ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশে (ইউল্যাব) আয়োজিত উচ্চশিক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক শিক্ষাদান বিষয়ক চার দিনব্যাপী প্রশিক্ষণ সিরিজ সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার (৯ জুলাই) এ প্রশিক্ষণ শেষ হয়। সমাপনী সেশন পরিচালনা করেন অধ্যাপক ড. নাফিস মনসুর। ইউল্যাবের সেন্টার ফর এক্সিলেন্স ইন টিচিং অ্যান্ড লার্নিং (সিইটিএল) এবং অফিস অব ফ্যাকাল্টি রিসার্চের (ওএফআর) যৌথভাবে এ আয়োজন করে।
সমাপনী সেশনে উচ্চশিক্ষায় গবেষণায় কৃত্রিম বুদ্ধিমত্তার রূপান্তরমূলক ভূমিকা নিয়ে আলোচনা করা হয়েছে। অধ্যাপক ড. নাফিস মনসুর দেখান, কীভাবে গবেষণার বিভিন্ন ধাপে এআই একটি কার্যকর রিসার্চ কো-পাইলট হিসেবে কাজ করতে পারে।
গবেষণায় কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহারের কথা উল্লেখ করে তিনি বলেন, ‘কৃত্রিম বুদ্ধিমত্তা গবেষণাকে গণতান্ত্রিক করেছে। এখন প্রত্যেকেরই একটি গবেষণা সহকারী থাকতে পারে।’
সেশনে অংশগ্রহণকারী শিক্ষকরা এআই গবেষণাপত্রের পর্যালোচনা, গবেষণার ধারণা এবং গবেষণা ব্যবস্থাপনায় কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহারিক প্রয়োগ সম্পর্কে ধারণা লাভ করেন। ব্যবহারিক প্রদর্শন ও অংশগ্রহণমূলক আলোচনার মাধ্যমে এমন সব কৌশল তুলে ধরা হয়েছে।