প্রয়াত নায়ক সালমান শাহ ও শাবনূর অভিনীত আলোচিত সিনেমা ‘আনন্দ অশ্রু’। শিবলি সাদিক পরিচালিত এ সিনেমাটি ১৯৯৭ সালের ১ আগস্ট মুক্তি পায়। সে সময় সিনেমাটি ব্যাপক সাফল্য পেয়েছিল। এর গানগুলোও আজও দর্শকের মনে জায়গা করে আছে।
একই নামে এবার নতুন সিনেমা নিয়ে আসছেন মাহিয়া মাহি ও সাইমন সাদিক। এটি নির্মাণ করেছেন ‘দুই নয়নের আলো’ সিনেমার নির্মাতা মোস্তাফিজুর রহমান মানিক।
সামাজিক যোগাযোগমাধ্যমে সিনেমাটির একটি লুক প্রকাশ করে মুক্তির তারিখ জানান নির্মাতা। আগামী ১৩ নভেম্বর মুক্তি দেবেন সিনেমাটি। এটি মোস্তাফিজুর রহমান মানিকের পরিচালিত ১২তম সিনেমা।
নির্মাতা বলেন, ‘সেন্সরসহ সিনেমাটির যাবতীয় কাজ দুই বছর আগেই সম্পন্ন হয়েছে। মুক্তির জন্য ভালো সময় খুঁজতে খুঁজতে দুই বছর লেগে গেল। অবশেষে ১৩ নভেম্বর সিনেমাটি মুক্তি দিচ্ছি।’
নতুন সিনেমাটি নিয়ে মানিক স্পষ্ট করে জানান, এটি সালমান শাহ ও শাবনূর অভিনীত ‘আনন্দ অশ্রু’র সিক্যুয়েল নয়। সম্পূর্ণ মৌলিক ও আলাদা গল্পে নির্মিত হয়েছে এটি। তার ভাষায়, এটি একটি ‘আউট অ্যান্ড আউট রোমান্টিক’ সিনেমা।
এর আগে, সাইমন সাদিক ও মাহিয়া মাহিকে নিয়ে ‘জান্নাত’ নির্মাণ করেছিলেন মানিক। ২০১৮ সালে মুক্তি পাওয়া ওই সিনেমায় অভিনয়ের জন্য জাতীয় চলচ্চিত্র পুরস্কারে শ্রেষ্ঠ অভিনেতার পুরস্কার পান সাইমন সাদিক।
‘আনন্দ অশ্রু’ প্রসঙ্গে মানিক বলেন, ‘জান্নাত’-এর পর সাইমন-মাহিকে নিয়ে এটি আমার দ্বিতীয় সিনেমা। তবে আগের ‘আনন্দ অশ্রু’র গল্পের সঙ্গে এই সিনেমার গল্পের কোনও মিল নেই। সম্পূর্ণ আলাদা গল্পে নির্মাণ করেছি। নামের ওজন আছে, তবে চাপ নেই। চেষ্টা করেছি ভালো একটি সিনেমা বানাতে। বাকিটা দর্শক দেখে তাদের মতামত জানাবেন।
এ সিনেমাতে আরও অভিনয় করেছেন শহীদুজ্জামান সেলিম, আলীরাজ, সুজাতা, নাসরিন ও চিকন আলী। বিশেষ চরিত্রে অভিনয় করেছেন জয় চৌধুরী।