ঘর সাজাতে সব সময় দামি শোপিস বা নতুন আসবাবের প্রয়োজন হয় না। কয়েকটি তাজা ফুল আর একটু সৃজনশীল ভাবনাতেই বদলে যেতে পারে ঘরের চেহারা। গাঁদা বা ছড়ানো ফুলের চেনা সাজের বাইরে গিয়ে পদ্ম, জারবেরা, গোলাপ, অর্কিড কিংবা কারনেশন দিয়ে সাজিয়ে তুলতে পারেন বসার ঘর, শোয়ার ঘর বা ঘরের কোনও এক কোণ। রইল কয়েকটি সহজ অথচ আকর্ষণীয় সাজের ভাবনা।

পদ্মফুলে আভিজাত্য
পদ্মফুলের সৌন্দর্য ঘরের সাজে এনে দিতে পারে স্নিগ্ধ ও আভিজাত্যের ছোঁয়া। শ্বেতপদ্ম বা রক্তপদ্ম যে কোনও একটি কিংবা দু’ধরনের ফুলই ব্যবহার করতে পারেন। বসার ঘরের টেবিলে বা ঘরের কোণে একটি বড় পিতলের পাত্রে জল ভরে তাতে দু-তিনটি পদ্ম ভাসিয়ে দিন। মাঝখানে রাখতে পারেন একটি ভাসমান প্রদীপ। অল্প আয়োজনেই তৈরি হবে নজরকাড়া সাজ।

জারবেরায় রঙের ছোঁয়া
লাল, হলুদ, সাদাসহ নানা রঙের জারবেরা ফুল ঘরের সাজে প্রাণবন্ত ভাব আনতে পারে। কাচ, পিতল বা মার্বেলের ফুলদানিতে কয়েকটি ভিন্ন রঙের জারবেরা একসঙ্গে সাজিয়ে রাখুন। বসার ঘর থেকে শোয়ার ঘর যে কোনও জায়গাতেই মানাবে এই সাজ।
আরও একটু অন্য রকম কিছু করতে চাইলে স্বচ্ছ কাচের বড় পাত্রে ফুল সাজানোর কাঁটা বসিয়ে তাতে একটি জারবেরা আটকে দিন। পাত্রে ওয়াটার বল দিয়ে কাঁটাটি ঢেকে পানি ভরে নিন। ফুলটি পানির মধ্যে থাকবে। পাত্রের ওপর একটি ভাসমান প্রদীপ রাখলে সাজে যোগ হবে নতুন মাত্রা।

গোলাপে আলোর খেলা
গোলাপ ফুলদানিতে সাজানোর বদলে স্বচ্ছ কাচের পাত্রে তৈরি করতে পারেন বিশেষ এক ফুলের আয়োজন। পাত্রের নীচে ডাঁটাসহ কয়েকটি গোলাপ সাজিয়ে দিন। তার সঙ্গে ব্যবহার করুন পানিতে ব্যবহারের উপযোগী আলোর চেন। গোলাপের পাপড়ি, স্বচ্ছ ওয়াটার বল এবং আরও কয়েকটি গোলাপ স্তরে স্তরে সাজিয়ে পাত্রে পানি ঢেলে দিন। আলো জ্বালালে কাচের পাত্রের মধ্যে ফুল ও আলোর মেলবন্ধন তৈরি হবে। তবে অবশ্যই পানি-নিরাপদ আলো ব্যবহার করবেন।

অর্কিডে আধুনিক সাজ
অর্কিডের সৌন্দর্য ঘরের সাজে এনে দেয় আধুনিক ও পরিশীলিত আবহ। কয়েকটি ভিন্ন রঙের অর্কিড ফুল স্পঞ্জে গেঁথে নিন। ছোট গোল ফুলদানিতে সবুজ পাতা সাজিয়ে তার মধ্যে স্পঞ্জটি বসিয়ে দিন। ফুল ও পাতার এই বিন্যাস বসার ঘরের সেন্টার টেবিল কিংবা কোনও শৌখিন তাকের জন্য মানানসই।

কারনেশনে বাহারি সাজ
কারনেশন ফুলের রং ও গড়ন ঘরের সাজে আলাদা আকর্ষণ তৈরি করে। লম্বা ডাঁটাসহ ফুল কেটে একই রঙের অথবা বিভিন্ন রঙের কারনেশন একসঙ্গে ফুলদানিতে সাজিয়ে রাখুন। ফুলের চারপাশে জড়িয়ে দিতে পারেন ছোট আলোর চেন। সন্ধ্যায় আলো জ্বালালে ফুলের সাজে তৈরি হবে মায়াবী আবহ।
ফুল দিয়ে ঘর সাজানোর সময় ঘরের রং, আসবাবের ধরন এবং ফুলদানি কোথায় রাখা হবে, তা মাথায় রাখুন। খুব বেশি ফুল বা সাজসজ্জার উপকরণ ব্যবহার না করে রং ও বিন্যাসে সামঞ্জস্য রাখলেই অল্প আয়োজনের অন্দর হয়ে উঠবে আরও সুন্দর।