ঢাকাTuesday , 15 September 2026
  1. অন্যান্য
  2. আবহাওয়া
  3. খেলা
  4. চাকরি
  5. জীবনযাপন
  6. তথ্যপ্রযুক্তি
  7. প্রেস রিলিজ
  8. বাণিজ্য
  9. বাংলাদেশ
  10. বিনোদন
  11. বিশ্ব
  12. ভিডিও
  13. মতামত
  14. রাজনীতি
  15. শিক্ষা
আজকের সর্বশেষ সবখবর

খুলনায় গুলিতে যুবককে হত্যার ৩ ঘণ্টা পর আরেকজনের গুলিবিদ্ধ লাশ উদ্ধার


August 20, 2026 1:50 am
Link Copied!


খুলনা নগরের লবণচরা থানার আশিবিঘা এলাকায় কয়েক ঘণ্টার ব্যবধানে গুলিতে দুই তরুণ নিহত হয়েছেন। বুধবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে মঞ্জুরুল ইসলাম (২২) নামের এক তরুণকে গুলি ও ছুরিকাঘাত করা হয়। পরে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। রাত সাড়ে ৯টার দিকে একই এলাকায় নাজমুল (১৮) নামের আরেক তরুণের গুলিবিদ্ধ লাশ উদ্ধার করা হয়। তবে তাকে কখন গুলি করা হয়, তা নিশ্চিত হওয়া যায়নি।

নিহত মঞ্জুরুল ইসলাম আশিবিঘা এলাকার খোকন সানার ছেলে। তিনি বাবার সঙ্গে রাজমিস্ত্রির সহকারী হিসেবে কাজ করতেন। নাজমুল একই এলাকার মনির শেখের ছেলে। দুটি ঘটনার মধ্যে কোনও যোগসূত্র রয়েছে কিনা, তা তাৎক্ষণিকভাবে জানাতে পারেনি পুলিশ।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, আশিবিঘা এলাকার একটি ফাঁকা মাঠে নিয়মিত ফুটবল খেলা হয়। বুধবার বিকালে সেখানে ফুটবল খেলা নিয়ে মঞ্জুরুলের সঙ্গে কয়েকজনের কথা কাটাকাটি হয়। খেলা শেষে মঞ্জুরুল তার এক বন্ধুকে নিয়ে আশিবিঘা কালভার্টের পাশে বসেছিলেন। এ সময় কয়েকজন সেখানে গেলে তাদের সঙ্গে মঞ্জুরুলের আবারও কথা কাটাকাটি হয়। একপর্যায়ে দুর্বৃত্তরা মঞ্জুরুলকে গুলি করে এবং ছুরি দিয়ে আঘাত করে। গুরুতর অবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

খুলনা মেট্রোপলিটন পুলিশের সহকারী পুলিশ কমিশনার (খুলনা জোন) মো. শফিকুল ইসলাম বলেন, প্রাথমিকভাবে ফুটবল খেলাকে কেন্দ্র করে ঘটনাটি ঘটেছে বলে জানা যাচ্ছে। তবে শুধু ফুটবল খেলাকে কেন্দ্র করে এ ঘটনা ঘটেছে কিনা, বিষয়টি আরও খতিয়ে দেখা হচ্ছে।

শফিকুল ইসলাম বলেন, ‌‘আশিবিঘা এলাকায় সাইফি গ্রুপ ও রাজু গ্রুপ নামের দুটি সন্ত্রাসী গ্রুপের তৎপরতা ও বিরোধের তথ্য পুলিশের কাছে রয়েছে। মঞ্জুরুল হত্যাকাণ্ডের সঙ্গে কোনও গ্রুপের সম্পৃক্ততা আছে কিনা, সেটিও যাচাই করা হচ্ছে। ঘটনার সময় মঞ্জুরুলের সঙ্গে থাকা তার এক বন্ধুকে পুলিশ খুঁজে পেয়েছে। তার কাছ থেকে ঘটনার বিস্তারিত জানার চেষ্টা চলছে।’

এদিকে বুধবার রাত সাড়ে ৯টার দিকে আশিবিঘা এলাকার আরেক প্রান্ত থেকে নাজমুল (১৮) নামের এক তরুণের গুলিবিদ্ধ লাশ উদ্ধার করা হয়। তার বাবার নাম মনির শেখ। ঘটনাস্থলের পাশ থেকে গুলির খোসাও পাওয়া গেছে।

নাজমুলের বাবা মনির শেখ জানান, বুধবার বিকাল ৪টার দিকে চুল কাটিয়ে বাড়ি ফিরছিল নাজমুল। এ সময় তিন-চার জন মুখোশধারী যুবক তাকে ডেকে নিয়ে যায় বলে তিনি জানতে পারেন। এরপর পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে তাকে খুঁজতে থাকেন। রাত সাড়ে ৯টার দিকে আশিবিঘা এলাকায় গুলিবিদ্ধ একটি লাশ পড়ে থাকার খবর পেয়ে সেখানে গিয়ে তিনি লাশটি নাজমুলের বলে শনাক্ত করেন মনির শেখ।

মনির শেখ বলেন, ‘আমার ছেলে বন্ধুবান্ধবদের সঙ্গে ঘুরে বেড়াতো, এটাই তার অপরাধ। তাকে গুলি করে হত্যা করা হয়েছে। আমি এ ঘটনার বিচার চাই।’

লবণচরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ মোশাররফ হোসেন জানান, নাজমুলের ঘটনায় জড়িত ব্যক্তিদের শনাক্ত ও গ্রেফতারে পুলিশ অভিযান শুরু করেছে।





Source link

×
📺

LIVE TV

Live Tv দেখতে নিচের বাটনে ক্লিক করুন।

📺 লাইভ দেখুন
error: Content is protected !!
🔴 LIVE html