চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষা ফলাফল প্রকাশ হয়েছে। এ বছর ৯টি সাধারণ শিক্ষা বোর্ড, বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড এবং বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের গড় পাসের হার ৫২ দশমিক ১২। যা গতবছর ছিল ৫৮ দশমিক ৮৩ শতাংশ। সেই হিসাবে পাসের গতবছরের তুলনায় কমেছে ৬ দশমিক ৭১ শতাংশ।
শনিবার (৩১ অক্টোবর) বেলা ১১টায় শিক্ষা মন্ত্রণালয়ে এক সংবাদ সম্মেলনে আনুষ্ঠানিকভাবে ফলাফল প্রকাশের কার্যক্রম উদ্বোধন করেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। ফল উদ্বোধনের সঙ্গে সঙ্গে ফলাফল নিজ নিজ শিক্ষাপ্রতিষ্ঠান থেকে ও অনলাইনে একযোগে প্রকাশিত হচ্ছে।
পরীক্ষায় এবছর জিপিএ-৫ পেয়েছেন ৪০ হাজার ৮৪ জন শিক্ষার্থী। গত বছর যেখানে জিপিএ-৫ পেয়েছিলেন ৬৯ হাজার ৯৭ জন পরীক্ষার্থী। সেই হিসাবে এবছর জিপিএ-৫ কমেছে ২৯ হাজার ১৩ জন।
চলতি বছর সারাদেশে এইচএসসি-আলিম-এইচএসসি (বিএম-বিএমটি) বা এইচএসসি (ভোকেশনাল) বা ডিপ্লোমা-ইন-কমার্স পরীক্ষায় ১১টি বোর্ডে মোট পরীক্ষার্থীর সংখ্যা ছিল ১২ লাখ ৭০ হাজার ৫৮৩ জন। তার মধ্যে উত্তীর্ণ হয়েছেন ৬ লাখ ৪৬ হাজার ৬৮৫ জন শিক্ষার্থী।
এইচএসসি ও সমমান পরীক্ষায় এবার ১১টি শিক্ষা বোর্ডের মধ্যে পাসের হারে এগিয়ে রয়েছে ঢাকা শিক্ষা বোর্ড। এ বোর্ডে পাসের হার ৬১ দশমিক ৮০ শতাংশ। অন্যদিকে, সাধারণ শিক্ষা বোর্ডগুলোর মধ্যে সবচেয়ে কম পাসের হার বরিশাল বোর্ডে, ৪৪ দশমিক ৮৪ শতাংশ।
সাধারণ ৯টি শিক্ষা বোর্ডের মধ্যে ঢাকা বোর্ডের পর পাসের হারে এগিয়ে রয়েছে চট্টগ্রাম বোর্ড। এ বোর্ডে পাসের হার ৫২ দশমিক ০৭ শতাংশ। এরপর ময়মনসিংহ বোর্ডে ৫১ দশমিক ৪৪, সিলেট বোর্ডে ৫০ দশমিক ৯০, কুমিল্লা বোর্ডে ৪৮ দশমিক ০৪, দিনাজপুর বোর্ডে ৪৫ দশমিক ৯৮, রাজশাহী বোর্ডে ৪৫ দশমিক ০৬, যশোর বোর্ডে ৪৪ দশমিক ৯২ এবং বরিশাল বোর্ডে ৪৪ দশমিক ৮৪ শতাংশ।
এ ছাড়া মাদ্রাসা শিক্ষা বোর্ডে পাসের হার ৬১ দশমিক ০৭ শতাংশ এবং কারিগরি শিক্ষা বোর্ডে ৪৯ দশমিক ৪৩ শতাংশ। সব বোর্ড মিলিয়ে এবার পাসের হার ৫২ দশমিক ১২ শতাংশ।
২০২৬ সালের এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয় ২ জুলাই। ৮ আগস্ট পরীক্ষা শেষ হওয়ার কথা থাকলেও বন্যার কারণে চট্টগ্রামসহ কয়েকটি বোর্ডের পরীক্ষা শেষ করতে আরও সময় লাগে। মোট কেন্দ্রের সংখ্যা ছিল ২ হাজার ৬৯৭টি এবং পরীক্ষায় অংশগ্রহণকারী প্রতিষ্ঠানের সংখ্যা ছিল ৯ হাজার ৪৩৯টি।
এ বছর ৯টি সাধারণ শিক্ষা বোর্ডে অভিন্ন প্রশ্নপত্রে পরীক্ষা অনুষ্ঠিত হয়। ২০২৬ সালের এইচএসসি ও সমমানের পরীক্ষা ২ জুলাই শুরু হয়েছিল এবং ৮ আগস্ট শেষ হয়েছে। ব্যবহারিক পরীক্ষা ১৫ আগস্টের মধ্যে শেষ হয়।