ঢাকাMonday , 14 September 2026
  1. অন্যান্য
  2. আবহাওয়া
  3. খেলা
  4. চাকরি
  5. জীবনযাপন
  6. তথ্যপ্রযুক্তি
  7. প্রেস রিলিজ
  8. বাণিজ্য
  9. বাংলাদেশ
  10. বিনোদন
  11. বিশ্ব
  12. ভিডিও
  13. মতামত
  14. রাজনীতি
  15. শিক্ষা
আজকের সর্বশেষ সবখবর

১০৮ মিলিয়ন ডলারের টুর্নামেন্টে কার হাতে উঠবে ট্রফি? 


August 30, 2026 8:00 am
Link Copied!


রেকর্ড প্রাইজমানি, তারকাদের প্রত্যাবর্তন আর একের পর এক মাইলফলকের হাতছানি। এসব মিলেই ৩০ আগস্ট নিউ ইয়র্কে শুরু হচ্ছে বছরের শেষ গ্র্যান্ড স্লাম ইউএস ওপেন।

একদিকে নোভাক জোকোভিচের সামনে ইতিহাসের সবচেয়ে বড় ব্যক্তিগত রেকর্ডের হাতছানি। অন্যদিকে বর্তমান চ্যাম্পিয়ন কার্লোস আলকারাজ নিজের মুকুট ধরে রাখতে কোর্টে নামছেন। নারীদের বিভাগে আরেকটি ইতিহাসের দ্বারপ্রান্তে বিশ্বের এক নম্বর আরিনা সাবালেঙ্কাও। এর সঙ্গে যোগ হয়েছে সেরেনা ও ভেনাস উইলিয়ামসের দীর্ঘ প্রতীক্ষিত ডাবলস প্রত্যাবর্তন। সব মিলিয়ে ফ্লাশিং মিডোয় এবার উত্তাপ ছড়ানোর অপেক্ষায় টেনিসের মহাতারকারা।

এবারের ইউএস ওপেনে অর্থের লড়াইটাও হতে যাচ্ছে নজিরবিহীন। মোট ১০৮ মিলিয়ন মার্কিন ডলার প্রাইজমানি থাকছে, যা গ্র্যান্ড স্ল্যামের ইতিহাসে সর্বোচ্চ।

পুরুষ ও নারী এককের চ্যাম্পিয়নরা প্রত্যেকে পাবেন ৫.৫ মিলিয়ন ডলার। শুধু চ্যাম্পিয়নরাই নন, টুর্নামেন্টের প্রথম রাউন্ডে অংশ নেওয়া খেলোয়াড়রাও নিশ্চিতভাবে পাবেন ১ লাখ ৪০ হাজার ডলার। ফলে প্রথম সার্ভ থেকেই প্রতিটি পয়েন্টের গুরুত্ব থাকবে অনেক বেশি। বড় অঙ্কের অর্থের পাশাপাশি শিরোপার লড়াইয়ে শুরু থেকেই তীব্র প্রতিদ্বন্দ্বিতা দেখা যেতে পারে।

২৫তম গ্র্যান্ড স্ল্যামের সামনে জোকোভিচ

নিউইয়র্কে এবার ইতিহাসের খুব কাছাকাছি দাঁড়িয়ে নোভাক জোকোভিচ। সার্বিয়ান এই কিংবদন্তির সামনে রেকর্ড ২৫তম গ্র্যান্ড স্লাম শিরোপা জয়ের সুযোগ। সেটি করতে পারলে মার্গারেট কোর্টের ২৪টি গ্র্যান্ড স্লাম শিরোপার রেকর্ড পেছনে ফেলে পুরুষ ও নারী মিলিয়ে একক গ্র্যান্ড স্লাম জয়ের সর্বকালের রেকর্ড নিজের করে নেবেন তিনি।

চারবারের ইউএস ওপেন চ্যাম্পিয়ন জোকোভিচ সর্বশেষ ২০২৩ সালে নিউইয়র্কে ট্রফি জিতেছিলেন। এর আগে এই আসরের ফাইনালে পৌঁছেছেন অবিশ্বাস্য ১০ বার।

তবে এখন তার বয়স ৩৯। টানা দুই সপ্তাহের কঠিন লড়াইয়ে শারীরিক সক্ষমতা বড় পরীক্ষা নেবে। তারপরও সবচেয়ে বড় মঞ্চে চাপ সামলে সাফল্য পাওয়ার ইতিহাস জোকোভিচের চেয়ে ভালো আর কজনেরই বা আছে!

বাধা পেরিয়ে এগিয়ে যেতে পারলে তার ২৫তম গ্র্যান্ড স্লামের অভিযানই হয়ে উঠতে পারে এবারের ইউএস ওপেনের সবচেয়ে বড় গল্প।

মুকুট ধরে রাখতে ফিরছেন আলকারাজও

চার মাস চোটের কারণে টেনিসের বাইরে থাকার পর ফ্লাশিং মিডোয় ফিরছেন কার্লোস আলকারাজ। আর ফিরেই তাকে নিজের ইউএস ওপেন শিরোপা রক্ষার অভিযানে নামতে হবে। তবে দীর্ঘ বিরতির কারণে তার প্রস্তুতিতে ছন্দপতন হয়েছে। ফলে শিরোপা ধরে রাখার অভিযানে আলকারাজ কতটা প্রস্তুত, তা নিয়ে থাকছে সংশয়।

এর মধ্যে ইয়ানিক সিনারও টুর্নামেন্টে না থাকায় পুরুষ এককের লড়াই কিছুটা উন্মুক্ত হয়ে গেছে। ফলে নিউইয়র্কে আবারও গভীর পর্যন্ত যাওয়ার সুযোগ পাচ্ছেন আলকারাজ।

২৩ বছর বয়সী এই স্প্যানিশ তারকা ইতোমধ্যেই দুটি ইউএস ওপেন শিরোপা জিতেছেন। এবার তার লক্ষ্য ফ্লাশিং মিডোয় নিজের রেকর্ডে আরও একটি অধ্যায় যোগ করা। তবে ড্রতে থাকা একাধিক শীর্ষ প্রতিদ্বন্দ্বীর কারণে কাজটি মোটেও সহজ হবে না।

সেরেনা-ভেনাসের প্রত্যাবর্তন

ইউএস ওপেনের ডাবলসেও এবার থাকছে বিশেষ আকর্ষণ। আবারও একই কোর্টে দেখা যাবে টেনিসের ইতিহাসের অন্যতম সেরা দুই বোন—সেরেনা ও ভেনাস উইলিয়ামসকে।

নারী ডাবলসে একসঙ্গে খেলার জন্য ওয়াইল্ড কার্ড পেয়েছেন দুই বোন। ২০২২ সালের পর ইউএস ওপেনে এই প্রথম তারা জুটি হিসেবে খেলবেন।

একসঙ্গে তারা জিতেছেন ১৪টি গ্র্যান্ড স্লাম ডাবলস শিরোপা, যার মধ্যে রয়েছে দুটি ইউএস ওপেন শিরোপাও।

তবে এবার প্রতিদ্বন্দ্বিতা সহজ হবে না। ডাবলসের ড্রতে থাকছেন একাধিক প্রতিষ্ঠিত গ্র্যান্ড স্লাম চ্যাম্পিয়ন। ফলে উইলিয়ামস বোনদের প্রত্যাবর্তন শুধু আবেগের নয়, প্রতিযোগিতার দিক থেকেও হবে বড় আকর্ষণ।

সাবালেঙ্কার সামনে ইতিহাসের হাতছানি 

নারীদের এককে সবচেয়ে আকর্ষণ হতে পারে আরিনা সাবালেঙ্কার হ্যাটট্রিকের চেষ্টা। গত দুই বছর ধরে ইউএস ওপেনে আধিপত্য দেখানো বিশ্বের এক নম্বর এই খেলোয়াড় এবার টানা তৃতীয় শিরোপা জয়ের লক্ষ্যে নামছেন। সেটি করতে পারলে ইতিহাসে নাম লেখাবেন সাবালেঙ্কা। কারণ ২০১২ থেকে ২০১৪ সালের মধ্যে সেরেনা উইলিয়ামসের পর আর কোনো নারী খেলোয়াড় টানা তিনবার ইউএস ওপেন জিততে পারেননি।

 





Source link

×
📺

LIVE TV

Live Tv দেখতে নিচের বাটনে ক্লিক করুন।

📺 লাইভ দেখুন
error: Content is protected !!
🔴 LIVE html