দেশে আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষী দিবস পালিত হচ্ছে আজ। দিবসটি উপলক্ষে বুধবার (১০ জুন) বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে। এর মধ্যে রয়েছে বিশ্ব শান্তিরক্ষায় জীবন উৎসর্গকারী ও আহত শান্তিরক্ষীদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপনসহ নানা কার্যক্রম।
মঙ্গলবার (৯ জুন) পুলিশ সদর দফতর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, দিবসটির তাৎপর্য ও গুরুত্ব তুলে ধরে জাতীয় দৈনিক পত্রিকাগুলোতে বিশেষ ক্রোড়পত্র প্রকাশ করা হয়েছে। সরকারি-বেসরকারি টেলিভিশন চ্যানেল এবং বাংলাদেশ বেতারে বিশেষ আলোচনা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
বাংলাদেশ পুলিশ জাতিসংঘ শান্তিরক্ষা কার্যক্রমের গর্বিত অংশীদার উল্লেখ করে বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ১৯৮৯ সালে নামিবিয়া মিশনের মাধ্যমে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশ পুলিশের পদযাত্রা শুরু হয়।
সেই থেকে এ পর্যন্ত বাংলাদেশ পুলিশের ১ হাজার ৯২৮ জন নারী পুলিশসহ মোট ২১ হাজার ৮২৮ জন শান্তিরক্ষী ২৫টি দেশে ২৭টি শান্তিরক্ষা মিশনে পেশাদারিত্ব ও সুনামের সঙ্গে দায়িত্ব পালন করে বিশ্ব শান্তিরক্ষায় অনন্য অবদান রেখেছেন। বর্তমানে হাইতিতে দ্রুততম সময়ের মধ্যে বাংলাদেশ পুলিশের ৫২৫ সদস্য শান্তিরক্ষা কার্যক্রমে নিয়োজিত হবেন।
বর্তমানে বাংলাদেশ পুলিশের ৮ জন নারীসহ ৩৭ জন পুলিশ কর্মকর্তা ইউএনপোল ও ইউএন জবে নিয়োজিত রয়েছেন। ২০০০ সাল থেকে নারী সদস্যরা জাতিসংঘ শান্তিরক্ষা কার্যক্রমে অংশগ্রহণ করছেন।
জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে দায়িত্ব পালনকালে বাংলাদেশ পুলিশের ২৫ জন সদস্য মারা গেছেন এবং ১৫ জন আহত হয়েছেন।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, বাংলাদেশ পুলিশের শান্তিরক্ষীরা নানা প্রতিকূলতা জয় করে দায়িত্ব পালন করেছেন। তারা স্থানীয় জনগণের আস্থা অর্জন করেছেন এবং আফ্রিকা ও ইউরোপের যুদ্ধবিধ্বস্ত দেশগুলোতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন।
উল্লেখ্য, প্রতিবছর ২৯ মে আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষী দিবস পালিত হয়। এ বছর ওই দিন সরকারি ছুটি থাকায় দিবসটি ১০ জুন পালন করা হচ্ছে।