পশ্চিমবঙ্গের নন্দীগ্রাম বিধানসভা উপনির্বাচনে কংগ্রেস প্রার্থী মিলন প্রধানকে পুরোনো একটি কথিত হত্যা মামলায় গ্রেফতার করেছে পুলিশ। ৬ অক্টোবরের উপনির্বাচনে তার প্রার্থিতাকে মমতা বন্দ্যোপাধ্যায়ের গোষ্ঠী সমর্থন করবে- সাবেক মুখ্যমন্ত্রীর এমন ঘোষণার কয়েক ঘণ্টার পরই তাকে গ্রেফতার করা হয়। ভারতের সংবাদমাধ্যম এনডিটিভি এ খবর জানিয়েছে।
শুক্রবার (১৮ সেপ্টেম্বর) কালীঘাটের বাসভবনে সংবাদ সম্মেলনে মমতা বন্দ্যোপাধ্যায় নন্দীগ্রামে কংগ্রেস প্রার্থীকে সমর্থনের ঘোষণা দেন। তার গোষ্ঠীর প্রার্থী সঞ্চিতা প্রধান দে মনোনয়ন প্রত্যাহারের পর এই ঘোষণা আসে। এর আগে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে বৈঠক করেন সঞ্চিতা।
মমতা বন্দ্যোপাধ্যায় কংগ্রেসকে ‘বোনের মতো দল’ হিসেবে উল্লেখ করে বলেন, ইন্ডিয়া জোটকে শক্তিশালী করতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তিনি বলেন, আমার গোষ্ঠী এরই মধ্যে নন্দীগ্রামে কংগ্রেসকে সমর্থনের সিদ্ধান্ত নিয়েছিল, এটি ভবিষ্যতের সূচনা। ইন্ডিয়া জোটকে শক্তিশালী করার বার্তা বাংলার মাটি থেকেই শুরু হোক।
তবে কংগ্রেসের জ্যেষ্ঠ নেতা অধীর রঞ্জন চৌধুরী বলেন, মমতা বন্দ্যোপাধ্যায় এই ঘোষণা দেওয়ার ক্ষেত্রে স্বাধীন। তবে কংগ্রেস তার সমর্থন চায়নি। চৌধুরী বলেন, তিনি একজন রাজনৈতিক নেতা। তিনি যা চান বলতে পারেন। কিন্তু বাস্তবতা হলো, তিনি একজন প্রার্থী দিয়েছিলেন এবং এখন তার প্রার্থী মনোনয়ন প্রত্যাহার করায় তিনি আমাদের সমর্থন দিচ্ছেন। আমরা তার সমর্থন চাইনি।