ত্রিদেশীয় ওয়ানডে সিরিজে গ্রুপ পর্বের শেষ ম্যাচে আবারও বাজে ব্যাটিংয়ের প্রদর্শনী করেছে বাংলাদেশ। অবশ্যই জিততে হবে এমন ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে ৪১.২ ওভারেই তারা অলআউট হয়েছে মাত্র ১৬০ রানে।
ফাইনালে যেতে এই ম্যাচ জিততে যেখানে নানাবিধ সমীকরণ নিয়েও ভাবা দরকার, সেখানে বাংলাদেশের শুরুটা হয়েছে হতাশায়। টস জিতে আবুধাবিতে ২৮ রানেই হারিয়ে বসে ৪ উইকেট। তারপর অবশ্য আশার সঞ্চার করেছিলেন পারভেজ হোসেন ও সাইফ হাসান। পঞ্চম উইকেটে ৯২ রানের জুটি গড়েন তারা। ১২১ রানে সাইফ হাসান ৪১ রানে ফিরতেই আবার বিপর্যয়ে পড়ে দলটির ইনিংস। বাকি ৬ উইকেট হারিয়েছে মাত্র ৩৯ রানে!
প্রান্ত আগলে পারভেজ হোসেন ক্যারিয়ারের দ্বিতীয় ফিফটি তুলে নিলেও বেশি দূর যেতে পারেননি। সতীর্থদের আসা-যাওয়ার মিছিলে দলের ১৫৬ রানে অষ্টম উইকেটে হিসেবে কাটা পড়েন ৭০ রানে। তার ৯৬ বলের ইনিংসে ছিল ৫টি চার ও দুটি ছয়। তার উইকেটটি নেন রশিদ খান। লেজের দিকে ঘূর্ণিতে বাংলাদেশকে বিপদে ফেলা আফগান তারকা স্পিনার ৪২তম ওভারে পর পর আলিস আল ইসলাম ও মোস্তাফিজুর রহমানকে তুলে নিলে ১৬০ রানেই শেষ হয় বাংলাদেশের ইনিংস। শেষ চারটি উইকেটই নেন রশিদ। ৮.২ ওভারে ৩১ রান দিয়ে সর্বোচ্চ ৪ উইকেট নেন তিনি। দুটি করে নেন আজমতউল্লাহ ওমরজাই ও ইয়ামিন আজমদজাই। একটি করে নেন বিলাল সামি ও মোহাম্মদ নবী।