৯৯ রান নিয়ে প্রথম দিনের খেলা শেষ করেছেন ওপেনার সাদমান ইসলাম। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম টেস্টের প্রথম দিন স্বস্তি নিয়ে মাঠ ছাড়লেও ব্যাটিং কোচ মোহাম্মদ সালাহউদ্দিন নিশ্চিন্ত হতে পারছেন না। মিরপুর টেস্টের প্রথম দিন শেষে বাংলাদেশ ভালো অবস্থানে তাতে সন্দেহ নেই। কিন্তু পাঁচ দিনের লড়াইয়ে যেকোনো সময় নাটকীয় পরিস্থিতি তৈরি হতে পারে বলে সতর্ক করেছেন তিনি।
বুধবার মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম টেস্টের প্রথম দিনে ৭৪ ওভারে ৩ উইকেটে ২১৩ রান করেছে বাংলাদেশ। ৯৯ রানে অপরাজিত আছেন ওপেনার সাদমান ইসলাম। অন্য প্রান্তে ১০ রানে ব্যাট করছেন লিটন দাস। আলোর স্বল্পতায় নির্ধারিত সময়ের বেশ আগেই দিনের খেলা শেষ করেন আম্পায়াররা।
টেস্ট শুরুর আগে উইকেটের আচরণ নিয়ে নানা আলোচনা ছিল। প্রথম দিনেই অবশ্য কিছুটা চমক দেখিয়েছে মিরপুরের পিচ। শুরুতে সিম মুভমেন্ট কাজে লাগিয়ে বাংলাদেশের ব্যাটারদের চাপে ফেলেছিল ওয়েস্ট ইন্ডিজ। অসমান বাউন্সও কাজে লাগিয়েছেন ক্যারিবীয় বোলাররা।
সালাহউদ্দিনও মনে করেন, উইকেটে বোলারদের জন্য সহায়তা রয়েছে। দিনের খেলা শেষে সংবাদ সম্মেলনে তিনি বলেছেন, ‘আমার মনে হয়, এই উইকেটে বোলারদের জন্য কিছু আছে। ঠিক জায়গায় বল করতে পারলে তারা এখান থেকে অনেক সহায়তা পেতে পারে।’
বাংলাদেশের ব্যাটাররা পরিস্থিতির সঙ্গে বেশ ভালোভাবেই মানিয়ে নিয়েছেন বলে মনে করেন কোচ। তবে তার মতে, টপ অর্ডার আরও ভালো করতে পারতো।
সালাহউদ্দিন বলেন, ‘আমার মনে হয়, ব্যাটাররা কন্ডিশন বেশ ভালোভাবে সামলাচ্ছে। যদিও টপ অর্ডার আরেকটু ভালো করতে পারতো। শুরুর সময়টা যদি আমরা ভালোভাবে সামলাতে পারতাম, তাহলে আরও ভালো অবস্থানে থাকতে পারতাম। তবে দিন শেষে তিন উইকেট হারিয়ে এই অবস্থানে থাকাকে আমি ভালোই বলবো। শেষ সেশনে আমরা ভালো করেছি।’
তবে এখানেই নিশ্চিন্ত হয়ে বসে থাকার সুযোগ দেখছেন না সালাহউদ্দিন। তার মতে, দ্বিতীয় দিনের প্রথম সেশন ম্যাচের গতিপথ নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। তিনি বলেন, ‘এই টেস্টে যেকোনো সময় নাটকীয় পরিস্থিতি তৈরি হতে পারে। আগামীকাল আমরা কীভাবে খেলি, দিনটা কীভাবে শুরু করি এবং প্রথম সেশনে কীভাবে ব্যাটিং করি। তার ওপর অনেক কিছুই নির্ভর করবে।’
ক্র্যাম্পের কারণে মাঠ ছাড়া হৃদয় দ্বিতীয় দিন ব্যাট করতে পারবেন বলেও আশাবাদী কোচ। সালাহউদ্দিন জানান, ‘আমার মনে হয়, আগামীকালের মধ্যে সে পুরোপুরি সেরে উঠবে এবং আবার ঠিকভাবে ব্যাট করতে পারবে।’