রাজধানীতে রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটের (আইইডিসিআর) পরিচালক অধ্যাপক কাজী আহমেদ জাকিরের ওপর হামলার ঘটনায় তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে স্বাস্থ্যসেবা বিভাগ। আগামী ৭ কার্য দিবসের মধ্যে তদন্ত সম্পন্ন করে প্রতিবেদন দাখিলের নির্দেশনা দেওয়া হয়েছে।
বুধবার (২৮ অক্টোবর) বিকালে স্বাস্থ্যসেবা বিভাগের বাজেট শাখার অতিরিক্ত সচিব আরিফ আহমদ (আহ্বায়ক), প্রশাসন শাখা-১ এর উপ-সচিব ইমতিয়াজ হোসেন (সদস্য সচিব) এবং স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) ডা. মো. জাহিদ রায়হানকে সদস্য করে এ কমিটির অনুমোদন দেওয়া হয়।
প্রশাসন শাখা-১ এর উপ-সচিব ইমতিয়াজ হোসেনের সই করা বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয় প্রয়োজনে স্বাস্থ্য অধিদফতর বা এর আওতাধীন প্রতিষ্ঠানের যেকোনও কর্মকর্তাকে কো-অপ্ট করতে পারবে এ কমিটি।