ঢাকাSaturday , 12 September 2026
  1. অন্যান্য
  2. আবহাওয়া
  3. খেলা
  4. চাকরি
  5. জীবনযাপন
  6. তথ্যপ্রযুক্তি
  7. প্রেস রিলিজ
  8. বাণিজ্য
  9. বাংলাদেশ
  10. বিনোদন
  11. বিশ্ব
  12. ভিডিও
  13. মতামত
  14. রাজনীতি
  15. শিক্ষা
আজকের সর্বশেষ সবখবর

গ্যাসের ঘাটতিতে পরিবহন সংকট, ভাড়াও বেশি


September 12, 2026 8:25 pm
Link Copied!


রাজধানীর সিএনজি স্টেশনগুলোতে গ্যাস নিতে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে হচ্ছে চালকদের। কোথাও সন্ধ্যা থেকে অপেক্ষা করে রাত ১০টার পর মিলছে গ্যাস, আবার কোথাও সকালে লাইনে দাঁড়িয়ে গ্যাস পাওয়া যাচ্ছে দুপুরে। এদিকে গ্যাসের চাপও পাওয়া যাচ্ছে অল্প সময়ের জন্য। ফলে দীর্ঘ সময় পাম্পে আটকে থাকছে সিএনজি অটোরিকশা ও গ্যাসচালিত গাড়ি। এতে রাস্তায় কমে গেছে সিএনজিচালিত অটোরিকশার সংখ্যা। আবার পাওয়া গেলেও বাড়তি ভাড়া দাবি করছেন চালকেরা। একইসঙ্গে অ্যাপভিত্তিক পরিবহনেও বেড়েছে যাত্রীদের ভাড়া।

শুক্রবার রাত ৯টা। রাজধানীর রায়েরবাগের ইউনাইটেড ফিলিং স্টেশনে গ্যাস নেওয়ার জন্য গাড়ির দীর্ঘ সারি। চালকেরা অপেক্ষা করছেন কখন গ্যাস দেওয়া হবে। রাত ১০টার পর গ্যাস দেওয়া শুরু হলেও এর আগেই প্রায় দেড় থেকে দুই কিলোমিটারজুড়ে গাড়ির দীর্ঘ সিরিয়াল তৈরি হয়। 

শুধু ইউনাইটেড নয়, রাজধানীর অধিকাংশ সিএনজি স্টেশনের চিত্র প্রায় একই। সন্ধ্যার পর থেকেই গাড়িগুলো সিরিয়ালে দাঁড়াতে শুরু করে। গ্যাস পেতে পেতে রাত ১২টা থেকে ১টা বেজে যায়। অর্থাৎ গ্যাস নিতে এখনও তিন থেকে চার ঘণ্টা পর্যন্ত অপেক্ষা করতে হচ্ছে চালকদের। একইভাবে সকালেও তিন থেকে চার ঘণ্টা লাইনে দাঁড়িয়ে থাকতে হয়।

ইউনাইটেড সিএনজি পাম্পের বিক্রয়কর্মী রাসেল বলেন, ‘আজ গ্যাসের চাপ ভালো। কতক্ষণ ভালো থাকে, এটি দেখার বিষয়।’

তিনি জানান, তারা চাপ ওঠার অপেক্ষা করেন। প্রথম দেড় থেকে দুই ঘণ্টা ভালো চাপ পাওয়া গেলেও এরপর আর চাপ ভালো থাকে না। 

প্রাইভেট কার চালক মিলন মিয়া বলেন, ‘এই পাম্পে গ্যাসের চাপ ভালোই পাওয়া যায়। এ কারণে নিয়মিত এখানে আসি। সন্ধ্যা থেকে অপেক্ষা করছি, দেখি কখন পাই।’

সিএনজি অটোরিকশা চালক আবু হানিফ বলেন, ‘সন্ধ্যা থেকে অপেক্ষা করছি। এখন তো দেওয়া শুরু হলো। এখন আর বেশি সময় লাগবে না। তিনি বলেন, গ্যাস নিয়ে তারা অনেক সমস্যার শিকার হচ্ছেন। এই সমস্যার সমাধান কবে হবে, তা আল্লাহই ভালো জানেন।’

মেরুল বাড্ডার জামান ফিলিং স্টেশনের কর্মী জোবায়ের বলেন, রাতে কিছুটা গ্যাসের চাপ পাওয়া যায়। তবে সেটি বেশি সময় স্থায়ী হয় না।

এদিকে গ্যাস সংকটের প্রভাব পড়েছে যাত্রীদের ভাড়ায়ও। রাজধানীর বিভিন্ন এলাকায় সিএনজি, অটোরিকশার ভাড়া বাড়ানোর অভিযোগ করছেন অনেকেই। ডেমরার বাসিন্দা আশরাফুল ইসলাম বলেন, বাবাকে নিয়ে মিরপুরে ডাক্তারের কাছে যেতে অনেক কষ্ট হয়েছে। সিএনজি পাওয়া যাচ্ছিল না। ফেরার সময় দেড় ঘণ্টা অপেক্ষা করে একটি সিএনজি পাওয়া গেলেও দ্বিগুণ ভাড়া চাওয়া হয়। চালকেরা বলছেন, গাড়িতে পর্যাপ্ত গ্যাস নেই এবং ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করে গ্যাস নিতে হয়। 

বনশ্রীর বাসিন্দা হাফিজুর রহমান বলেন, রাস্তায় সিএনজিচালিত অটোরিকশার সংখ্যা কম। যা আছে, সেগুলোতেও ভাড়া বেশি চাওয়া হচ্ছে। বনশ্রী থেকে গুলশানের ভাড়া আগে ২০০ টাকা হলেও এখন ৩০০ থেকে ৩৫০ টাকা চাওয়া হচ্ছে। 

বাড্ডার বাসিন্দা আব্দুর রশিদ বলেন, ‘বাড্ডা থেকে কাওরান বাজার যেতে আগে ২০০ থেকে ২৫০ টাকা লাগলেও এখন ৩০০ টাকার বেশি চাওয়া হচ্ছে। গ্যাস সংকটের কারণে সিএনজি কমে গেছে, একই সঙ্গে ভাড়াও বেড়েছে।’

যাত্রীদের এসব অভিযোগের বিষয়ে সিএনজি অটোরিকশাচালক মোহাম্মদ মিল্লাত বলেন, গ্যাস সংকট শুরু হওয়ার পর নিয়মিত সিএনজি চালাতে পারছেন না। দীর্ঘ সময় অপেক্ষা করে গ্যাস নিতে হচ্ছে। যে গ্যাস পাওয়া যাচ্ছে, তা দিয়ে খরচ মিটিয়ে নিজের জন্য কিছু থাকছে না। 

তিনি বলেন, সিএনজি চালালেই সংসার চলে, না চালালে চলে না। খুব সংকটের মধ্যে আছি। যতটুকু ভাড়া পাচ্ছি, একটু বেশি না নিলে আমরাও টিকতে পারছি না। এদিকে মালিকের গাড়ির জমা তো আর কমেনি। ভাড়া আমরা যাই পাইনা কেন।

বাড়তি ভাড়া নেওয়ার পক্ষে যুক্তি দিয়ে অটোরিকশাচালক জামাল মোল্লা বলেন, রাস্তায় সিএনজি কমে গেছে। অটোরিকশায় অনেকে অনেক দূর যায় এখন। আমরা এতদূরে রিকশা চালিয়ে যাই তাই ভাড়া একটু বেশি না নিলে আমরা চলবো কিভাবে।

এদিকে গ্যাস সংকটের প্রভাব পড়েছে অ্যাপভিত্তিক পরিবহন পাঠাও-উবারেও। যাত্রীদের অভিযোগ, অ্যাপগুলোতে আগের তুলনায় বেশি ভাড়া দেখাচ্ছে। কামাল হোসেন নামের এক যাত্রী বলেন, ‘রামপুরা থেকে গাবতলী গ্যাস সংকটের আগে ৩৫০ টাকার মধ্যে যাওয়া যেতো। এখন ৪৫০ থেকে ৫০০ টাকা লাগছে।’

ভুক্তভোগীরা বলছেন, এ অবস্থা চলতে থাকলে সামগ্রিকভাবে জীবনযাত্রার ব্যয় আরও বেড়ে যাবে। সিএনজি কিংবা অ্যাপভিত্তিক পরিবহনে চলাচলকারীরা বাধ্য হয়ে পাবলিক বাস ব্যবহার শুরু করতে পারেন। দ্রুত এ সংকটের উত্তরণ চান তারা।





Source link

×
📺

LIVE TV

Live Tv দেখতে নিচের বাটনে ক্লিক করুন।

📺 লাইভ দেখুন
error: Content is protected !!
🔴 LIVE html