২০২৬ ফুটবল বিশ্বকাপের শিরোপা কে জিতবে—সেমিফাইনালের আগে এমন প্রশ্নে বিশ্বের শীর্ষ ৯টি কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) মডেলের পূর্বাভাস বিশ্লেষণ করেছিল আল জাজিরার আজেল্যাবস। সেই পূর্বাভাসে সবচেয়ে বেশি সমর্থন পেয়েছিল ফ্রান্স। তবে মাঠের লড়াইয়ে সেই পূর্বাভাস মিলেনি। প্রথম সেমিফাইনালে ফ্রান্সকে ২-০ গোলে হারিয়ে ফাইনালে উঠে গেছে স্পেন।
এআই মডেলগুলোর পূর্বাভাসে নয়টির মধ্যে পাঁচটি ফ্রান্সকে সম্ভাব্য বিশ্বচ্যাম্পিয়ন হিসেবে বেছে নিয়েছিল। এই পাঁচটি মডেল হলো—জেমিনি, গ্রক, ডিপসিক, লে চ্যাট ও কিউওয়েন।
অন্যদিকে চ্যাম্পিয়ন হিসেবে আর্জেন্টিনাকে বেছে নিয়েছিল চারটি মডেল—চ্যাটজিপিটি, ক্লড, কোপাইলট ও মেটা এআই।
পূর্বাভাস তৈরির ক্ষেত্রে দলগুলোর সামর্থ্য, খেলোয়াড়দের মান, কোচিং, বিশ্বকাপে অতীতের পারফরম্যান্স এবং চলতি আসরে তাদের পারফরম্যান্স বিবেচনা করা হয়েছিল।
রানার্সআপ নিয়ে এআই মডেলগুলোর মধ্যে মতভেদ ছিল বেশি। তিনটি করে মডেল ফ্রান্স ও আর্জেন্টিনাকে রানার্সআপ হিসেবে দেখেছিল। দুটি মডেল ইংল্যান্ড এবং একটি মডেল স্পেনকে রানার্সআপ হওয়ার সম্ভাব্য দল হিসেবে পূর্বাভাস দিয়েছিল।
তৃতীয় স্থান নিয়ে সবচেয়ে বেশি সমর্থন পেয়েছিল স্পেন। ৯টির মধ্যে ছয়টি মডেল লা রোজাকে তৃতীয় হওয়ার সম্ভাব্য দল হিসেবে বেছে নিয়েছিল। দুটি মডেল ইংল্যান্ড এবং একটি মডেল ফ্রান্সকে তৃতীয় স্থানে রেখেছিল।
তবে সেমিফাইনালের প্রথম ম্যাচের ফলাফল এআইয়ের পূর্বাভাসের বড় একটি অংশকে ভুল প্রমাণ করেছে। শিরোপার প্রধান দাবিদার হিসেবে বিবেচিত ফ্রান্সকে ২-০ গোলে হারিয়ে বিশ্বকাপের ফাইনালে জায়গা করে নিয়েছে স্পেন। ফলে স্পেনের তৃতীয় হওয়ার সম্ভাবনার পূর্বাভাসও আর বাস্তবায়িত হওয়ার সুযোগ নেই।
এখন স্পেন অপেক্ষায় রয়েছে দ্বিতীয় সেমিফাইনালের বিজয়ীর। ইংল্যান্ড ও আর্জেন্টিনার মধ্যকার ম্যাচে যে দল জিতবে, তারাই বিশ্বকাপের ফাইনালে স্পেনের প্রতিপক্ষ হবে।