কক্সবাজারে ‘ইউনিভার্সিটি অব ব্লু ইকোনমি সায়েন্সেস অ্যান্ড টেকনোলজি’ (ইউবিইএসটি) নামে একটি বিশেষায়িত বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার উদ্যোগ নেওয়া হয়েছে। এ বিষয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান শিক্ষা মন্ত্রণালয়কে নির্দেশ দিয়েছেন বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহ উদ্দিন আহমদ।
সোমবার (১৪ সেপ্টেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এ-সংক্রান্ত প্রধানমন্ত্রীর কাছে পাঠানো আধা-সরকারি (ডিও) পত্রটি শেয়ার করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, “আলহামদুলিল্লাহ। কক্সবাজারবাসীর প্রাণের দাবি এবং বাংলাদেশের জন্য সবচেয়ে প্রত্যাশিত ইউনিভার্সিটি অব ব্লু ইকোনমি সায়েন্সেস অ্যান্ড টেকনোলজি (ইউবিইএসটি) নামে বিশেষায়িত বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার জন্য মাননীয় প্রধানমন্ত্রী শিক্ষা মন্ত্রণালয়কে নির্দেশ প্রদান করেছেন।”
প্রধামন্ত্রীর নির্দেশের পর বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনে বিশ্ববিদ্যালয় স্থাপন সংক্রান্ত নথি পাঠিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সদস্য অদ্যাপক ড. আব্দুল্লাহ-আল-মামুন বাংলা ট্রিবিউনকে বলেন, “শিক্ষা মন্ত্রণালয় থেকে নথি পেয়েছি, নির্দেশনা অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।”
এর আগে ১৩ সেপ্টেম্বর প্রধানমন্ত্রীর কাছে পাঠানো ওই ডিও লেটারে স্বরাষ্ট্রমন্ত্রী কক্সবাজারে ইউবিইএসটি প্রতিষ্ঠার প্রয়োজনীয় ব্যবস্থা নিতে অনুরোধ করেন।
ডিও-লেটারে সালাহ উদ্দিন আহমদ বলেন, “বাংলাদেশের বঙ্গোপসাগর ও উপকূলীয় অঞ্চলে বিপুল সম্ভাবনাময় সামুদ্রিক সম্পদকে পূর্ণাঙ্গভাবে কাজে লাগাতে বিশেষায়িত উচ্চশিক্ষা, গবেষণা, ব্যবহারিক প্রশিক্ষণ এবং দক্ষ মানবসম্পদ প্রয়োজন। তবে এ ক্ষেত্রে এখনও যথেষ্ট ঘাটতি রয়েছে। এ প্রেক্ষাপটে কক্সবাজারে ইউবিইএসটি প্রতিষ্ঠা জাতীয় স্বার্থে গুরুত্বপূর্ণ উদ্যোগ হতে পারে।”
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, “একটি পূর্ণাঙ্গ নতুন বিশ্ববিদ্যালয় শূন্য থেকে প্রতিষ্ঠা করতে দীর্ঘ সময়, বিপুল অর্থ ও পৃথক অবকাঠামো প্রয়োজন। তাই কক্সবাজারে অবস্থিত ‘বাংলাদেশ ওশানোগ্রাফিক রিসার্চ ইনস্টিটিউট’ (বিওআরআই)-এর বিদ্যমান অবকাঠামো, ল্যাবরেটরি, গবেষণা-সুবিধা, বৈজ্ঞানিক জনবল, প্রশিক্ষণ পরিবেশ ও উপকূলভিত্তিক গবেষণা কাঠামো ব্যবহার করে ইউবিইএসটির প্রাথমিক একাডেমিক ও ব্যবহারিক কার্যক্রম দ্রুত চালু করা যেতে পারে।”
চিঠিতে বলা হয়, বিওআরআই ইতোমধ্যে কক্সবাজারে একটি জাতীয় সামুদ্রিক গবেষণা প্রতিষ্ঠান হিসেবে প্রতিষ্ঠিত। এর বিদ্যমান সুবিধা ব্যবহার করে বিশ্ববিদ্যালয়টির প্রাথমিক পর্যায়ে সমুদ্রবিজ্ঞান, মৎস্য ও অ্যাকুয়াকালচার, সামুদ্রিক পরিবেশ, উপকূলীয় সম্পদ ব্যবস্থাপনা, ব্লু ইকোনমি, সামুদ্রিক তথ্য, পর্যটন ও হসপিটালিটি-সংশ্লিষ্ট বিষয়ে পাঠদান, গবেষণা, প্রশিক্ষণ ও ইন্টার্নশিপ কার্যক্রম শুরু করা সম্ভব হবে।
এতে দীর্ঘমেয়াদি অবকাঠামো নির্মাণের জন্য অপেক্ষা না করে গবেষণামুখী, ব্যবহারিক ও বাস্তবভিত্তিক একটি বিশ্ববিদ্যালয় দ্রুত চালু করা সম্ভব হবে বলে উল্লেখ করেন স্বরাষ্ট্রমন্ত্রী।
চিঠিতে আরও বলা হয়, এ উদ্যোগ বাস্তবায়িত হলে একদিকে ব্লু ইকোনমি সংক্রান্ত বিদ্যমান জাতীয় গবেষণা অবকাঠামোর সর্বোত্তম ব্যবহার নিশ্চিত হবে, অন্যদিকে দেশের ব্লু ইকোনমি খাতে দক্ষ মানবসম্পদ তৈরির একটি কার্যকর প্রতিষ্ঠান গড়ে উঠবে।
এ অবস্থায় বিওআরআই-এর বিদ্যমান একাডেমিক ও গবেষণা সুবিধার ওপর ভিত্তি করে ইউবিইএসটি নামে বিশেষায়িত বিশ্ববিদ্যালয় স্থাপনের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য প্রধানমন্ত্রীর সানুগ্রহ সম্মতি চান সালাহ উদ্দিন আহমদ।