ঢাকাThursday , 17 September 2026
  1. অন্যান্য
  2. আবহাওয়া
  3. খেলা
  4. চাকরি
  5. জীবনযাপন
  6. তথ্যপ্রযুক্তি
  7. প্রেস রিলিজ
  8. বাণিজ্য
  9. বাংলাদেশ
  10. বিনোদন
  11. বিশ্ব
  12. ভিডিও
  13. মতামত
  14. রাজনীতি
  15. শিক্ষা
আজকের সর্বশেষ সবখবর

সৌরবিদ্যুতের সরঞ্জাম আমদানিতে বড় করছাড়, ১৭ থেকে নামলো ১ শতাংশে


September 17, 2026 12:15 am
Link Copied!


সৌরবিদ্যুৎ উৎপাদন বাড়াতে এ খাতের প্রয়োজনীয় যন্ত্রপাতি ও যন্ত্রাংশ আমদানিতে শুল্ক-কর আরও কমিয়েছে সরকার। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, এসব সরঞ্জাম আমদানিতে মোট করভার ১৭ শতাংশ থেকে কমিয়ে মাত্র ১ শতাংশ করা হয়েছে। একইসঙ্গে বাণিজ্যিক আমদানিকারকদের জন্যও শর্তসাপেক্ষে এ সুবিধা দেওয়া হয়েছে।

বুধবার (১৬ সেপ্টেম্বর) জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

এনবিআর বলছে, বর্তমান বৈশ্বিক জ্বালানি সংকট ও দেশের বিদ্যুৎ ঘাটতির প্রেক্ষাপটে সৌরবিদ্যুৎ উৎপাদন দ্রুত সম্প্রসারণের লক্ষ্যেই এ সুবিধা বাড়ানো হয়েছে। নতুন সুবিধা প্রজ্ঞাপন জারির তারিখ থেকে ১৮০ দিন কার্যকর থাকবে।

এর আগে ২০২৬-২৭ অর্থবছরের বাজেটে প্রজ্ঞাপন জারি করে সৌরবিদ্যুৎ খাতের গুরুত্বপূর্ণ উপকরণ আমদানিতে আমদানি শুল্ক, রেগুলেটরি শুল্ক ও আগাম কর থেকে অব্যাহতি দেওয়া হয়েছিল। ফলে এসব পণ্য আমদানিতে ১৫ শতাংশ মূল্য সংযোজন কর (মূসক) ও ২ শতাংশ অগ্রিম আয়করসহ মোট করভার ছিল ১৭ শতাংশ।

নতুন সিদ্ধান্তে এই করভার আরও কমানো হয়েছে। এখন সৌরবিদ্যুৎ সংশ্লিষ্ট যন্ত্রপাতি ও যন্ত্রাংশ আমদানিতে ১ শতাংশের অতিরিক্ত কাস্টমস ডিউটি, রেগুলেটরি ডিউটি, সম্পূরক শুল্ক, মূসক, আগাম কর এবং অগ্রিম আয়কর থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। ফলে সব মিলিয়ে আমদানিকারকের ওপর করভার থাকবে মাত্র ১ শতাংশ।

বাণিজ্যিক আমদানিকারকরাও সুবিধা পাবেন

এবারের সিদ্ধান্তের আরেকটি গুরুত্বপূর্ণ দিক হলো—শুধু নির্দিষ্ট প্রকল্প বা ব্যবহারকারীর জন্য নয়, শর্তসাপেক্ষে বাণিজ্যিক আমদানিকারকদের জন্যও এ সুবিধা প্রযোজ্য হবে।

এনবিআর জানিয়েছে, আগে বাণিজ্যিক আমদানিকারকদের মাধ্যমে সৌরবিদ্যুৎ সংশ্লিষ্ট যন্ত্রপাতি ও যন্ত্রাংশ আমদানিতে এই বিশেষ সুবিধা প্রযোজ্য ছিল না। নতুন সিদ্ধান্তের ফলে নির্ধারিত শর্ত পূরণ সাপেক্ষে বাণিজ্যিক আমদানিকারকরাও ১ শতাংশ করভারেই এসব উপকরণ আমদানি করতে পারবেন।

কমবে সৌরবিদ্যুৎ প্রকল্পের ব্যয়

এনবিআরের মতে, আমদানি পর্যায়ে করভার কমানোর ফলে সৌরবিদ্যুৎ প্রকল্পের সামগ্রিক ব্যয় কমবে। এতে নতুন সৌরবিদ্যুৎ প্রকল্প স্থাপনে বিনিয়োগ বাড়ার পাশাপাশি বিদ্যুৎ উৎপাদন সক্ষমতা দ্রুত বাড়ানোর সুযোগ তৈরি হবে।

দেশে বিদ্যুৎ উৎপাদনে দীর্ঘদিন ধরে গ্যাস, কয়লা ও তেলসহ জীবাশ্ম জ্বালানির ওপর নির্ভরতা রয়েছে। আমদানি করা জ্বালানির দাম ও সরবরাহের ওপর নির্ভরতার কারণে বৈশ্বিক বাজারের অস্থিরতা দেশের জ্বালানি খাতেও প্রভাব ফেলে। এ অবস্থায় সৌরবিদ্যুৎকে তুলনামূলকভাবে নিরাপদ ও টেকসই জ্বালানি উৎস হিসেবে সম্প্রসারণের উদ্যোগ নেওয়া হচ্ছে।

এনবিআর বলছে, সৌরবিদ্যুৎ খাতের যন্ত্রপাতি আমদানিতে করভার কমানোর ফলে নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়বে। একই সঙ্গে জীবাশ্ম জ্বালানির ওপর নির্ভরতা কমিয়ে দেশের জ্বালানি নিরাপত্তা জোরদার করা এবং দীর্ঘমেয়াদে টেকসই অর্থনৈতিক উন্নয়নে সহায়তা করবে এ উদ্যোগ।

তবে নতুন সুবিধাটি স্থায়ী নয়। প্রজ্ঞাপন জারির দিন থেকে ১৮০ দিনের জন্য কার্যকর থাকবে এ করছাড়। ফলে আগামী কয়েক মাসে সৌরবিদ্যুৎ প্রকল্পের যন্ত্রপাতি আমদানি ও নতুন প্রকল্প স্থাপনের ক্ষেত্রে এ সুবিধার প্রভাব কতটা পড়ে, সেটিই এখন দেখার বিষয়।





Source link

×
📺

LIVE TV

Live Tv দেখতে নিচের বাটনে ক্লিক করুন।

📺 লাইভ দেখুন
error: Content is protected !!
🔴 LIVE html