ঢাকাWednesday , 16 September 2026
  1. অন্যান্য
  2. আবহাওয়া
  3. খেলা
  4. চাকরি
  5. জীবনযাপন
  6. তথ্যপ্রযুক্তি
  7. প্রেস রিলিজ
  8. বাণিজ্য
  9. বাংলাদেশ
  10. বিনোদন
  11. বিশ্ব
  12. ভিডিও
  13. মতামত
  14. রাজনীতি
  15. শিক্ষা
আজকের সর্বশেষ সবখবর

অস্করজয়ী ইনারিতুর ম্যাজিক, এমন টম ক্রুজকে আগে দেখেনি কেউ


July 14, 2026 8:10 pm
Link Copied!


হলিউড সুপারস্টার টম ক্রুজকে এমন রূপে আগে কখনও দেখা যায়নি। ভুঁড়ি, পাতলা সাদা চুল, দক্ষিণী উচ্চারণ—সব মিলিয়ে এক বিতর্কিত বিলিয়নিয়ারের চরিত্রে হাজির হয়েছেন তিনি। মুক্তি পেয়েছে তার নতুন ছবি ‘ডিগার’-এর প্রথম ট্রেলার, যেখানে পরিবেশ বিপর্যয়কে ব্যঙ্গাত্মক কমেডির মোড়কে তুলে ধরেছেন অস্কারজয়ী পরিচালক আলেহান্দ্রো গনসালেস ইনারিতু।

ওয়ার্নার ব্রাদার্সের ছবিতে টম ক্রুজ অভিনয় করেছেন ডিগার রকওয়েল নামে বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর এক ধনকুবেরের চরিত্রে। তার প্রতিষ্ঠানের কর্মকাণ্ডে সৃষ্টি হয় ভয়াবহ পরিবেশগত বিপর্যয়, যা শেষ পর্যন্ত পারমাণবিক যুদ্ধের ঝুঁকিও তৈরি করে।

ট্রেলারে দেখা যায়, গ্রিনল্যান্ডের একটি হিমবাহ সরে যাওয়ার খবরেও প্রথমে একেবারেই বিচলিত নন ডিগার। বরং বিষয়টিকে তুচ্ছ করে ব্যঙ্গাত্মক মন্তব্য করেন তিনি। পরে পরিস্থিতি জটিল হয়ে উঠলে যুক্তরাষ্ট্রের অসুস্থ প্রেসিডেন্ট—যার চরিত্রে অভিনয় করেছেন জন গুডম্যান—তাকে সেই সংকট মোকাবিলার দায়িত্ব দেন।

টম ক্রুজ
ছবির গল্পে ডিগার এরপর মরিয়া হয়ে নিজেকে মানবজাতির ত্রাণকর্তা হিসেবে প্রমাণের চেষ্টা করেন। একই সঙ্গে বাস্তবতার চেয়ে ‘ভালো গল্প’ তৈরির গুরুত্ব নিয়েও তার নানা সংলাপ ট্রেলারে উঠে এসেছে।

‘ডিগার’-এ টম ক্রুজের সঙ্গে আরও অভিনয় করেছেন রিজ আহমেদ, সান্দ্রা হুলার, মাইকেল স্টুলবার্গ, জেসি প্লেমন্স, সোফি ওয়াইল্ড ও এমা ডি’আর্সি।

ছবিটি পরিচালনা করেছেন দুইবারের অস্কারজয়ী মেক্সিকান নির্মাতা আলেহান্দ্রো গনসালেস ইনারিতু। ‘দ্য রেভেন্যান্ট’-এর পর এটিই তার প্রথম ইংরেজি ভাষার চলচ্চিত্র। প্রায় এক দশক ধরে ‘ডিগার’-এর ধারণা নিয়ে কাজ করেছেন তিনি।

ট্রেলার প্রকাশ উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে টম ক্রুজ বলেন, “এই চরিত্রটি আমাকে এমনভাবে চ্যালেঞ্জ করেছে, যা আগে কখনও হয়নি। আলেহান্দ্রোর সঙ্গেও এমন অভিজ্ঞতা আগে হয়নি।”

তিনি জানান, ইনারিতুর প্রথম চলচ্চিত্র ‘আমোরেস পেরোস’ দেখার পর থেকেই তার কাজের ভক্ত হয়ে ওঠেন। বহু বছর পর দুজনের প্রথমবারের মতো একসঙ্গে কাজ করার সুযোগ হয় ‘ডিগার’-এ।

ইনারিতুও এক ভিডিও বার্তায় বলেন, ‘দ্য রেভেন্যান্ট’-এর পরই তার মাথায় ডিগার চরিত্রের ধারণা আসে। তবে গল্পটি বলার সঠিক ভাষা খুঁজে পেতেই প্রায় ১০ বছর লেগে যায়। তার ভাষায়, “এটি অদ্ভুত, ঝুঁকিপূর্ণ, কিন্তু একই সঙ্গে হাস্যরসাত্মক। কারণ বড় কমেডির উৎসই হলো ট্র্যাজেডি।”

লেজেন্ডারি পিকচার্স প্রযোজিত ‘ডিগার’ ছয় মাস ধরে যুক্তরাজ্যে ভিস্তাভিশন ফরম্যাটে চিত্রায়িত হয়েছে। সিনেমাটি আগামী ২ অক্টোবর বিশ্বব্যাপী প্রেক্ষাগৃহে মুক্তি পাবে।

ডিগার চলচ্চিত্রের ট্রেলার





Source link

×
📺

LIVE TV

Live Tv দেখতে নিচের বাটনে ক্লিক করুন।

📺 লাইভ দেখুন
error: Content is protected !!
🔴 LIVE html