বিবাহবহির্ভূত সম্পর্কের সন্দেহে নিজের স্ত্রীকে নির্মমভাবে মারধর, হাত-পা বেঁধে নির্যাতন এবং মাথা ন্যাড়া করে দেওয়ার অভিযোগ উঠেছে এক সরকারি গাড়িচালকের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে ভারতের ছত্তিশগড়ের সুরজপুর জেলায়। নির্যাতনের শিকার ওই নারীর অভিযোগের ভিত্তিতে পুলিশ মামলা দায়ের করে অভিযুক্ত স্বামীকে গ্রেফতার করেছে।
অভিযোগ সূত্রে জানা গেছে, ২০০৬ সালে ভালোবেসে বিয়ে করেছিলেন এই দম্পতি। কিন্তু গত এক বছর ধরে তাদের দাম্পত্য জীবনে চরম কলহ দেখা দেয়। এর জেরে ওই নারী তার স্বামীর কাছ থেকে আলাদা থাকা শুরু করেছিলেন।
নির্যাতনের দিন অভিযুক্ত স্বামী পুরো গ্রামের সামনেও স্ত্রীকে জনসমক্ষে অপমান ও হেনস্তা করার চেষ্টা করেন। ঘটনার সময় এই দম্পতির দুই ছেলে ও দুই মেয়ে সেখানে উপস্থিত ছিল। নির্যাতনের পর ওই নারীর মাথা ন্যাড়া করে এবং মুখমণ্ডলে কালো কালি লেপে দেওয়া হয়। এই পাশবিক নির্যাতনের বেশ কিছু ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে, যা তীব্র ক্ষোভের জন্ম দিয়েছে।
অভিযুক্ত ব্যক্তি একটি সরকারি মন্ত্রণালয়ে গাড়িচালক হিসেবে কর্মরত আছেন। গ্রেফতারের পর তিনি দাবি করেছেন, তার স্ত্রীর সঙ্গে অন্য এক আত্মীয়ের সম্পর্ক রয়েছে এবং এই সন্দেহের কারণেই তিনি এই চরম পদক্ষেপ নিয়েছেন।
তবে স্ত্রীর পক্ষ থেকে সব অভিযোগ অস্বীকার করা হয়েছে। তিনি উল্টো দাবি করেছেন, স্বামী দীর্ঘদিন ধরে তার ওপর শারীরিক নির্যাতন চালিয়ে আসছিলেন এবং এর আগেও তাকে হত্যার চেষ্টা করা হয়েছিল।
সূত্র: ইন্ডিয়া টুডে