ঢাকাTuesday , 14 July 2026
  1. অন্যান্য
  2. আবহাওয়া
  3. খেলা
  4. চাকরি
  5. জীবনযাপন
  6. তথ্যপ্রযুক্তি
  7. প্রেস রিলিজ
  8. বাণিজ্য
  9. বাংলাদেশ
  10. বিনোদন
  11. বিশ্ব
  12. ভিডিও
  13. মতামত
  14. রাজনীতি
  15. শিক্ষা
আজকের সর্বশেষ সবখবর

বিএনপিতে হাইব্রিডদের জায়গা নেই, তৃণমূলকে সতর্ক থাকার নির্দেশ তারেক রহমানের


July 14, 2026 2:20 am
Link Copied!


প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, গত ১৭ বছর নির্যাতন, গুম, হত্যা ও মামলার মধ্যেও তৃণমূল নেতাকর্মীরা দলকে টিকিয়ে রেখেছেন। সেই ত্যাগের মূল্যায়ন করেই দলকে এগিয়ে নেওয়া হবে। তবে বিএনপির ভেতরে কোনোভাবেই হাইব্রিড বা অনুপ্রবেশকারীদের জায়গা দেওয়া যাবে না। এ বিষয়ে তৃণমূল নেতাকর্মীদের সবচেয়ে বেশি সতর্ক থাকতে হবে।

সোমবার (১৩ জুলাই) বিকালে বরিশাল শিল্পকলা একাডেমিতে বিএনপির স্থানীয় নেতাকর্মীদের নিয়ে আয়োজিত সাংগঠনিক সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তারেক রহমান বলেন, বিএনপি স্থানীয় সরকার নির্বাচনে অংশ নেবে। তবে তার আগে সাংগঠনিক প্রস্তুতি সম্পন্ন করা হবে। বর্ষা শেষে আলোচনা করে নির্বাচনের সময় নির্ধারণ করা হবে। স্থানীয় পর্যায়ে আলোচনার মাধ্যমে চেয়ারম্যান, সদস্য ও দলীয় নেতৃত্ব নির্ধারণের আহ্বান জানান তিনি।

তিনি বলেন, যা পারবো না, তা বলবো না। বাস্তবতা বিবেচনা করেই জনগণকে প্রতিশ্রুতি দিতে হবে। বিএনপি রাষ্ট্র পরিচালনার দায়িত্বে এলে সবসময় আন্তরিকতার সঙ্গে উন্নয়নে কাজ করেছে বলেও দাবি করেন তিনি।

দলের নেতাকর্মীদের উদ্দেশে বিএনপি চেয়ারম্যান বলেন, ঐক্য, শৃঙ্খলা ও সাংগঠনিক শক্তিই বিএনপির সবচেয়ে বড় সম্পদ। জাতীয় নির্বাচনের মতো স্থানীয় সরকার নির্বাচনেও সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

তিনি বলেন, উন্নয়ন শুধু রাস্তা-ঘাট নির্মাণ নয়; স্বাস্থ্য, শিক্ষা, শিশু চিকিৎসা, খাল খনন এবং মানুষের জীবনমানের উন্নয়নও সমান গুরুত্বপূর্ণ। দীর্ঘ ১৭ বছরের অব্যবস্থাপনায় দেশের ব্যাংকিং, স্বাস্থ্য ও শিক্ষা ব্যবস্থা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।

সরকারের বিভিন্ন উদ্যোগের কথা তুলে ধরে তিনি বলেন, নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ড কর্মসূচি চালু হয়েছে। উপজেলা পর্যায়ের ৫১ শয্যার হাসপাতাল ১০১ শয্যায় উন্নীত করা হবে এবং সারা দেশে এক হাজার শিশু হাসপাতাল প্রতিষ্ঠার পরিকল্পনা রয়েছে।

তিনি আরও বলেন, জলাবদ্ধতা এখন বড় সমস্যা। শুধু ফ্লাইওভার নির্মাণ করলেই উন্নয়ন হয় না; খাল ও ড্রেন দখল-ভরাটের কারণে ঢাকা-চট্টগ্রামসহ বিভিন্ন শহরে জলাবদ্ধতা বাড়ছে। তাই পানি নিষ্কাশন ব্যবস্থার উন্নয়ন জরুরি।

অর্থনীতির প্রসঙ্গে তিনি বলেন, মধ্যপ্রাচ্যের যুদ্ধের কারণে জ্বালানি তেলের দাম বৃদ্ধি পাওয়ায় বাংলাদেশকে অতিরিক্ত প্রায় ২৫ হাজার কোটি টাকা ব্যয় করতে হয়েছে।

পূর্ববর্তী সরকারের বিভিন্ন প্রকল্পে দুর্নীতির অভিযোগ তুলে ধরে তিনি বলেন, উন্নয়নের নামে বিপুল অর্থ অপচয় ও লুটপাট হয়েছে। পাশাপাশি অর্থনীতিবিদ ড. দেবপ্রিয় ভট্টাচার্যের শ্বেতপত্রের তথ্য উল্লেখ করে তিনি গত ১৭ বছরে বিপুল অর্থ বিদেশে পাচারের অভিযোগও তোলেন।

হিন্দু সম্প্রদায়ের আসন্ন ধর্মীয় উৎসবকে সামনে রেখে তিনি শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করার আহ্বান জানান। একই সঙ্গে জাতীয় নির্বাচনের আগে যেমন ষড়যন্ত্র হয়েছিল, এখনও দেশি-বিদেশি বিভিন্ন মহল সক্রিয় রয়েছে বলে অভিযোগ করেন। এসব মোকাবিলায় দলকে আরও সুসংগঠিত করার ওপর জোর দেন তিনি।

নেতাকর্মীদের উদ্দেশে তারেক রহমান বলেন, মতপার্থক্য থাকতেই পারে, তবে তা যেন দলের ঐক্য নষ্ট না করে। আপনাদের মধ্যে ঐক্যে ফাটল তৈরি হলেই ষড়যন্ত্রকারীরা সুযোগ নেবে। জনগণ বিএনপি করেন বলেই আপনাদের সম্মান দেয়। সেই সম্মান নষ্ট করবেন না।

 





Source link

×

FIFA World Cup Live

FIFA World Cup সরাসরি দেখতে নিচের বাটনে ক্লিক করুন।

📺 লাইভ দেখুন
error: Content is protected !!
🔴 LIVE html