ঢাকাMonday , 14 September 2026
  1. অন্যান্য
  2. আবহাওয়া
  3. খেলা
  4. চাকরি
  5. জীবনযাপন
  6. তথ্যপ্রযুক্তি
  7. প্রেস রিলিজ
  8. বাণিজ্য
  9. বাংলাদেশ
  10. বিনোদন
  11. বিশ্ব
  12. ভিডিও
  13. মতামত
  14. রাজনীতি
  15. শিক্ষা
আজকের সর্বশেষ সবখবর

চাঁদপুরে স্বর্ণ ব্যবসায়ী সপরিবারে নিখোঁজ নাকি আত্মগোপনে?


August 26, 2026 7:15 pm
Link Copied!


লোকজনের কাছ থেকে বন্ধক রাখা স্বর্ণ ফেরত দিতে না পারার অভিযোগের মধ্যে চাঁদপুর শহরের একটি জুয়েলারি প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী ও তার পরিবারের সদস্যদের খুঁজে পাওয়া যাচ্ছে না বলে জানিয়েছেন স্থানীয় লোকজন। গত ২০ আগস্ট থেকে তাদের খুঁজে পাওয়া যাচ্ছে না বলে অভিযোগ স্বজনদের।

তারা হলেন- চাঁদপুর শহরের আখন্দ মার্কেটের নিচতলায় অবস্থিত ‘এস কে শিল্পালয়ের’ স্বত্বাধিকারী পিন্টু দাস, তার স্ত্রী রিমি দাস এবং তাদের দুই ছেলে দশম শ্রেণির শিক্ষার্থী প্রিয়ম দাস ও রুপম দাস।

স্থানীয় লোকজন বলছেন, স্থানীয় অনেক লোকজনের বন্ধক রাখা স্বর্ণালংকার নিয়ে উধাও হয়ে গেছেন পিন্টু দাস ও তার পরিবারের সদস্যরা। এ নিয়ে স্বর্ণ বন্ধক রাখা ব্যক্তিদের মধ্যে উদ্বেগ ও উৎকণ্ঠা দেখা দিয়েছে।

তবে পুলিশ বলছে, পিন্টু দাস ও তার পরিবারের সদস্যরা নিখোঁজ নাকি আত্মগোপনে রয়েছেন, তা এখনও নিশ্চিত হওয়া যায়নি। তাদের খুঁজে বের করার চেষ্টা চালিয়ে যাচ্ছে পুলিশ।

বুধবার (২৬ আগস্ট) পিন্টু দাসের নিকটাত্মীয় ও চাঁদপুর শহরের গুয়াখোলা রোডের বাসিন্দা উপমা দে বিষয়টি স্থানীয় সাংবাদিকদের জানান। উপমা দে বলেন, ‌‘পিন্টু দাস পরিবার নিয়ে চাঁদপুর শহরে ভাড়া বাসায় থাকতেন। তিনি বিভিন্ন কারণে ঋণগ্রস্ত ছিলেন। অনেকে তার কাছে স্বর্ণ বন্ধক রেখেছেন বলে অভিযোগ পাচ্ছি। এর মধ্যে গত ২০ আগস্ট থেকে আমরা পিন্টু দাস ও তার পরিবারের খোঁজ পাচ্ছি না।’

স্থানীয় একাধিক ব্যক্তি জানিয়েছেন, পিন্টু দাস স্বর্ণ বন্ধক রাখার ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন। বিভিন্ন ব্যক্তির স্বর্ণ বন্ধক আছে তার কাছে। নির্ধারিত সময়ে সেই স্বর্ণ ফেরত দিতে না পারছিলেন না। পাশাপাশি বিভিন্ন সমিতি থেকেও ঋণ নিয়েছিলেন। এ অবস্থায় পরিবার নিয়ে আত্মগোপনে চলে গেছেন পিন্টু।

স্থানীয়দের দেওয়া তথ্য অনুযায়ী, একাধিক স্থানে দোকান পরিবর্তনের পর সর্বশেষ শহরের কুমিল্লা সড়কের আখন্দ মার্কেটের নিচতলায় ‘এস কে শিল্পালয়’ নামে ব্যবসা প্রতিষ্ঠান পরিচালনা করতেন পিন্টু দাস। অভিযোগ রয়েছে, সেখানে অল্প পরিমাণ টাকা দিয়ে স্থানীয় অনেকের স্বর্ণ বন্ধক রাখতেন তিনি।

চাঁদপুর সদর উপজেলার রঘুনাথপুর এলাকার বাসিন্দা মনসুর খানের ছেলে রাসেল খান পিন্টু দাসের কাছে স্বর্ণ বন্ধক রাখার কথা জানান। রাসেল বলেন, ‘প্রায় আড়াই ভরি স্বর্ণালংকার ৫০ হাজার টাকায় পিন্টু দাসের কাছে বন্ধক রেখেছিলাম। গত ১৯ আগস্ট ৫০ হাজার টাকা ফেরত দিয়ে স্বর্ণালংকার নিতে গেলে পিন্টু আমাকে পরদিন আসতে বলেন। ওই দিন গিয়ে দেখি পিন্টুর দোকানে তালা ঝুলছে। পরে তার বাসায় গিয়েও তালা দেখতে পাই। পরে স্থানীয়দের কাছে শুনতে পাই, পিন্টু সপরিবারে আত্মগোপনে চলে গেছেন। এ ঘটনায় বুধবার চাঁদপুর সদর মডেল থানায় লিখিত অভিযোগ দিয়েছি।’

এ ছাড়া চাঁদপুর শহরের দক্ষিণ গুণরাজদীর বাসিন্দা জাহিদুল ইসলাম ১২ আনা এবং শুভঙ্কর মজুমদার ১০ আনা স্বর্ণ পিন্টু দাসের কাছে বন্ধক রাখার কথা জানিয়েছেন। বন্ধক রাখা স্বর্ণ ফেরত পাওয়া নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন তারাও।

বাজারের দুজন ব্যবসায়ী জানান, পাঁচ-ছয় মাস আগে আখন্দ মার্কেটে দোকান ভাড়া নিয়ে ব্যবসা শুরু করেন পিন্টু দাস। তার গ্রামের বাড়ি চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলায়।

এদিকে পিন্টু দাস ও তার পরিবারের সদস্যদের হঠাৎ করে খুঁজে না পাওয়ার ঘটনায় এলাকায় নানা আলোচনা চলছে। কেউ কেউ তাদের আত্মগোপনে যাওয়ার কথা বললেও বিষয়টি নিশ্চিত করতে পারেনি পুলিশ।

চাঁদপুর সদর মডেল থানার উপপরিদর্শক (এসআই) ফেরদৌস বলেন, ‘পিন্টু দাস সপরিবারে আত্মগোপনে থাকলে তাকে খুঁজে পাওয়া কঠিন। তার পরিবারের পক্ষ থেকে কেউ কোনও জিডিও করেনি।’

চাঁদপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফয়েজ আহমেদ বলেন, ‘পিন্টু দাসসহ তার পরিবারের চার সদস্যকে খুঁজে পাওয়া যাচ্ছে না—বিষয়টি আজই জানতে পেরেছি। এও জানতে পেরেছি, তার কাছে লোকজন টাকাপয়সা পাবে। অনেকে স্বর্ণালংকার বন্ধক রেখেছেন তার কাছে। এই কারণে আত্মগোপনে গিয়েছেন, নাকি অন্য কোনও ঘটনা আছে- তা খতিয়ে দেখা হচ্ছে। আমরা তাদের সন্ধানের চেষ্টা করছি।’





Source link

×
📺

LIVE TV

Live Tv দেখতে নিচের বাটনে ক্লিক করুন।

📺 লাইভ দেখুন
error: Content is protected !!
🔴 LIVE html