দেশে প্রথমবারের মতো আয়োজন করা হলো ‘বাংলাদেশ ফর্মুলা স্টুডেন্ট অ্যান্ড অটোমোটিভ ইঞ্জিনিয়ারিং সামিট ২০২৬’।
বৃহস্পতিবার (২৫ জুন) মিরপুর সেনানিবাসে মিলিটারি ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি (এমআইএসটি) প্রাঙ্গণে দিনব্যাপী এ অনুষ্ঠান হয়।
এমআইএসটির শিক্ষার্থীভিত্তিক ফর্মুলা স্টুডেন্ট দল ‘এমআইএসটি ব্লিটজ’ এবং বাংলাদেশ ফর্মুলা স্টুডেন্ট কমিউনিটি যৌথভাবে এ সামিটের আয়োজন করে। অনুষ্ঠানে প্রায় ২,৫০০-এর বেশি অতিথি ও দর্শনার্থী অংশগ্রহণ করেন।
এটি ছিল বাংলাদেশের প্রথম জাতীয় পর্যায়ের এ ধরনের ইভেন্ট, যেখানে শিক্ষার্থী, প্রকৌশলী, অটোমোবাইল শিল্পের পেশাজীবী এবং নীতিনির্ধারকরা অংশ নেন। এই আয়োজন দেশের অটোমোবাইল কমিউনিটির মধ্যে পারস্পরিক সহযোগিতা ও সংযোগ আরও শক্তিশালী করবে বলে আয়োজকরা আশা প্রকাশ করেছেন।
শিক্ষার্থী, প্রকৌশলী, গবেষক, শিল্পসংশ্লিষ্ট ব্যক্তিবর্গ এবং নীতিনির্ধারকদের একই প্ল্যাটফর্মে নিয়ে এসে দেশের অটোমোটিভ ইঞ্জিনিয়ারিং খাতের উন্নয়ন ত্বরান্বিত করা এবং একাডেমিক ও শিল্পের মধ্যে টেকসই সহযোগিতা গড়ে তোলাই সামিটের মূল উদ্দেশ্য।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন লেফটেন্যান্ট জেনারেল মীর মুশফিকুর রহমান। প্রধান পৃষ্ঠপোষক হিসেবে উপস্থিত ছিলেন মেজর জেনারেল মো. হাকিমুজ্জামান। অনুষ্ঠানটির আয়োজক কমিটির চেয়ারম্যান হিসেবে ছিলেন ব্রিগেডিয়ার জেনারেল মুহাম্মদ শরীফুল ইসলাম।
অনুষ্ঠানে বিশেষজ্ঞদের পরিচালনায় অটোমোটিভ ও ফর্মুলা স্টুডেন্ট ইঞ্জিনিয়ারিংয়ের ওপর টেকনিক্যাল সেশন এবং দেশের অটোমোটিভ ও ওইএম খাতের উন্নয়ন সংক্রান্ত ফর্মুলা স্টুডেন্ট কমিউনিটি, ইন্ডাস্ট্রি প্রফেশনাল ও কর্মকর্তাদের অংশগ্রহণে আলোচনা হয়।
শিক্ষার্থীদের অংশগ্রহণে ফর্মুলা ফিউচার বিজনেস কেস প্রতিযোগিতা, আইসি ইঞ্জিন মাস্টারক্লাস ও কুইজ, ফর্মুলা স্টুডেন্ট কনসেপ্ট কার চ্যালেঞ্জ, ক্যাড ডিজাইন প্রতিযোগিতা এবং পোস্টার প্রেজেন্টেশন করা হয়।
এছাড়া দর্শনার্থীদের জন্যে আকর্ষণ হিসেবে ছিল কার শো, গো-কার্ট রেসিং, সিমুলেটর রেসিং। এর মধ্যে বিশেষ আকর্ষণ ছিল ‘কার শো’, যেখানে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের তৈরি ফর্মুলা স্টুডেন্ট রেসিং কারের পাশাপাশি স্বনামধন্য ব্র্যান্ড ও সংগ্রাহকদের হাই-পারফরম্যান্স গাড়ি প্রদর্শিত হয়।
মূল আয়োজনের পূর্বে ‘ট্র্যাকটক ২০২৬’ শীর্ষক একটি অনলাইন ওয়েবিনার অনুষ্ঠিত হয়, যেখানে ফর্মুলা স্টুডেন্ট, ফর্মুলা ওয়ান ও হাই-পারফরম্যান্স গাড়ি উন্নয়নে অভিজ্ঞ দেশি-বিদেশি অটোমোবাইল ইন্ডাস্ট্রি প্রফেশনালরা শিক্ষার্থীদের সঙ্গে তাদের অভিজ্ঞতা বিনিময় করেন।
এমআইএসটি প্রাঙ্গণে অনুষ্ঠিত এই ইভেন্ট বাংলাদেশের অটোমোবাইল ইঞ্জিনিয়ারিং বিভাগে এবং বাংলাদেশে ফর্মুলা স্টুডেন্ট প্রতিযোগিতাকে এগিয়ে নিয়ে যেতে উল্লেখযোগ্য ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।