পতনের ধারা থেকে ঘুরে দাঁড়িয়ে ঊর্ধ্বমুখী হয়েছে দেশের শেয়ারবাজার। সপ্তাহের প্রথম কার্যদিবস রবিবার (২০ সেপ্টেম্বর) বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দাম বেড়েছে। ফলে প্রধান মূল্যসূচক ডিএসইএক্স একদিনে ৬০ পয়েন্ট বেড়েছে। একই সঙ্গে বেড়েছে লেনদেনের পরিমাণ।
এদিন ডিএসইতে ৭৪৭ কোটি ৩৮ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে, যা আগের কার্যদিবসের তুলনায় ৯১ কোটি ৯৬ লাখ টাকা বেশি। গত ১৮ আগস্টের পর এটিই ডিএসইতে সর্বোচ্চ লেনদেন। ওই দিন লেনদেন হয়েছিল ৯৯৮ কোটি ১০ লাখ টাকা। এ নিয়ে টানা চার কার্যদিবস ঊর্ধ্বমুখী থাকলো দেশের প্রধান শেয়ারবাজার।
রবিবার লেনদেনের শুরু থেকেই বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দাম বাড়তে থাকে। এতে সূচকও ঊর্ধ্বমুখী ছিল। দিনের শেষ দিকে দাম বাড়ার প্রবণতা আরও জোরালো হলে বড় উত্থান নিয়েই লেনদেন শেষ হয়। দিন শেষে ডিএসইতে ২৮৭টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দাম বেড়েছে। বিপরীতে দাম কমেছে ৬২টির এবং ৩৯টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দাম অপরিবর্তিত রয়েছে।
এদিন ভালো মৌলভিত্তির বা ১০ শতাংশ ও তার বেশি লভ্যাংশ দেওয়া প্রতিষ্ঠানের মধ্যে ১৫৭টির শেয়ারদর বেড়েছে। বিপরীতে ২৪টির দাম কমেছে এবং ১৫টির দাম অপরিবর্তিত রয়েছে। মাঝারি মানের বা ১০ শতাংশের কম লভ্যাংশ দেওয়া প্রতিষ্ঠানের মধ্যে ৬৩টির শেয়ারদর বেড়েছে। বিপরীতে দাম কমেছে ১১টির।
লভ্যাংশ না দেওয়ায় ‘জেড’ গ্রুপে থাকা কোম্পানিগুলোর মধ্যেও বেশিরভাগের শেয়ারদর বেড়েছে। এ গ্রুপের ৬৭টি প্রতিষ্ঠানের শেয়ারদর বেড়েছে, ২৭টির কমেছে এবং ২৪টির দাম অপরিবর্তিত রয়েছে। এছাড়া ২৭টি মিউচুয়াল ফান্ডের দাম বেড়েছে। অপরিবর্তিত রয়েছে ছয়টির দাম। এদিন কোনো মিউচুয়াল ফান্ডের দাম কমেনি। বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ারদর বাড়ায় ডিএসইর প্রধান মূল্যসূচক ডিএসইএক্স আগের কার্যদিবসের তুলনায় ৬০ পয়েন্ট বেড়ে ৫ হাজার ৫৯২ পয়েন্টে উঠেছে।
অন্য দুই সূচকের মধ্যে ডিএসই-৩০ সূচক ২০ পয়েন্ট বেড়ে ২ হাজার ১২১ পয়েন্টে অবস্থান করছে। আর শরিয়াহভিত্তিক কোম্পানিগুলো নিয়ে গঠিত ডিএসই শরিয়াহ সূচক ১১ পয়েন্ট বেড়ে ১ হাজার ১১৮ পয়েন্টে দাঁড়িয়েছে।
লেনদেনে এগিয়ে ব্যাংক ও আর্থিক খাত
রবিবার ডিএসইতে লেনদেনের শীর্ষে ছিল ইস্টার্ন ব্যাংক। প্রতিষ্ঠানটির ৩৬ কোটি ৯৪ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। লেনদেনের দিক থেকে দ্বিতীয় অবস্থানে ছিল শার্প ইন্ডাস্ট্রিজ। কোম্পানিটির ২৫ কোটি ৮৪ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। ২৩ কোটি ৭ লাখ টাকার শেয়ার লেনদেন করে তৃতীয় অবস্থানে ছিল আইপিডিসি ফাইন্যান্স।
লেনদেনের শীর্ষ ১০ প্রতিষ্ঠানের তালিকায় আরও ছিল প্যারামাউন্ট টেক্সটাইল, বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্স, সায়হাম টেক্সটাইল, এশিয়াটিক ল্যাবরেটরিজ, লাভেলো আইসক্রিম, এনভয় টেক্সটাইল এবং রিলায়েন্স ইন্স্যুরেন্স।
সিএসইতেও বেশিরভাগ শেয়ারের দাম বেড়েছে
অন্য শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) অধিকাংশ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দাম বেড়েছে। দিনটিতে লেনদেনে অংশ নেওয়া ১৯২টি প্রতিষ্ঠানের মধ্যে ১৩৪টির দাম বেড়েছে। বিপরীতে দাম কমেছে ৪১টির এবং ১৭টির দাম অপরিবর্তিত রয়েছে।
এতে সিএসইর সার্বিক মূল্যসূচক সিএএসপিআই ১১৯ পয়েন্ট বেড়েছে। তবে লেনদেনের পরিমাণ কমেছে। দিন শেষে সিএসইতে ১০ কোটি ৯ লাখ টাকার লেনদেন হয়েছে। আগের কার্যদিবসে লেনদেন হয়েছিল ১৭ কোটি ১৪ লাখ টাকা।