ঢাকাWednesday , 28 October 2026
  1. অন্যান্য
  2. আবহাওয়া
  3. খেলা
  4. চাকরি
  5. জীবনযাপন
  6. তথ্যপ্রযুক্তি
  7. প্রেস রিলিজ
  8. বাণিজ্য
  9. বাংলাদেশ
  10. বিনোদন
  11. বিশ্ব
  12. ভিডিও
  13. মতামত
  14. রাজনীতি
  15. শিক্ষা
আজকের সর্বশেষ সবখবর

৩ কোটি টাকার ভ্যাট ফাঁকি দেওয়া সেই কারখানায় আগুন


October 26, 2026 8:15 am
Link Copied!


ঢাকার ধামরাইয়ে গত সেপ্টেম্বর মাসে ৩ কোটি ২৮ লাখ টাকার ভ্যাট ফাঁকির অভিযোগ ওঠা জিনলিয়ান ইলেক্ট্রনিকস টেকনোলজি বাংলাদেশ লিমিটেডের কারখানায় আগুন লেগেছে বলে জানা গেছে। 

রবিবার (২৫ অক্টোবর) রাত সাড়ে ১০টার দিকে উপজেলার কুশুরা ইউনিয়নের নবগ্রাম এলাকায় অবস্থিত কারখানাটিতে আগুন লাগে।

ফায়ার সার্ভিসের দুটি ইউনিট প্রায় এক ঘণ্টা ২০ মিনিটের চেষ্টায় আগুন পুরোপুরি নেভায়। এ ঘটনায় কারখানার এক চীনা নাগরিক আহত হয়েছেন। তবে কোনও প্রাণহানির ঘটনা ঘটেনি।

ধামরাই ফায়ার সার্ভিস স্টেশনের তথ্য অনুযায়ী, রাত ১০টা ৩০ মিনিটে আগুন লাগার খবর পেয়ে দুটি ইউনিট ঘটনাস্থলের উদ্দেশে রওনা হয়। রাত ১০টা ৫০ মিনিটে ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে ফায়ার সার্ভিস। রাত ১১টা ১০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে। পরে রাত ১১টা ৫৮ মিনিটে আগুন পুরোপুরি নেভানো হয়।

ফায়ার সার্ভিসের প্রাথমিক ধারণা, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে। অগ্নিকাণ্ডে আনুমানিক ১০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। বিপরীতে প্রায় ৫০ লাখ টাকার মালামাল উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।

কারখানাটি লিথিয়াম ব্যাটারি প্রস্তুতকারক প্রতিষ্ঠান হিসেবে নিবন্ধিত। গত ১৭ সেপ্টেম্বর গোপন সংবাদের ভিত্তিতে প্রতিষ্ঠানটিতে অভিযান চালায় ঢাকার কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট (পশ্চিম)। ওই অভিযানে ৩ কোটি ২৮ লাখ ২৩ হাজার ৫৩ টাকার ভ্যাট ফাঁকির তথ্য উদঘাটনের কথা জানায় জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।

গত ২০ সেপ্টেম্বর সন্ধ্যায় প্রকাশিত এনবিআরের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, অভিযানের সময় কারখানায় তৈরি ব্যাটারির পাশাপাশি ব্যাটারি তৈরির কাঁচামাল ও সরঞ্জাম এবং আমদানি করা মোবাইল চার্জার, বিভিন্ন ব্র্যান্ডের হেডফোন ও ব্লুটুথ হেডফোন পাওয়া যায়। প্রাথমিকভাবে ভ্যাট ফাঁকির সন্দেহ হওয়ায় অধিকতর যাচাই-বাছাইয়ের জন্য প্রতিষ্ঠানটির দলিলপত্র জব্দ করা হয়।

জব্দ করা দলিলপত্র পর্যালোচনা করে এনবিআর জানায়, প্রতিষ্ঠানটি ১৪ কোটি ৫৬ লাখ ১৮ হাজার ৫০৭ টাকার বিক্রির তথ্য গোপন করেছে। এতে এক কোটি ৮৯ লাখ ৮৫ হাজার ৮৯২ টাকার ভ্যাট ফাঁকি দেওয়া হয়েছে। এ ছাড়া ১৫ কোটি ২২ লাখ ৮ হাজার ৭৭৫ টাকার পণ্য ও কাঁচামাল কেনার তথ্য গোপন করায় আরও এক কোটি ৩৮ লাখ ৩৭ হাজার ১৬১ টাকার ভ্যাট ফাঁকির তথ্য পাওয়া যায়।

সবমিলিয়ে প্রতিষ্ঠানটির বিরুদ্ধে ৩ কোটি ২৮ লাখ ২৩ হাজার ৫৩ টাকার ভ্যাট ফাঁকির অভিযোগের কথা জানায় এনবিআর।

তবে আগুনে ক্ষয়ক্ষতির প্রকৃত পরিমাণ এবং অগ্নিকাণ্ডের কারণ তদন্তের পর নিশ্চিত হওয়া যাবে।





Source link

×
📺

LIVE TV

Live Tv দেখতে নিচের বাটনে ক্লিক করুন।

📺 লাইভ দেখুন
error: Content is protected !!
🔴 LIVE html