পলিএন্ডোক্রাইন মেটাবলিক ওভারিয়ান সিনড্রোম (পিএমওএস), যা আগে পিসিওএস নামে পরিচিত ছিল, বর্তমানে নারীদের মধ্যে অন্যতম সাধারণ হরমোনজনিত সমস্যা। এই অবস্থায় অনিয়মিত মাসিক, ব্রণ, মুখে অবাঞ্ছিত লোম, ওজন বৃদ্ধি এবং আরও নানা স্বাস্থ্য সমস্যা দেখা দিতে পারে।
সাধারণত এর চিকিৎসা নির্ভর করে রোগীর উপসর্গ ও চিকিৎসকের পরামর্শের ওপর। তবে অনেকেই হরমোনের ভারসাম্য বজায় রাখতে সহায়ক হিসেবে কিছু সহজ ঘরোয়া উপায়ও অনুসরণ করে থাকেন।
অভিনেত্রী ভাগ্যশ্রী সম্প্রতি ইনস্টাগ্রামে এমন একটি ঘরোয়া উপায় শেয়ার করেছেন। তিনি জানান, পিএমওএসের সঙ্গে সম্পর্কিত কিছু উপসর্গ নিয়ন্ত্রণে যষ্টিমধু প্রাকৃতিক সহায়ক হিসেবে ব্যবহার করা যেতে পারে।
ভিডিওতে তিনি বলেন, ‘পিসিওএস এমন একটি সমস্যা, যার সঙ্গে আজকাল প্রায় প্রতি দ্বিতীয় নারীই লড়াই করছেন। পিসিওএসে পুরুষ হরমোন, অর্থাৎ অ্যান্ড্রোজেনের মাত্রা বেড়ে যায়।’
তিনি আরও বলেন, “এর কারণে একজন নারীর কখনও অনিয়মিত মাসিক হতে পারে, আবার কখনও মুখে অবাঞ্ছিত লোম ও ব্রণও দেখা দিতে পারে।”
ভাগ্যশ্রীর মতে, যষ্টিমধু অ্যান্ড্রোজেনের মাত্রা কমাতে সহায়ক হতে পারে। এরপর তিনি একটি সহজ ঘরোয়া উপায় শেয়ার করেন।
তিনি বলেন, “আজকের টিপস হলো একটি সহজ ঘরোয়া উপায়। যষ্টিমধুর একটি ছোট টুকরো এক কাপ পানিতে দিয়ে ৫ থেকে ৭ মিনিট কম আঁচে ফুটিয়ে নিন। এরপর ছেঁকে নিয়ে হালকা গরম অবস্থায় পান করুন।”
কিন্তু এটা কি সত্যিই কার্যকর
হেলথলাইনের তথ্য অনুযায়ী, যষ্টিমধু পিএমওএস বা পিসিওএসে আক্রান্ত নারীদের ক্ষেত্রে কিছুটা সহায়ক হতে পারে। এতে থাকা গ্লাইসিরাইজন একটি প্রাকৃতিক যৌগের কারণে এর কিছু বিশেষ গুণ রয়েছে বলে ধারণা করা হয়।
ধারণা করা হয়, এটি প্রদাহবিরোধী প্রভাব রাখতে পারে এবং শরীরে শর্করা বিপাক প্রক্রিয়াকে কিছুটা উন্নত করতে সাহায্য করতে পারে। একই সঙ্গে হরমোনের ভারসাম্য রক্ষাতেও এটি সহায়ক হতে পারে বলে উল্লেখ করা হয়।
সূত্র: এনডিটিভি