বলিউড তারকাদের জীবনযাপন নিয়ে অনুরাগীদের কৌতূহলের শেষ নেই। তাঁদের পোশাক, গাড়ি, ব্যক্তিগত বিমান থেকে শুরু করে বাড়ি সব কিছু নিয়েই চর্চা চলে। বিশেষ করে তারকাদের বিলাসবহুল বাড়িগুলো যেন একেকটি স্বপ্নের ঠিকানা। মুম্বাইয়ের বান্দ্রায় শাহরুখ খানের ‘মান্নাত’ কিংবা জুহুতে অমিতাভ বচ্চনের ‘জলসা’ বহুদিন ধরেই পর্যটক ও অনুরাগীদের আকর্ষণের কেন্দ্র। তবে বলিউডে এমন কয়েকজন তারকাও রয়েছেন, যাদের বাড়ির আনুমানিক বাজারমূল্য এই দুই পরিচিত ঠিকানার চেয়েও বেশি। কারও বাড়ি রাজকীয় প্রাসাদ, কারও আবার আধুনিক স্থাপত্যের অনন্য নিদর্শন।

পটৌদী প্যালেস: সাইফ আলি খানের রাজকীয় ঠিকানা
বলিউডের নবাব হিসেবে পরিচিত সাইফ আলি খানের পারিবারিক ঠিকানা পটৌদী প্যালেস। হরিয়ানার গুরুগ্রামের কাছে অবস্থিত এই প্রাসাদ প্রায় ১০ একর জমির ওপর তৈরি। বিশাল সাদা ভবন, প্রশস্ত বাগান এবং রাজকীয় স্থাপত্যের জন্য বাড়িটি বিশেষ পরিচিত। প্রাসাদে রয়েছে একাধিক শোয়ার ঘর, সাজঘর, বিলিয়ার্ড রুম, সুইমিং পুলসহ নানা বিলাসবহুল আয়োজন। প্রাসাদটির আনুমানিক মূল্য প্রায় ৮০০ কোটি টাকা।
তবে এই প্রাসাদ সাইফের জীবনে শুধু সম্পত্তি নয়, পারিবারিক ঐতিহ্যেরও অংশ। তাঁর বাবা, প্রয়াত ক্রিকেটার মনসুর আলি খান পটৌদীর মৃত্যুর পর প্রাসাদটি অন্যের হাতে চলে যায়। পরবর্তী সময়ে সাইফ অর্থের বিনিময়ে সেটি আবার নিজের পরিবারের কাছে ফিরিয়ে আনেন।

কৃষ্ণা রাজ: রণবীর-আলিয়ার স্বপ্নের বাড়ি
বলিউডের তারকা দম্পতি রণবীর কাপুর ও আলিয়া ভাটের বিলাসবহুল ঠিকানা ‘কৃষ্ণা রাজ’। মুম্বাইয়ের অভিজাত পালি হিলে কাপুর পরিবারের পুরোনো জমির ওপর গড়ে উঠেছে এই বাড়ি। রণবীরের ঠাকুরদা রাজ কাপুর ও ঠাকুরমা কৃষ্ণা রাজ কাপুরের নামের সঙ্গে মিলিয়েই বাড়িটির নামকরণ।
বহুতল এই বাড়িতে রয়েছে আধুনিক স্থাপত্যের ছোঁয়া। প্রশস্ত কাচের বারান্দা, সবুজে সাজানো দেয়াল, ইনডোর সুইমিং পুল, ব্যক্তিগত হোম থিয়েটার, ফিটনেস স্টুডিয়ো এবং পরিবারের জন্য আলাদা জায়গার ব্যবস্থা রয়েছে। বাড়িটির আনুমানিক বাজারমূল্য ৩৫০ থেকে ৪০০ কোটি টাকা।

মান্নাত: শাহরুখের স্বপ্নের ঠিকানা
শাহরুখ খানের ‘মান্নাত’ মুম্বাইয়ের অন্যতম পরিচিত স্থাপত্য ও পর্যটন আকর্ষণ। বান্দ্রায় আরব সাগরের ধারে অবস্থিত এই বাংলোর পুরোনো নাম ছিল ‘ভিলা ভিয়েনা’। ২০০১ সালে বাড়িটি কেনেন শাহরুখ। সে সময় এর দাম ছিল আনুমানিক ১৫ থেকে ১৮ কোটি টাকা। বর্তমানে বাড়িটির মূল্য ২০০ থেকে ৩০০ কোটি টাকা।
বাড়িটির অন্দরসজ্জায় গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে শাহরুখ-পত্নী গৌরী খানের। নান্দনিক সাজসজ্জা, বিশাল বসার জায়গা, ব্যক্তিগত সংগ্রহশালা ও আধুনিক সুযোগ-সুবিধা মান্নাতকে দিয়েছে আলাদা পরিচিতি। বাড়িটির সম্প্রসারণ ও সংস্কার নিয়েও অনুরাগীদের মধ্যে কৌতূহল রয়েছে। মান্নাতের সামনে প্রায়ই ভিড় করেন শাহরুখের অনুরাগীরা। বিশেষ করে জন্মদিন কিংবা বিশেষ উপলক্ষে বাড়ির সামনে জমায়েত চোখে পড়ে।

জলসা: অমিতাভ বচ্চনের পরিচিত ঠিকানা
বলিউডের শাহেনশাহ অমিতাভ বচ্চনের বাড়ি ‘জলসা’ মুম্বাইয়ের জুহু এলাকায় অবস্থিত। দীর্ঘ কয়েক দশক ধরে এই বাড়িতেই পরিবারের সঙ্গে থাকেন অভিনেতা। অনুরাগীদের কাছে জলসা যেন দর্শনীয় স্থান। প্রতি রবিবার বাড়ির বাইরে ভিড় জমান ভক্তরা। তাদের অভিবাদন জানাতে অনেক সময় বাড়ির বাইরে এসে দাঁড়ান অমিতাভ নিজেও।
জলসার আনুমানিক বাজারমূল্য ১০০ থেকে ১২০ কোটি টাকা। বাড়িটির স্থাপত্য ও অন্দরসজ্জায় রয়েছে আভিজাত্যের ছাপ। তবে জলসার বিশেষত্ব শুধু এর দাম বা আয়তনে নয়, অমিতাভের দীর্ঘ অভিনয়জীবনের সঙ্গে জড়িয়ে থাকা অসংখ্য স্মৃতিতেও।
বলিউড তারকাদের এই বাড়িগুলো তাই নিছক বিলাসবহুল সম্পত্তি নয়। কোথাও রয়েছে রাজপরিবারের ইতিহাস, কোথাও কয়েক প্রজন্মের স্মৃতি, আবার কোথাও তারকার নিজের হাতে গড়ে তোলা স্বপ্নের ঠিকানা। আর সেই কারণেই পর্দার বাইরেও এসব বাড়ি নিয়ে অনুরাগীদের আগ্রহ কখনও কমে না।