অধিকৃত পশ্চিম তীরে এক সন্দেহভাজন ফিলিস্তিনি বন্দুকধারীর গুলিতে এক ইসরায়েলি নিহত হয়েছেন। রবিবার রামাল্লার কাছে নেভে তুফ বসতির কাছের একটি ঝরনার পাশে ইসরায়েলিদের লক্ষ্য করে গাড়ি থেকে গুলি চালানো হয় বলে জানিয়েছে ইসরায়েলি পুলিশ ও সামরিক বাহিনী। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।
ঘটনাস্থলে পৌঁছে চিকিৎসাকর্মীরা একটি গাড়ির ভেতর গুলিবিদ্ধ এক ব্যক্তিকে দেখতে পান। পরে হাসপাতালে তাকে মৃত ঘোষণা করা হয়। কয়েক ঘণ্টা পর রামাল্লার একটি হাসপাতালে সন্দেহভাজন বন্দুকধারীকে শনাক্ত করে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
এর কিছুক্ষণ পর পশ্চিম তীরের আরও উত্তরে গ্যানিম বসতির কাছে ইসরায়েলি সেনাদের ওপর গাড়ি উঠিয়ে দেওয়ার চেষ্টা করা এক ফিলিস্তিনি চালককে হত্যা করেছে ইসরায়েলি সেনারা। এতে কোনও সেনা আহত হয়নি বলে দাবি করেছে সামরিক বাহিনী।
তবে সেনাদের ওই দাবি তাৎক্ষণিকভাবে যাচাই করতে পারেনি রয়টার্স। ইহুদিদের ধর্মীয় দিন ইয়োম কিপুরের আগের দিন ঘটে যাওয়া দুই প্রাণঘাতী ঘটনা পরস্পরের সঙ্গে সম্পর্কিত কিনা, তা স্পষ্ট নয়।