ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে অগ্নিকাণ্ড ও উদ্ভূত আতঙ্কে সিঁড়ি দিয়ে হুড়োহুড়ি করে নামতে গিয়ে অন্তত দুই জনের মৃত্যু এবং আরও ২০ জন গুরুতরভাবে আহত হওয়ার ঘটনায় গভীর উদ্বেগ, শোক ও দুঃখ প্রকাশ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য মিয়া গোলাম পরওয়ার।
মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) এক বিবৃতিতে তিনি এই শোক জানান।
বিবৃতিতে মিয়া গোলাম পরওয়ার বলেন, “১৪ সেপ্টেম্বর সোমবার সন্ধ্যা ৬টার দিকে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে অগ্নিকাণ্ডের ঘটনায় উদ্ভূত আতঙ্কে সিঁড়ি দিয়ে হুড়োহুড়ি করে নামতে গিয়ে অন্তত দুই জনের মৃত্যু এবং আরও ২০ জন গুরুতরভাবে আহত হওয়া অত্যন্ত বেদনাদায়ক। আমরা এই হতাহতের ঘটনায় গভীরভাবে মর্মাহত ও বেদনাহত। আমরা মহান আল্লাহর দরবারে নিহতদের শহীদ হিসেবে কবুল করার জন্য দোয়া করছি এবং আহত ও নিহতদের শোকসন্তপ্ত পরিবার-পরিজনের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি। একই সঙ্গে আহতদের আশু সুস্থতা কামনা করছি।”
জামায়াত সেক্রেটারি বলেন, “হাসপাতালের মতো অত্যন্ত স্পর্শকাতর স্থানে এ ধরনের অগ্নিকাণ্ডের পেছনে কোনও গাফিলতি বা ত্রুটি ছিল কিনা, তা নিরপেক্ষ ও সুষ্ঠু তদন্তের মাধ্যমে নিশ্চিত করার দাবি জানাচ্ছি। ভবিষ্যতে যেন এমন মর্মান্তিক ঘটনার পুনরাবৃত্তি না ঘটে, সে জন্য দেশের সব সরকারি-বেসরকারি হাসপাতালের অগ্নি-নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা অত্যন্ত জরুরি।”
এসময় তিনি অবিলম্বে নিহত ও আহতদের পরিবারকে উপযুক্ত ক্ষতিপূরণ প্রদান, আহতদের যথাযথ চিকিৎসা প্রদান এবং ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান।