ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় রাজধানীর মগবাজারের আদদ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল করেছে স্বাস্থ্য অধিদফতর। অধিদফতর বলছে, কারণ দর্শানোর নোটিসের জবাব সন্তোষজনক না হওয়ায় ‘‘মেডিক্যাল প্র্যাকটিস এবং প্রাইভেট ক্লিনিক এবং ল্যাবরেটরিজ (রেগুলেশন) অধ্যাদেশ, ১৯৮২ এর ১১(২) (খ) ধারা অনুযায়ী— আপনার হাসপাতালের লাইসেন্স বাতিল করা হলো।’’
বৃহস্পতিবার (১১ জুন) দুপুরে হাসপাতালের সত্বাধিকারীর কাছে এই চিঠি পাঠানো হয় বলে স্বাস্থ্য অধিদফতর নিশ্চিত করেছে। তবে এই সিদ্ধান্তের বিরুদ্ধে আপিলের সুযোগ আছে। হাসপাতালের পক্ষ থেকে জানানো হয়েছে— এই সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে করণীয় দ্রুত জানানো হবে।
স্বাস্থ্য অধিদফতরের চিঠিতে উল্লেখ করা হয়, ডা. শেখ মহিউদ্দিনের মালিকানাধীন প্রতিষ্ঠান আদ্-দ্বীন হাসপাতাল, ২ বড় মগবাজার, ঢাকায় গত ২৭ মে ছয় নবজাতকের আকস্মিক মৃত্যুর ঘটনার প্রেক্ষিতে মেডিক্যাল প্র্যাকটিস এবং প্রাইভেট ক্লিনিক এবং ল্যাবরেটরিজ (রেগুলেশন) অধ্যাদেশ, ১৯৮২ এর ১১(১) ধারা অনুযায়ী গঠিত তদন্ত কমিটির প্রতিবেদনের প্রেক্ষিতে গত ৪ জুন “লাইসেন্স কেন বাতিল করা হবে না” বলে ৭ জুনের মধ্যে জবাব প্রদানের জন্য নির্দেশ প্রদান করা হয়। সে প্রেক্ষিতে গত ৭ জুন আপনার প্রতিষ্ঠান কর্তৃক প্রেরিত চিঠি মোতাবেক কারণ দর্শানোর সময় বৃদ্ধির জন্য আবেদন করলে ৯ জুন পর্যন্ত সময়সীমা বৃদ্ধি করা হয়।
এতে বলা হয়, পরবর্তীকালে ৯ জুন আপনার প্রতিষ্ঠান কর্তৃক পাঠানো চিঠি মোতাবেক যে জবাব ও ব্যাখ্যা প্রদান করা হয়, তা কর্তৃপক্ষের কাছে সন্তোষজনক না হওয়ায় মেডিক্যাল প্র্যাকটিস এবং প্রাইভেট ক্লিনিক এবং ল্যাবরেটরিজ (রেগুলেশন) অধ্যাদেশ, ১৯৮২ এর ১১(২) (খ) ধারা অনুযায়ী আপনার হাসপাতালের লাইসেন্স বাতিল করা হল।
আইন বলছে, উক্ত অধ্যাদেশের ১২ ধারা অনুযায়ী লাইসেন্স বাতিলের পরবর্তী ৩০ দিনের মধ্যে বাতিল আদেশের বিরুদ্ধে সরকারের কাছে আপিল বা পুনর্বিবেচনা করার আইনি সুযোগ রয়েছে।