ঢাকাFriday , 11 September 2026
  1. অন্যান্য
  2. আবহাওয়া
  3. খেলা
  4. চাকরি
  5. জীবনযাপন
  6. তথ্যপ্রযুক্তি
  7. প্রেস রিলিজ
  8. বাণিজ্য
  9. বাংলাদেশ
  10. বিনোদন
  11. বিশ্ব
  12. ভিডিও
  13. মতামত
  14. রাজনীতি
  15. শিক্ষা
আজকের সর্বশেষ সবখবর

ইউল্যাবে ‘ফল ২০২৬’ এর নবীন শিক্ষার্থীদের বরণ

UttorbongoBD
September 11, 2026 6:30 am
Link Copied!


ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশে (ইউল্যাব) ফল ২০২৬ সেমিস্টারের নবীন শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আয়োজিত অনুষ্ঠানে নতুন শিক্ষার্থীদের স্বাগত জানানো হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকায় নিযুক্ত সিঙ্গাপুর হাইকমিশনের চার্জ দ্য অ্যাফেয়ার্স মিচেল লি। নবীন শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয় জীবনের সুযোগগুলো সর্বোচ্চ কাজে লাগানোর আহ্বান জানিয়ে তিনি শ্রেণিকক্ষের বাইরেও শেখার সুযোগ গ্রহণ, সমালোচনামূলক চিন্তার বিকাশ এবং ভবিষ্যতে সমাজে অর্থবহ অবদান রাখার জন্য নিজেদের প্রস্তুত করার ওপর গুরুত্ব দেন। এ সময় তিনি ইউল্যাবের লিবারেল আর্টস-ভিত্তিক শিক্ষা কার্যক্রমের প্রশংসা করেন।

নবীনদের উদ্দেশে ইউল্যাবের উপাচার্য অধ্যাপক সামসাদ মর্তূজা বলেন, বিশ্ববিদ্যালয় জীবন শুধু ডিগ্রি অর্জনের সময় নয়; এটি জ্ঞান ও দক্ষতার পাশাপাশি মূল্যবোধ, আত্মবিশ্বাস, বন্ধুত্ব ও দায়িত্ববোধ গড়ে তোলার সময়। তিনি শিক্ষার্থীদের একাডেমিক ও সহশিক্ষা কার্যক্রমে যুক্ত হয়ে নিজেদের বিকশিত করার পাশাপাশি সমাজের প্রতি দায়িত্বশীল হওয়ার আহ্বান জানান।

অনুষ্ঠানে নবীন শিক্ষার্থীদের হাতে বকুল ফুলের বীজসমৃদ্ধ ‘সিড বক্স’ তুলে দেওয়া হয়। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের মতে, শিক্ষার্থীদের বেড়ে ওঠার সঙ্গে একটি বীজ থেকে গাছ হয়ে ওঠার প্রক্রিয়ার প্রতীকী সম্পর্ক তুলে ধরতেই এ উদ্যোগ। শিক্ষার্থীরা বকুলের বীজ বাড়িতে নিয়ে রোপণ ও পরিচর্যা করবেন। একই সঙ্গে বিশ্ববিদ্যালয় জীবনে নিজেদের পরিবর্তন ও অভিজ্ঞতা ভাগ করে নেওয়ার সুযোগ থাকবে ইউল্যাবের ওয়েবসাইটের বিশেষ পেজে।

ফল ২০২৬ সেমিস্টারের শিক্ষার্থীদের পক্ষে বক্তব্য দেন মারভিয়া ফাতেমা ভূমি। তিনি ইউল্যাবে নতুন যাত্রা, প্রত্যাশা ও অনুভূতির কথা তুলে ধরেন।

অনুষ্ঠানে নবীনদের সঙ্গে নিজের বিশ্ববিদ্যালয়জীবন ও পেশাগত অভিজ্ঞতা ভাগ করে নেন ইউল্যাবের সাবেক শিক্ষার্থী শেখ শাহনুমা শারমিন, বর্তমানে বিওয়াইডি বাংলাদেশের ম্যানেজার, ব্র্যান্ড স্ট্র্যাটেজি অ্যান্ড ডিজিটাল। তিনি বিশ্ববিদ্যালয়জীবনের অভিজ্ঞতা কাজে লাগিয়ে পেশাগত ভবিষ্যতের জন্য প্রস্তুতি নেওয়ার বিভিন্ন দিক তুলে ধরেন।

এ ছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইউল্যাবের উপ-উপাচার্য অধ্যাপক জুড উইলিয়াম হেনিলো, পিএইচডি, বোর্ড অব ট্রাস্টিজের বিশেষ উপদেষ্টা ও কোষাধ্যক্ষ অধ্যাপক মিলন কুমার ভট্টাচার্য, পিএইচডি, রেজিস্ট্রার, বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় প্রধান, শিক্ষক ও অ্যালামনাইরা।

দিনের শেষ পর্বে কোক স্টুডিও বাংলার ইমন চৌধুরী অ্যান্ড বেঙ্গল সিম্ফনির বিশেষ সংগীত পরিবেশনা অনুষ্ঠিত হয়।

 





Source link

×
📺

LIVE TV

Live Tv দেখতে নিচের বাটনে ক্লিক করুন।

📺 লাইভ দেখুন
error: Content is protected !!
🔴 LIVE html