ঢাকাই সিনেমায় কয়েক দশকের ব্যবধানে একই নামে মুক্তি পেয়েছে একাধিক সিনেমা। কখনও পুরোনো গল্পই নতুন করে পর্দায় এসেছে, কখনও কেবল নামটি এক রেখে তৈরি হয়েছে সম্পূর্ণ নতুন কাহিনী। একসময় যে নামে দর্শক মাতিয়েছেন রাজ্জাক, কবরী কিংবা ফারুক, সেই নামেই পরে পর্দায় এসেছেন এই সময়ের তারকারা।
সিনেমাপ্রেমীদের অনেকেরই অজানা নায়করাজ রাজ্জাক অভিনীত একটি সিনেমার নামেই কিং খানের একটি সিনেমার নামকরণ করা হয়েছে।
করোনা পরবর্তী সেই সিনেমা শাকিব খানের ক্যারিয়ারকে অন্য পর্যায়ে নিয়ে গেছে। ঢাকাই সিনেমার দর্শক তাকে নতুনভাবে চিনতে শুরু করেন। বলছি অভিনেতার ‘প্রিয়তমা’ সিনেমার কথা।
১৯৭৩ সালে মুক্তি পায় অশোক ঘোষ পরিচালিত ‘প্রিয়তমা’। এতে অভিনয় করেন নায়করাজ রাজ্জাক ও ববিতা। প্রায় ৫০ বছর পর, ২০২৩ সালে একই নামে মুক্তি পায় হিমেল আশরাফ পরিচালিত আরেকটি সিনেমা। এতে অভিনয় করেন শাকিব খান ও ইধিকা পাল। নাম এক হলেও দুই সিনেমার সময়কাল ও অভিনয়শিল্পীরা ভিন্ন।
১৯৭৩ সালের এই সিনেমায় খুরশীদ আলমের গাওয়া ‘আমার এই কলজেটায় চাক্কু মেরে’ গানটি রাজ্জাকের ঠোঁটে দারুণ জনপ্রিয়তা পায়। একই রকম ২০২৩ সালে ‘প্রিয়তমা’ সিনেমায় ‘ইশ্বর’ গানটি দারুণ প্রশংসা কুড়ায়।