মতো নিয়ম ভাঙছেন বলিউড অভিনেতা শাহরুখ খান। জন্মদিনে এবার মান্নাতে থাকবেন না তিনি। দীর্ঘ সময় ধরে এ দিন মান্নতের বাইরে দেখা গেছে জনজোয়ার। প্ল্যাকার্ড, ফুল, কেক হাতে আকাশে-বাতাসে শুধুই ‘শাহরুখ, শাহরুখ’ গগনভেদী চিৎকার!
তবে কিং খান এর মধ্যে সেই অনুরাগীদের জন্য দুঃসংবাদ জানিয়ে দিয়েছেন। ঘনিষ্ঠ সূত্রে খবর, জন্মদিনের আগেই দেশ ছাড়ছেন তিনি।
শাহরুখের টিমের তরফে প্রত্যেক ফ্যান ক্লাবকে এই সিদ্ধান্ত জানিয়ে দেওয়া হয়েছে।
আড়ামী ২ নভেম্বর মানেই অনুরাগীদের কাছে ‘এসআরকে ডে’। প্রতিবার এই বিশেষ দিনে বাদশার একঝলক পাওয়ার জন্য দেশের বিভিন্ন প্রান্তের ‘জাবরা ফ্যান’রা ভিড় জমান মান্নতের সামনে। শাহরুখও অনুরাগীদের আশাহত করেন না। দুপুর-সন্ধ্যা হোক বা রাত বারোটা, শত ব্যস্ততার মাঝেও ভক্তদের জন্য একটিবার মান্নাতের ছাদে ওঠেন তিনি।
কিন্তু এই সময়টায় এবার ‘কিং’ ছবির শুটিংয়ের জন্য লন্ডনে থাকবেন শাহরুখ। জানা গেছে, জন্মদিনেও কাজ থেকে বিরতি নেননি তিনি। বরং লন্ডনে হাইভোল্টেজ এক গানের দৃশ্যের শুটিং করবেন ২ নভেম্বর। যে গানে শাহরুখের সঙ্গে দেখা যাবে কারিনা কাপুর খানকেও।
আগামী ২৪ ডিসেম্বর বড়দিন উপলক্ষে মুক্তি পাচ্ছে বাদশার বহু প্রতীক্ষিত মেগাবাজেট ছবি ‘কিং’। তাই কোনওমতেই এখন সময় নষ্ট করতে নারাজ তিনি। এ কারণে নিজের জন্মদিনেও শুটিং থেকে ছুটি নেননি অভিনেতা।
এদিকে মুক্তির আগেই প্রায় ২০০ কোটির ব্যবসা করে ফেললো ‘কিং’। বিদেশের মাটিতে বিপুল টাকার বিনিময়ে কেনা হলো শাহরুখের ‘কিং’ এর সত্ত্ব। আর এর সঙ্গেই নতুন রেকর্ড গড়ে ফেললো ভারতীয় সিনেমা।
‘কিং’ ছবির ওভারসিজ রাইট কিনেছে ফার্স ফিল্মস। তারাই বিদেশের মাটিতে ছবিটি বিক্রি করবেন। ছবির নির্মাতাদের থেকে ১৭৫ কোটি রুপি অর্থাৎ ১৮ মিলিয়ন ডলারের বিনিময়ে ‘কিং’ ছবির ওভারসিজ সত্ত্ব কিনেছেন তারা।