ঢাকাSunday , 13 September 2026
  1. অন্যান্য
  2. আবহাওয়া
  3. খেলা
  4. চাকরি
  5. জীবনযাপন
  6. তথ্যপ্রযুক্তি
  7. প্রেস রিলিজ
  8. বাণিজ্য
  9. বাংলাদেশ
  10. বিনোদন
  11. বিশ্ব
  12. ভিডিও
  13. মতামত
  14. রাজনীতি
  15. শিক্ষা
আজকের সর্বশেষ সবখবর

৬ দিন পর সব টাকা তুলতে পারবেন সম্মিলিত ইসলামী ব্যাংকের আমানতকারীরা 


September 1, 2026 10:00 am
Link Copied!


সম্মিলিত ইসলামী ব্যাংকের সাধারণ ও ব্যক্তি শ্রেণির আমানতকারীরা চাইলে তাদের জমা রাখা পুরো মূল টাকা একবারে তুলে নিতে পারবেন। এখন থেকে ঠিক ছয় দিন পর অর্থাৎ ৭ সেপ্টেম্বর তুলে নেওয়া যাবে নিজের জমানো সব টাকা। তবে এক্ষেত্রে আমানতের বিপরীতে প্রাপ্য বা অর্জিত কোনও মুনাফা পাওয়া যাবে না।  

‘ব্যাংক রেজল্যুশন স্কিম, ২০২৫’-এর আওতায় বাংলাদেশ ব্যাংক এই সুবিধা দিয়েছে। আগামী ৭ সেপ্টেম্বর থেকে আমানতের মূল টাকা ফেরত দেওয়ার কার্যক্রম শুরু হবে। এর আগে  মঙ্গলবার (১ সেপ্টেম্বর) থেকে এ জন্য আবেদন নেওয়া শুরু করবে ব্যাংকটির শাখাগুলো। 

সোমবার (৩১ আগস্ট) বাংলাদেশ ব্যাংকের ব্যাংকিং রেগুলেশন বিভাগ এ-সংক্রান্ত নির্দেশনা জারি করে। দেশের সব তফসিলি ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তাদের কাছে নির্দেশনাটি পাঠানো হয়েছে। 

নির্দেশনায় বলা হয়েছে, সম্মিলিত ইসলামী ব্যাংকের সাধারণ ও ব্যক্তি শ্রেণির আমানতকারীরা তাদের চলতি ও সঞ্চয়ী হিসাবের সম্পূর্ণ স্থিতি এবং মেয়াদি আমানতের শুধু মূল টাকা এককালীন উত্তোলন করতে পারবেন। এই অর্থ হস্তান্তরগ্রহীতা ব্যাংককে পরিশোধ করতে হবে। 

অর্থাৎ আমানতকারী নিজস্ব অর্থে আগের ব্যাংকগুলোতে যে টাকা জমা রেখেছিলেন, সেই মূল অর্থ ফেরত পাবেন। তবে ওই আমানতের বিপরীতে প্রাপ্য বা অর্জিত মুনাফা এ সুবিধার আওতায় পাওয়া যাবে না। 

টাকা তুললে আর কোনও দাবি করা যাবে না

তবে মূল টাকা এককালীন তুলে নেওয়ার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ একটি শর্ত রাখা হয়েছে। কোনও আমানতকারী এ সুবিধা গ্রহণ করলে সেটিকে সম্মিলিত ইসলামী ব্যাংক পিএলসির পক্ষ থেকে ওই আমানতকারীর পূর্ণ ও চূড়ান্ত নিষ্পত্তি হিসেবে গণ্য করা হবে। পরবর্তী সময়ে ওই হিসাবের বিপরীতে আর কোনও দাবি গ্রহণযোগ্য হবে না। 

যেসব হিসাব থেকে টাকা তোলা যাবে 

সম্মিলিত ইসলামী ব্যাংকের আল-ওয়াদিয়া চলতি হিসাব, মুদারাবা সঞ্চয়ী হিসাব, মেয়াদি আমানত, এমটিডিআর ও ডিপিএসসহ বিভিন্ন হিসাব থেকে গ্রাহকরা তাদের জমা রাখা মূল টাকা তুলে নিতে পারবেন। 

তবে যারা হিসাব বন্ধ না করে চালু রাখবেন, তারা চুক্তি অনুযায়ী নির্ধারিত হারে মুনাফা পেতে থাকবেন। অর্থাৎ এককালীন মূল টাকা তুলে নেওয়ার সুবিধা না নিয়ে হিসাব চালু রাখলে সংশ্লিষ্ট হিসাবের নিয়ম অনুযায়ী মুনাফা পাওয়ার সুযোগ থাকবে। 

বাংলাদেশ ব্যাংকের সিদ্ধান্ত অনুযায়ী, ১ সেপ্টেম্বর থেকেই ব্যক্তি গ্রাহকদের স্বাভাবিক লেনদেন পুনরায় চালুর কথা রয়েছে। তবে শাখা ও উপশাখায় নগদ অর্থের চাহিদা নির্ধারণ, বাংলাদেশ ব্যাংক থেকে নগদ অর্থের সরবরাহ নিশ্চিত করা এবং নিরাপদ নগদ ব্যবস্থাপনাসহ প্রয়োজনীয় প্রস্তুতি সম্পন্ন করতে কয়েক দিন সময় লাগবে। এ কারণে ৭ সেপ্টেম্বর থেকে আমানতের মূল টাকা ফেরত দেওয়ার কার্যক্রম পূর্ণমাত্রায় শুরু করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। 

ব্যাংকটির সার্বিক কার্যক্রম স্বাভাবিকভাবে পূর্ণমাত্রায় চালু হলে ভবিষ্যতে মুনাফাসহ যেকোনো পরিমাণ অর্থ জমা ও উত্তোলনের সুযোগও থাকবে। 





Source link

×
📺

LIVE TV

Live Tv দেখতে নিচের বাটনে ক্লিক করুন।

📺 লাইভ দেখুন
error: Content is protected !!
🔴 LIVE html