টলিউড অভিনেত্রী মিমি চক্রবর্তীর বিয়ে নিয়ে জল্পনা যেন কিছুতেই থামছে না। এর মধ্যেই অভিনেত্রীর নতুন এক পোস্টে রহস্য আরও ঘনীভূত হয়েছে। নিজের একাধিক সেলফি শেয়ার করে মিমি লিখেছেন, ‘সেলফি কুমারী। বিনা মেকআপেরগুলো আমার পছন্দ, আর মেকআপওয়ালাগুলো ওনার।’
মিমির এই ‘উনি’ কে, তা নিয়ে শুরু হয়েছে জোর চর্চা। মজা করে বন্ধুর পোস্টে অঙ্কুশ হাজরা জানতে চান, ‘এই উনাটা কে?’ মিমির জবাব, ‘মাইন্ড ইয়োর ওন বিজনেস।’
এদিকে টলিপাড়ায় গুঞ্জন, নভেম্বরেই মিমির বাগদান ও রেজিস্ট্রি হতে পারে। এরপর ডিসেম্বরেই কালিম্পংয়ে বসতে পারে বিয়ের আসর। অর্থাৎ পাহাড়ের শহরেই ডেস্টিনেশন ওয়েডিংয়ের পরিকল্পনা করছেন অভিনেত্রী—এমনটাই শোনা যাচ্ছে।
মিমির হবু বর হিসেবে আলোচনায় রয়েছেন সিদ্ধার্থ, যিনি নৌসেনায় কর্মরত বলে জানা যাচ্ছে। মিমির বন্ধুদের সঙ্গে পুজোর আড্ডাতেও নাকি দেখা গিয়েছিল তাকে। এমনকি অভিনেত্রীর সঙ্গে একই ফ্রেমে সেলফিতেও ধরা পড়েছিলেন তিনি।
যদিও বিয়ে বা সম্পর্ক নিয়ে এখনও মুখ খোলেননি মিমি। তাই আপাতত তার পোস্টের ইঙ্গিতই বাড়িয়ে দিচ্ছে অনুরাগীদের কৌতূহল।
এদিকে মিমি খবরে রয়েছেন তার নতুন কাজ নিয়েও। ১১ বছরের দীর্ঘ বিরতির পর রাজ চক্রবর্তীর প্রযোজনায় কাজ করছেন তিনি। পরিচালনা করবেন অয়ন চক্রবর্তী। ছবির নাম ‘তাণ্ডব’।
২০১৫ সালে রাজ চক্রবর্তীর পরিচালনায় ‘কাটমুণ্ডু’ ছবিতে শেষবার কাজ করেছিলেন মিমি। সেই সময় দুজনের মধ্যে ছিল গভীর প্রেম। ঠিক পরের বছর অর্থাৎ ২০১৬ সালের আগস্ট মাসে তাদের বিচ্ছেদের খবর সামনে আসে।