গত ২৪ ঘণ্টায় সারাদেশে হামের উপসর্গ নিয়ে আরও ছয় জনের মৃত্যু হয়েছে। রবিবার (২০ সেপ্টেম্বর) সকাল ৮টা থেকে সোমবার (২১ সেপ্টেম্বর) সকাল ৮টার মধ্যে এই মৃত্যুর ঘটনা ঘটে। তবে এ সময়ের মধ্যে নিশ্চিত হামে কারও মৃত্যু হয়নি। একই সময়ের মধ্যে হাম ও হামের উপসর্গে আক্রান্ত হয়েছে ১ হাজার ৩০৫ জন।
স্বাস্থ্য অধিদফতরের সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়, গত ১৫ মার্চ থেকে আজকে পর্যন্ত হামের উপসর্গে দেশে ৯৬২ শিশুর মৃত্যুর হয়েছে। এ সময় হাম শনাক্ত হওয়ার পর মারা গেছে ১০১ শিশু। এ নিয়ে এখন পর্যন্ত হাম ও হামের উপসর্গে শিশুর মৃত্যু ১ হাজার ৬৩ জনে পৌঁছেছে।
স্বাস্থ্য অধিদফতরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে সন্দেহজনক হাম আক্রান্ত রোগীর সংখ্যা ১ হাজার ২২১ জন এবং নিশ্চিত হাম শনাক্ত হয়েছে ৮৪ জনের। মোট ১ হাজার ৩০৫ শিশু হাম ও হামের উপসর্গে আক্রান্ত হয়েছে।
১৫ মার্চ থেকে আজ পর্যন্ত মোট সন্দেহজনক হাম রোগী হাসপাতালে ভর্তি হয়েছে ১ লাখ ৫৯ হাজার ৮০৪ জন। এর মধ্যে এখন পর্যন্ত সুস্থ হয়ে ১ লাখ ৫৩ হাজার ৪৪৮ জন হাসপাতাল ছেড়েছে।
স্বাস্থ্য অধিদফতরের তথ্য মতে, চলতি বছরের ১৫ মার্চ থেকে আজ পর্যন্ত হামের উপসর্গ দেখা দিয়েছে ১ লাখ ৮১ হাজার ৩৫ জনের। এ সময়ের মধ্যে হাম শনাক্ত হয়েছে ২০ হাজার ৬৪৬ জনের।