ঢাকাMonday , 6 July 2026
  1. অন্যান্য
  2. আবহাওয়া
  3. খেলা
  4. চাকরি
  5. জীবনযাপন
  6. তথ্যপ্রযুক্তি
  7. প্রেস রিলিজ
  8. বাণিজ্য
  9. বাংলাদেশ
  10. বিনোদন
  11. বিশ্ব
  12. ভিডিও
  13. মতামত
  14. রাজনীতি
  15. শিক্ষা
আজকের সর্বশেষ সবখবর

বাংলাদেশ এখন আঞ্চলিক শিল্প ও বিনিয়োগের গুরুত্বপূর্ণ কেন্দ্র: বেজা চেয়ারম্যান


July 5, 2026 7:45 pm
Link Copied!


বাংলাদেশ এখন শুধু উৎপাদনের গন্তব্য নয়, বরং আঞ্চলিক শিল্পায়ন ও বিনিয়োগের একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র হিসেবে দ্রুত এগিয়ে যাচ্ছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের (বেজা) নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন।

তিনি বলেন, জাতীয় বিশেষ অর্থনৈতিক অঞ্চলে দেশীয় শিল্পগোষ্ঠীর নতুন বিনিয়োগ বেজার প্রতি বিনিয়োগকারীদের আস্থার প্রতিফলন। বেজার লক্ষ্য শুধু জমি বরাদ্দ দেওয়া নয়, বরং বিনিয়োগকারীরা যাতে দ্রুত শিল্প স্থাপন, উৎপাদন শুরু এবং রফতানিমুখী শিল্প বিকাশে এগিয়ে যেতে পারেন, সেজন্য প্রয়োজনীয় সব ধরনের সহায়তা নিশ্চিত করা।

রবিবার (৫ জুলাই) রাজধানীতে বেজার সম্মেলন কক্ষে গোল্ডেন অয়েল মিলস লিমিটেড ও ডেল্টা এপিআই লিমিটেডের সঙ্গে ভূমি লিজ (ল্যান্ড লিজ অ্যাগ্রিমেন্ট) চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন বলেন, অর্থনৈতিক অঞ্চলগুলোতে কিছু সমস্যা ও চ্যালেঞ্জ রয়েছে। তবে এসব চ্যালেঞ্জ মোকাবিলায় সরকার অঙ্গীকারাবদ্ধ এবং বিনিয়োগবান্ধব পরিবেশ নিশ্চিত করতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে।

অনুষ্ঠানে বেজার সঙ্গে স্বাক্ষরিত দুই চুক্তির আওতায় জাতীয় বিশেষ অর্থনৈতিক অঞ্চলে মোট প্রায় ৬৫ দশমিক ১০ মিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগ হবে। এর মাধ্যমে প্রায় ৬ হাজার ২০০ জনের নতুন কর্মসংস্থান সৃষ্টি হবে।

চুক্তি অনুযায়ী, গোল্ডেন অয়েল মিলস লিমিটেড ২০ একর জমিতে প্রায় ৫২ দশমিক ৮০ মিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগ করবে। প্রতিষ্ঠানটি খাদ্য ও কৃষিভিত্তিক পণ্য, ফ্রোজেন ফুড, আইসক্রিম, বিশেষায়িত তেল ও ফ্যাট, প্যাকেজিং, ব্যাকওয়ার্ড ইন্টিগ্রেশন এবং প্রযুক্তিনির্ভর ইলেকট্রনিকস উৎপাদনে শিল্প স্থাপন করবে। এ প্রকল্পে প্রায় ৬ হাজার মানুষের কর্মসংস্থান হবে। গোল্ডেন অয়েল মিলস দেশের সুপরিচিত গোল্ডেন গ্রুপের অঙ্গপ্রতিষ্ঠান এবং স্যাভয় আইসক্রিমের স্বত্বাধিকারী।

অপরদিকে, ডেল্টা এপিআই লিমিটেড ১২ একর জমিতে প্রায় ১২ দশমিক ৩০ মিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগ করে অ্যাকটিভ ফার্মাসিউটিক্যাল ইনগ্রেডিয়েন্টস (এপিআই) উৎপাদন কারখানা স্থাপন করবে। এ প্রকল্পে প্রায় ২০০ জনের কর্মসংস্থান হবে। একই অর্থনৈতিক অঞ্চলে প্রতিষ্ঠানটি আরও ৩০ একর জমি লিজ নিয়েছে, যার হস্তান্তর ইতোমধ্যে সম্পন্ন হয়েছে। সেখানে শিল্প স্থাপনের প্রয়োজনীয় অনুমোদন প্রক্রিয়া চলমান রয়েছে।

অনুষ্ঠানে বেজার নির্বাহী সদস্য (ইনভেস্টমেন্ট প্রমোশন) সালেহ আহমদ বলেন, দেশের অর্থনৈতিক অঞ্চলগুলোতে দেশি-বিদেশি বিনিয়োগকারীদের আগ্রহ ধারাবাহিকভাবে বাড়ছে। দ্রুত ও বিনিয়োগবান্ধব সেবা নিশ্চিত করতে বেজা কাজ করছে, যাতে বিনিয়োগকারীরা স্বল্প সময়ের মধ্যে শিল্প স্থাপন ও উৎপাদন কার্যক্রম শুরু করতে পারেন।

গোল্ডেন অয়েল মিলস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক নিয়াজ আহমেদ বলেন, জাতীয় বিশেষ অর্থনৈতিক অঞ্চলে বিনিয়োগের মাধ্যমে তারা উৎপাদন সক্ষমতা বাড়ানোর পাশাপাশি আধুনিক প্রযুক্তিনির্ভর শিল্পায়ন, কর্মসংস্থান সৃষ্টি এবং দেশের খাদ্য ও উৎপাদন খাতকে আরও শক্তিশালী করতে চান। তিনি অর্থনৈতিক অঞ্চলে নিরাপত্তা ব্যবস্থা, ইউটিলিটি সেবা ও শ্রমিক আবাসনের উন্নয়নে দ্রুত উদ্যোগ নেওয়ার আহ্বান জানান।

ডেল্টা এপিআই লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মো. জাকির হোসেন বলেন, দেশে ওষুধ শিল্পের কাঁচামাল উৎপাদনে আত্মনির্ভরতা অর্জনের লক্ষ্যেই তারা এই বিনিয়োগ করছেন। তিনি শ্রমিক আবাসনের জন্য প্রয়োজন হলে জমি লিজের ব্যবস্থা চালুরও অনুরোধ জানান।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে গোল্ডেন অয়েল মিলস লিমিটেডের পক্ষে ব্যবস্থাপনা পরিচালক নিয়াজ আহমেদ, ডেল্টা এপিআই লিমিটেডের পক্ষে ব্যবস্থাপনা পরিচালক মো. জাকির হোসেন এবং বেজার পক্ষে নির্বাহী সদস্য সালেহ আহমদ ভূমি লিজ চুক্তিতে স্বাক্ষর করেন। অনুষ্ঠানে দুই প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তা ও বেজার কর্মকর্তারা উপস্থিত ছিলেন।





Source link

×

FIFA World Cup Live

FIFA World Cup সরাসরি দেখতে নিচের বাটনে ক্লিক করুন।

📺 লাইভ দেখুন
error: Content is protected !!
🔴 LIVE html