ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে নিখোঁজের দুই দিন পর পুকুরপাড়ের ঝোপ থেকে এক শিশুর লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (২১ সেপ্টেম্বর) বিকালে উপজেলার একটি গ্রাম থেকে লাশটি উদ্ধার করা হয়।
নিহত শিশুটি (৭) গ্রামের মাদ্রাসায় পড়তো। দুই বোনের মধ্যে সে বড়। তার বাবা ঢাকায় বেকারিতে কাজ করেন। মায়ের সঙ্গে দুই মেয়ে গ্রামে থাকতো।
পুলিশ ও শিশুটির পরিবার সূত্রে জানা যায়, একই গ্রামে ১০ মিনিট হাঁটা দূরত্বে শিশুটির মামার বাড়ি। গত শনিবার সকালে সে মামার বাড়ি থেকে বের হয়। এরপর সে আর বাড়ি ফিরে আসেনি। পরিবারের লোকজন খোঁজাখুঁজি করেন। কিন্তু তাকে পাওয়া যায়নি। পরে তারা থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন।
সোমবার বিকালে গ্রামের বড় বাড়ির পুকুরপাড়ের ঝোপে অর্ধগলিত লাশ দেখতে পান এলাকাবাসী। তারা পুলিশকে খবর দেন। পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়। শিশুটির বাবা জানান, দুর্বৃত্তরা তার মেয়েকে হত্যা করেছে। তিনি এ ঘটনার বিচার চান।
শিশুটির মামা জানিয়েছেন, শনিবার সকাল পৌনে ১০টার দিকে তার ভাগনি বাড়ির উদ্দেশ্যে বের হয়। ১৫ মিনিট পর তার বোন (শিশুটির মা) তাদের বাড়িতে আসেন। তিনি মেয়ের খোঁজ নেন। তখন নিখোঁজের বিষয়টি বোঝা যায়। এরপর তারা সবাই ভাগনির খোঁজ শুরু করেন। এলাকায় মাইকিং, মসজিদে ঘোষণা, ফেসবুকে পোস্ট দেওয়া হয়। পরে থানায় জিডি করা হয়।
শিশুটির মামা আরও বলেন, ‘আজ বিকাল সাড়ে ৩টার দিকে নিজ বাড়ি থেকে দুই মিনিট হাঁটা দূরত্বে তার লাশ পাওয়া যায়। লাশ পচে গেছে। মুখ কালো হয়ে গিয়েছিল। কারও সঙ্গে আমার বোন-ভগ্নিপতির শত্রুতা নেই। কোনও কিছু আমরা ধারণা করতে পারছি না।’
নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোরশেদুল আলম চৌধুরী বলেন, ‘শিশুটির অর্ধগলিত লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া জেলা হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। কীভাবে শিশুটির মৃত্যু হয়েছে, তা এখনও নিশ্চিত করে বলা যাচ্ছে না। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ বলা যাবে।’