রাজধানীর পল্টনে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি-সিপিবির নেতা-কর্মীদের ওপর হামলা এবং দলটির কেন্দ্রীয় কার্যালয় অবরুদ্ধ করার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে গণসংহতি আন্দোলন। একই সঙ্গে প্রতিটি রাজনৈতিক কার্যালয়ের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানায় দলটি।
মঙ্গলবার (২৭ অক্টোবর) যৌথ বিবৃতিতে দলের প্রধান সমন্বয়কারী (ভারপ্রাপ্ত) দেওয়ান আবদুর রশিদ নীলু ও নির্বাহী সমন্বয়কারী আবুল হাসান রুবেল বলেন, অবিলম্বে এই ঘটনার তদন্ত করে হামলায় জড়িত ব্যক্তিদের শনাক্ত এবং তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে হবে। একই সঙ্গে রাজনৈতিক দলের কার্যালয় ও নেতা-কর্মীদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে।
এর আগে সোমবার (২৬ অক্টোবর) রাতে পল্টনের মুক্তি ভবনে হামলা চালায় কতিপয় যুবক। এ ঘটনায় বিএনপির নেতাকর্মীদের দায়ী করে সিপিবি। যদিও বিএনপির পক্ষ থেকে নিজেদের সম্পৃক্ততা অস্বীকার করা হয়েছে।