ঢাকাFriday , 11 September 2026
  1. অন্যান্য
  2. আবহাওয়া
  3. খেলা
  4. চাকরি
  5. জীবনযাপন
  6. তথ্যপ্রযুক্তি
  7. প্রেস রিলিজ
  8. বাণিজ্য
  9. বাংলাদেশ
  10. বিনোদন
  11. বিশ্ব
  12. ভিডিও
  13. মতামত
  14. রাজনীতি
  15. শিক্ষা
আজকের সর্বশেষ সবখবর

প্রযুক্তিনির্ভর বিশ্বে শিক্ষকদের দক্ষতার উন্নয়ন সময়ের গুরুত্বপূর্ণ দাবি: ববি হাজ্জাজ

UttorbongoBD
September 7, 2026 9:00 pm
Link Copied!


দ্রুত পরিবর্তনশীল প্রযুক্তিনির্ভর বিশ্বে শিক্ষকদের দক্ষতা উন্নয়ন ও ধারাবাহিক পেশাগত বিকাশ নিশ্চিত করা সময়ের অন্যতম গুরুত্বপূর্ণ দাবি বলে মন্তব্য করেছেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ।

সোমবার (৭ সেপ্টেম্বর) ঢাকার মিরপুরের প্রাইমারি টিচার্স’ ট্রেনিং ইনস্টিটিউটে (পিটিআই) ‘প্রাথমিক শিক্ষকদের আইসিটি-এআই কম্পিটেন্সি ফ্রেমওয়ার্ক এবং ডিপিএড পাইলটিং কর্মসূচির মূল্যায়ন প্রতিবেদন উপস্থাপন’ শীর্ষক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। জাতীয় প্রাথমিক শিক্ষা একাডেমি (নেপ) ইউনেস্কো বাংলাদেশের কারিগরি সহযোগিতায় এ কর্মশালার আয়োজন করে।

ববি হাজ্জাজ বলেন, কৃত্রিম বুদ্ধিমত্তা ও ডিজিটাল প্রযুক্তির কার্যকর ব্যবহার শিক্ষণ-শেখার প্রক্রিয়াকে আরও অন্তর্ভুক্তিমূলক, উদ্ভাবনভিত্তিক ও শিক্ষার্থী-কেন্দ্রিক করে তুলতে পারে। এ প্রেক্ষাপটে প্রাথমিক শিক্ষকদের জন্য জাতীয় আইসিটি-এআই কম্পিটেন্সি ফ্রেমওয়ার্ক প্রণয়নের উদ্যোগকে তিনি তাৎপর্যপূর্ণ ও সময়োপযোগী বলে উল্লেখ করেন।

কর্মশালায় উপস্থাপিত গবেষণায় প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের প্রয়োজনীয় ডিজিটাল সাক্ষরতা, প্রযুক্তির শিক্ষণগত ব্যবহার, নৈতিক ও দায়িত্বশীল এআই প্রয়োগ এবং পেশাগত অনুশীলনের বিভিন্ন দক্ষতাক্ষেত্র চিহ্নিত করা হয়। একই সঙ্গে ডিপ্লোমা ইন প্রাইমারি এডুকেশন (ডিপিএড) পাইলটিং কর্মসূচির মূল্যায়ন প্রতিবেদনে কর্মসূচির কার্যকারিতা, অর্জন, চ্যালেঞ্জ ও ভবিষ্যৎ বাস্তবায়নের জন্য বিভিন্ন কৌশলগত সুপারিশ তুলে ধরা হয়।

কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রাথমিক শিক্ষা অধিদফতরের মহাপরিচালক মিজ শাহিনা ফেরদৌসী, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (বাজেট ও অডিট) মিজ শাহানা সারমিন এবং ইউনেস্কো ঢাকার প্রোগ্রাম অফিসার মিজ শিরীন আক্তার। এতে সভাপতিত্ব করেন জাতীয় প্রাথমিক শিক্ষা একাডেমির মহাপরিচালক ফরিদ আহমদ।

বিশেষ অতিথিরা প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে শিক্ষক প্রস্তুতি ও পেশাগত উন্নয়নের গুরুত্ব তুলে ধরেন। গবেষণালব্ধ তথ্য ও প্রমাণভিত্তিক সুপারিশ ভবিষ্যৎ শিক্ষক শিক্ষা নীতি, প্রশিক্ষণ কর্মসূচি ও পেশাগত উন্নয়ন কার্যক্রমকে আরও কার্যকর করতে সহায়ক হবে বলে তারা মত দেন।

কর্মশালায় মন্ত্রণালয়, অধিদফতর, শিক্ষক প্রশিক্ষণ প্রতিষ্ঠান, বিশ্ববিদ্যালয়, উন্নয়ন সহযোগী সংস্থা, শিক্ষা গবেষক ও সংশ্লিষ্ট অংশীজনদের প্রতিনিধিরা অংশ নেন। তারা গবেষণার ফলাফল ও সুপারিশ নিয়ে আলোচনা করেন এবং প্রাথমিক শিক্ষা খাতের ভবিষ্যৎ উন্নয়নে সেগুলোর কার্যকর প্রয়োগের ওপর গুরুত্ব দেন।





Source link

×
📺

LIVE TV

Live Tv দেখতে নিচের বাটনে ক্লিক করুন।

📺 লাইভ দেখুন
error: Content is protected !!
🔴 LIVE html