ঢাকাSunday , 13 September 2026
  1. অন্যান্য
  2. আবহাওয়া
  3. খেলা
  4. চাকরি
  5. জীবনযাপন
  6. তথ্যপ্রযুক্তি
  7. প্রেস রিলিজ
  8. বাণিজ্য
  9. বাংলাদেশ
  10. বিনোদন
  11. বিশ্ব
  12. ভিডিও
  13. মতামত
  14. রাজনীতি
  15. শিক্ষা
আজকের সর্বশেষ সবখবর

আজও দেশের বিভিন্ন স্থানে বৃষ্টির পূর্বাভাস, ব্রহ্মপুত্রের অববাহিকায় বন্যার শঙ্কা

UttorbongoBD
July 1, 2026 8:15 am
Link Copied!


দেশের বিভিন্ন স্থানে আজ বুধবার (১ জুলাই) দমকা হাওয়া ও বিদ্যুৎ চমকানোসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। একই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে বলে পূর্বাভাস দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদফতর। এদিকে, আগামী ২৪ থেকে ৪৮ ঘণ্টায় ব্রহ্মপুত্র অববাহিকার নিচু এলাকাগুলোতে স্বল্পমেয়াদি বন্যা পরিস্থিতি তৈরি হওয়ার আশঙ্কার কথা জানিয়েছে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড (পাউবো)।

মঙ্গলবার (৩০ জুন) সন্ধ্যায় আবহাওয়া অধিদফতরের ১২০ ঘণ্টার পূর্বাভাস এবং পাউবোর বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের বুলেটিনে এসব তথ্য জানানো হয়েছে।

আবহাওয়া অধিদফতরের পূর্বাভাসে বলা হয়েছে, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা ও বরিশাল বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া ও বিদ্যুৎ চমকানোসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। একই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে।

এতে আরও বলা হয়েছে, আজ সারা দেশে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। তবে রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে।

সিনপটিক অবস্থায় আবহাওয়া অধিদফতর জানিয়েছে, মৌসুমি বায়ুর অক্ষের বর্ধিতাংশ উত্তর প্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের দক্ষিণাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। এর একটি বর্ধিতাংশ উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত। মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরের অন্যত্র মাঝারি অবস্থায় রয়েছে।

এদিকে, পাউবোর বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় ব্রহ্মপুত্র ও যমুনা নদীর পানির স্তর বেড়েছে এবং আগামী পাঁচ দিন এ ধারা অব্যাহত থাকতে পারে। আগামী তৃতীয় থেকে পঞ্চম দিন (৩ থেকে ৫ জুলাই) কুড়িগ্রাম, গাইবান্ধা, জামালপুর ও বগুড়া জেলায় ব্রহ্মপুত্র ও যমুনা নদীর পানি সতর্কীকরণ স্তরে পৌঁছাতে পারে। এতে নদীতীরবর্তী নিচু এলাকার কোথাও কোথাও প্লাবিত হওয়ার আশঙ্কা রয়েছে।

এ ছাড়া আগামী ২৪ ঘণ্টায় রংপুর বিভাগ এবং ভারতের পশ্চিমবঙ্গ, আসাম, অরুণাচল প্রদেশ ও মেঘালয়সহ সংলগ্ন উজান অঞ্চলে ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। এরপরের চার দিন মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হতে পারে।

পাউবো বলছে, ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের কারণে আগামী ২৪ থেকে ৪৮ ঘণ্টার মধ্যে ব্রহ্মপুত্র অববাহিকার নিচু এলাকায় স্বল্পমেয়াদি বন্যা পরিস্থিতি সৃষ্টি হতে পারে। নীলফামারী, লালমনিরহাট, রংপুর ও গাইবান্ধার প্লাবনভূমি এবং নিচু এলাকা সাময়িকভাবে প্লাবিত হতে পারে। একই সময়ে দুধকুমার নদী-সংলগ্ন নিচু এলাকাগুলোতে বন্যা পরিস্থিতির অবনতি হওয়ার আশঙ্কা রয়েছে।

মঙ্গলবার বিকেল ৩টায় কুড়িগ্রামের পাটেশ্বরী পয়েন্টে দুধকুমার নদীর পানি বিপদসীমার ১১ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছিল। তবে তিস্তা, ধরলা, ব্রহ্মপুত্র ও যমুনাসহ অন্যান্য নদ-নদীর পানি বিভিন্ন পয়েন্টে এখনও বিপদসীমার নিচে রয়েছে।

বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের রংপুর সার্কেলের সুপারিনটেন্ডিং ইঞ্জিনিয়ার মো. আহসান হাবিব বলেন, আগামী তিন থেকে চার দিন ব্রহ্মপুত্র অববাহিকায় ভারী বৃষ্টিপাত অব্যাহত থাকলে স্বল্পমেয়াদি বন্যার সম্ভাবনা রয়েছে। তবে আগামী কয়েক দিনে বড় ধরনের বন্যার কোনও পূর্বাভাস নেই।

আবহাওয়া অধিদফতর পাঁচ দিনের পূর্বাভাসে আরও জানিয়েছে, দেশের বিভিন্ন স্থানে বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে এবং বর্ধিত পাঁচ দিনে বৃষ্টিপাতের প্রবণতা আরও বাড়তে পারে।





Source link

×
📺

LIVE TV

Live Tv দেখতে নিচের বাটনে ক্লিক করুন।

📺 লাইভ দেখুন
error: Content is protected !!
🔴 LIVE html