ঢাকাSunday , 13 September 2026
  1. অন্যান্য
  2. আবহাওয়া
  3. খেলা
  4. চাকরি
  5. জীবনযাপন
  6. তথ্যপ্রযুক্তি
  7. প্রেস রিলিজ
  8. বাণিজ্য
  9. বাংলাদেশ
  10. বিনোদন
  11. বিশ্ব
  12. ভিডিও
  13. মতামত
  14. রাজনীতি
  15. শিক্ষা
আজকের সর্বশেষ সবখবর

পাঠ্যপুস্তকে থাকছেন হাজী শরীয়তউল্লাহ, প্রাথমিকে ঝরে পড়া রোধে নানা উদ্যোগ

UttorbongoBD
July 14, 2026 7:20 pm
Link Copied!


জাতীয় শিক্ষাক্রমে হাজী শরীয়তউল্লাহর জীবনী ও ফরায়েজি আন্দোলন সম্পর্কিত বিষয়বস্তু বহাল রাখার পাশাপাশি প্রয়োজন অনুযায়ী আরও বিস্তৃতভাবে উপস্থাপনের কথা জানিয়েছেন শিক্ষা ও প্রাথমিক গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। একইসঙ্গে তিনি জানিয়েছেন, দেশের প্রাথমিক স্তরে বর্তমানে শিক্ষার্থী ঝরে পড়ার হার ১৬ দশমিক ২৫ শতাংশ। এ হার কমাতে সরকার বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করছে।

মঙ্গলবার (১৪ জুলাই) ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় ও প্রথম বাজেট অধিবেশনের ২৪তম দিনের প্রশ্নোত্তর পর্বে পৃথক দুটি প্রশ্নের জবাবে তিনি এসব তথ্য জানান।

মাদারীপুর-১ আসনের সংসদ সদস্য সাইদ উদ্দিন আহমাদ হানজালার প্রশ্নের জবাবে শিক্ষামন্ত্রী বলেন, নবম-দশম শ্রেণির বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা পাঠ্যপুস্তকে ইতোমধ্যে হাজী শরীয়তউল্লাহ ও ফরায়েজি আন্দোলন বিষয়ে বিস্তারিত বিষয়বস্তু অন্তর্ভুক্ত করা হয়েছে। ২০২৮ শিক্ষাবর্ষ থেকে পরিমার্জিত শিক্ষাক্রমের আওতায় নতুন পাঠ্যপুস্তক প্রণয়নের সময় এ বিষয়গুলো বহাল রাখা হবে। পাশাপাশি প্রয়োজন অনুযায়ী বিষয়টি আরও বিস্তৃতভাবে উপস্থাপনের বিষয়টিও বিবেচনা করা হবে।

অপরদিকে, জামালপুর-৩ আসনের সংসদ সদস্য মো. মোস্তাফিজুর রহমান বাবুলের প্রশ্নের জবাবে মন্ত্রী জানান, বর্তমানে প্রাথমিক স্তরে শিক্ষার্থী ঝরে পড়ার হার ১৬ দশমিক ২৫ শতাংশ। এই হার কমাতে সরকার বিনামূল্যে চার রঙা পাঠ্যবই বিতরণ, উপবৃত্তি, স্কুল ফিডিং কার্যক্রম, শিক্ষার্থীদের জন্য স্কুল ড্রেস, জুতা ও মোজা বিতরণসহ বিভিন্ন উদ্যোগ বাস্তবায়ন করছে।

তিনি বলেন, শিক্ষার্থীদের বিদ্যালয়ের প্রতি আকৃষ্ট করতে বছরের প্রথম দিনই তাদের হাতে বিনামূল্যে পাঠ্যবই তুলে দেওয়া হচ্ছে। পাশাপাশি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য খেলাধুলার সামগ্রী সরবরাহ, প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট, বিতর্ক প্রতিযোগিতা ও অলিম্পিয়াড আয়োজন করা হচ্ছে।

মন্ত্রী আরও জানান, শিক্ষার্থীদের বিদ্যালয়ে ধরে রাখতে নিয়মিত হোম ভিজিট, মা সমাবেশ, অভিভাবক সমাবেশ এবং স্কুল ম্যানেজিং কমিটির (এসএমসি) সভার মাধ্যমে শিখন কার্যক্রম পর্যবেক্ষণ করা হচ্ছে। এছাড়া ‘ওয়ান চাইল্ড, ওয়ান ট্রি’ কর্মসূচি বাস্তবায়ন, শিক্ষার্থীদের পোষ্য প্রাণী পালনে উৎসাহিত করা এবং কন্যাশিশু, প্রতিবন্ধী শিশু, ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর শিশু ও অন্যান্য সুবিধাবঞ্চিত শিশুসহ সব শিশুকে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অন্তর্ভুক্ত করতে একীভূত শিক্ষা কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।





Source link

×
📺

LIVE TV

Live Tv দেখতে নিচের বাটনে ক্লিক করুন।

📺 লাইভ দেখুন
error: Content is protected !!
🔴 LIVE html