ঢাকাWednesday , 16 September 2026
  1. অন্যান্য
  2. আবহাওয়া
  3. খেলা
  4. চাকরি
  5. জীবনযাপন
  6. তথ্যপ্রযুক্তি
  7. প্রেস রিলিজ
  8. বাণিজ্য
  9. বাংলাদেশ
  10. বিনোদন
  11. বিশ্ব
  12. ভিডিও
  13. মতামত
  14. রাজনীতি
  15. শিক্ষা
আজকের সর্বশেষ সবখবর

অস্ট্রেলিয়ার মাটিতে বাংলাদেশের যে সেঞ্চুরি আগে কেউ দেখেনি


August 14, 2026 3:50 pm
Link Copied!


কিছু সেঞ্চুরি একজন ক্রিকেটারের ক্যারিয়ারের মাহাত্ম্য বাড়ায়। কিছু ইনিংস বদলে দেয় একজন ব্যাটারকে দেখার দৃষ্টিভঙ্গি। আর কিছু ইনিংস এমন হয়, যা একটি ক্রিকেট জাতির সম্ভাবনার সীমানাটাকেই নতুন করে আঁকে। ডারউইনে সিরিজের প্রথম টেস্টের দ্বিতীয় দিন তানজিদ হাসান তামিমের ১০১ রানের ইনিংসটি অন্তত এই মুহূর্তে সেই শ্রেণিতেই পড়ছে।

ক্যারিয়ারের মাত্র দ্বিতীয় টেস্টে ২৫ বছর বয়সী বাঁহাতি এই ব্যাটার গড়ে ফেলেছেন ইতিহাস। অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট সেঞ্চুরি করা প্রথম বাংলাদেশি ব্যাটার এখন তানজিদ। শুধু তাই নয়, অস্ট্রেলিয়ায় নিজের প্রথম টেস্ট ইনিংসেই সেঞ্চুরি করা এশীয় ব্যাটারদের তালিকায় তিনি মাত্র দ্বিতীয়। তার আগে ১৯৬৪ সালে মেলবোর্নে এই কীর্তি গড়েছিলেন পাকিস্তানের কিংবদন্তি হানিফ মোহাম্মদ।

পরিসংখ্যানই বলে দিচ্ছে ইনিংসটি কতটা ঐতিহাসিক। কিন্তু শুধু সংখ্যা দিয়ে তানজিদের এই সেঞ্চুরির মাহাত্ম্য পুরোপুরি বোঝানো সম্ভব নয়। কারণ, প্রতিপক্ষ যে অস্ট্রেলিয়া।

সামনে ছিল এমন এক দানবীয় বোলিং আক্রমণ- যেখানে মিচেল স্টার্ক, প্যাট কামিন্স, জশ হ্যাজলউড ও নাথান লায়নরা মিলে টেস্ট ক্রিকেটে শিকার করেছেন ১ হাজার ৫০০’রও বেশি উইকেট।

উইকেটও ছিল সবুজ। ডারউইনের কন্ডিশন ছিল বাংলাদেশের ব্যাটারদের সহজাত পরিবেশ থেকে সম্পূর্ণ আলাদা। আর সেই পরিস্থিতির সামনে দাঁড়িয়ে ছিলেন তানজিদ হাসান। যিনি ক্যারিয়ারের মাত্র দ্বিতীয় টেস্ট খেলতে নামা এক তরুণ ব্যাটার। যার ব্যাটে তখন লেখা হচ্ছিল ইতিহাস। ১০১ রান, ১৯৭ বল, ৩০৮ মিনিট। তাতে ছিল ৮টি চার ও ১টি ছক্কার মার।

তবে এই সংখ্যাগুলোর মাঝখানে লুকিয়ে থাকা সবচেয়ে গুরুত্বপূর্ণ তথ্যটি হয়তো এটি- প্রায় পাঁচ ঘণ্টার অবিচল প্রতিরোধ। একটি সেঞ্চুরি, যার ভিত ছিল শুধু সংযম।

তানজিদের এই সেঞ্চুরি শুধু ব্যক্তিগত মাইলফলক নয়। এটি বাংলাদেশের অ্যাওয়ে টেস্ট ক্রিকেটেও একটি দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়েছে। দেশের বাইরে বাংলাদেশের হয়ে সর্বশেষ টেস্ট সেঞ্চুরি এসেছিল চার বছর আগে ২০২২ সালে। দক্ষিণ আফ্রিকার ডারবানে মাহমুদুল হাসান জয় করেছিলেন ১৩৭ রানের দুর্দান্ত ইনিংস। তারপর দীর্ঘ অপেক্ষা। অবশেষে ডারউইনে এসে সেই অপেক্ষার ইতি টানলেন তানজিদ। তবে তার ইনিংসের বিশেষত্ব শুধু দীর্ঘ অপেক্ষার অবসানেই নয়। অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের কোনো ব্যাটারের এটি মাত্র দ্বিতীয় টেস্ট সেঞ্চুরি।

এর আগে ২০০৬ সালে ফতুল্লায় অস্ট্রেলিয়ার বিপক্ষে ১৩৮ রান করেছিলেন শাহরিয়ার নাফীস। অর্থাৎ, অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের টেস্ট ইতিহাসের শতকের পাতায় এতদিন ছিল মাত্র একটি নাম। এখন সেখানে যোগ হলো আরেকটি নাম- তানজিদ হাসান তামিম। যিনি দেখিয়ে দিলেন যে, স্বপ্নের কোনো নির্দিষ্ট সীমারেখা নেই।

 





Source link

×
📺

LIVE TV

Live Tv দেখতে নিচের বাটনে ক্লিক করুন।

📺 লাইভ দেখুন
error: Content is protected !!
🔴 LIVE html