ঢাকাWednesday , 16 September 2026
  1. অন্যান্য
  2. আবহাওয়া
  3. খেলা
  4. চাকরি
  5. জীবনযাপন
  6. তথ্যপ্রযুক্তি
  7. প্রেস রিলিজ
  8. বাণিজ্য
  9. বাংলাদেশ
  10. বিনোদন
  11. বিশ্ব
  12. ভিডিও
  13. মতামত
  14. রাজনীতি
  15. শিক্ষা
আজকের সর্বশেষ সবখবর

একই ফ্লাইট নম্বরে আকাশে দুই উড়োজাহাজ, ভয়াবহ দুর্ঘটনা থেকে অল্পের জন্য রক্ষা


August 15, 2026 3:30 pm
Link Copied!


যুক্তরাষ্ট্রের ফিনিক্সে একই ফ্লাইট নম্বর নিয়ে আকাশে থাকা দুটি আমেরিকান এয়ারলাইনসের উড়োজাহাজ অল্পের জন্য সংঘর্ষ এড়িয়েছে। সময়মতো বিষয়টি শনাক্ত করে দ্রুত ব্যবস্থা নেওয়ায় সম্ভাব্য ভয়াবহ দুর্ঘটনা থেকে রক্ষা পান দুই বিমানের যাত্রীরা।

ঘটনাটি ঘটে শুক্রবার মধ্যরাতের কিছু পর ফিনিক্স স্কাই হারবার আন্তর্জাতিক বিমানবন্দরের আকাশসীমায়। একই সময়ে দুটি উড়োজাহাজ আমেরিকান এয়ারলাইনস ফ্লাইট ২৪৮২ হিসেবে পরিচালিত হচ্ছিল। একটি বিমান শিকাগো থেকে ফিনিক্সে অবতরণ করছিল, অন্যটি ফিনিক্স থেকে শিকাগোর উদ্দেশে উড্ডয়ন করেছিল।

সাধারণত শিকাগো-ফিনিক্স রুটে একই ফ্লাইট নম্বরের যাওয়া ও ফেরার ফ্লাইট ভিন্ন সময়ে পরিচালিত হয়। কিন্তু আবহাওয়ার কারণে শিকাগো থেকে আসা ফ্লাইটটি বিলম্বিত হওয়ায় দুই বিমান একই সময়ে আকাশে চলে আসে। ফিনিক্স থেকে শিকাগোগামী আরেকটি বিমান নির্ধারিত সময়েই উড্ডয়ন করেছিল। ফলে অল্প সময়ের জন্য দুটি বিমান একই আকাশসীমায় চলে আসে।

বিষয়টি বুঝতে পেরে ফিনিক্সের এয়ার ট্রাফিক কন্ট্রোলার দ্রুত দুই বিমানকে আলাদা করে শনাক্ত করার ব্যবস্থা করেন। রেডিও যোগাযোগে তিনি একটি বিমানকে ‘অ্যামেরিকনা ২৪৮২ অন দ্য অ্যারাইভাল’ এবং অন্যটিকে ‘আমেরিকান ২৪৮২ অন দ্য ডিপার্টচার’ বলে নির্দেশ দিতে শুরু করেন। এতে পাইলটরা বুঝতে পারেন কোন নির্দেশ কোন বিমানের জন্য দেওয়া হচ্ছে।

নিয়ন্ত্রক অবতরণরত বিমানটিকে উড্ডয়নরত বিমানের ওপর নিরাপদ উচ্চতায় রাখেন। একইসঙ্গে ফিনিক্স থেকে ছেড়ে যাওয়া বিমানটিকে বেশি ওপরে না ওঠার নির্দেশ দেন, যাতে দুই বিমানের মধ্যে প্রয়োজনীয় উল্লম্ব দূরত্ব বজায় থাকে। পাইলটদের একে অপরের বিমান দেখার সুযোগও করে দেওয়া হয়।

ফ্লাইট দুটি নিরাপদে একে অপরকে অতিক্রম করার পর অবতরণরত বিমানের পাইলট এয়ার ট্রাফিক কন্ট্রোলারকে তার দক্ষতার জন্য প্রশংসা করেন। জবাবে নিয়ন্ত্রক বলেন, পরিস্থিতি ভয়াবহ হতে পারতো, তবে শেষ পর্যন্ত সবকিছু ঠিকঠাক হয়েছে।

প্রায় ২৫ বছরের অভিজ্ঞ ওই এয়ার ট্রাফিক কন্ট্রোলার জানান, একই কলসাইন নিয়ে দুটি বিমানকে প্রায় একই জায়গায় আসতে দেখার ঘটনা তিনি আগে কখনও দেখেননি। এ ধরনের ভুল অত্যন্ত বিরল বলেও জানিয়েছেন বিমান চলাচল বিশেষজ্ঞরা।

বিমান চলাচল নিরাপত্তা বিশেষজ্ঞ স্টিভ অ্যারোইর মতে, সম্ভবত এয়ারলাইনটির ডিসপ্যাচ সেন্টারে কেউ খেয়াল করেননি যে দুটি একই ফ্লাইট নম্বরের বিমান একই সময়ে আকাশে থাকবে। তিনি বলেন, এমন ভুল হওয়া উচিত নয়। তবে এ ঘটনায় এয়ার ট্রাফিক কন্ট্রোল ব্যবস্থা ও সংশ্লিষ্টদের দ্রুত পদক্ষেপ পরিস্থিতি সামাল দিতে সক্ষম হয়েছে।

ঘটনার বিষয়ে তদন্ত শুরু করেছে যুক্তরাষ্ট্রের ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন (এফএএ) ও আমেরিকান এয়ারলাইনস। এয়ারলাইনটি জানিয়েছে, এয়ার ট্রাফিক কন্ট্রোলার ও পাইলটদের সতর্কতা এবং পেশাদারিত্বের কারণে প্রয়োজনীয় নিরাপদ দূরত্ব সবসময় বজায় ছিল এবং দুই ফ্লাইটই কোনো দুর্ঘটনা ছাড়াই নিরাপদে চলাচল করেছে।

ঘটনাটি বিমান চলাচলে সঠিক ফ্লাইট নম্বর ও কলসাইন ব্যবস্থাপনার গুরুত্বও নতুন করে সামনে এনেছে। কারণ একই সময়ে একই কলসাইন ব্যবহার করা হলে এয়ার ট্রাফিক কন্ট্রোলারের নির্দেশনা নিয়ে বিভ্রান্তি তৈরি হতে পারে, যা গুরুতর নিরাপত্তাঝুঁকিতে পরিণত হওয়ার আশঙ্কা থাকে।





Source link

×
📺

LIVE TV

Live Tv দেখতে নিচের বাটনে ক্লিক করুন।

📺 লাইভ দেখুন
error: Content is protected !!
🔴 LIVE html