জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির আমন্ত্রণে চার দিনের সরকারি সফরে রাতে টোকিওর উদ্দেশে ঢাকা ছাড়ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এই সফরে তারেক রহমানের সঙ্গে তার সহধর্মিণী ছাড়াও থাকবেন আরও কয়েকজন।
আগামীকাল ২৬ অক্টোবর থেকে ২৯ অক্টোবর পর্যন্ত জাপানে অবস্থান করবেন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হিসেবে যাচ্ছেন তার সহধর্মিণী ডা. জুবাইদা রহমান, অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর, পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত, ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি উপদেষ্টা রেহান আসিফ আসাদ, ইনভেস্ট বাংলাদেশের চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন এবং প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ড. মো. শাকিরুল ইসলাম খান।
এছাড়া, সফরসঙ্গী হিসেবে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন, প্রধানমন্ত্রীর একান্ত সচিব মো. মেহেদুল ইসলাম ও মিঞা মোহাম্মদ আশরাফ রেজা ফরিদী, সহকারী সামরিক সচিব লেফটেন্যান্ট কর্নেল মো. জুননুন নাহিদ, প্রটোকল অফিসার কামরুল ইসলাম, গবেষণা কর্মকর্তা মো. আবদুস সাত্তার পাটোয়ারী, সহকারী ব্যক্তিগত চিকিৎসক ডা. এ এন এম মনোয়ারুল কাদির, এডিসি স্কোয়াড্রন লিডার সৈয়দ নাজমুল হোসেন, ব্যক্তিগত কর্মকর্তা মো. নওয়াব আলী ও ফাতেমা বেগম।
প্রধানমন্ত্রীর সঙ্গে জাপান যাচ্ছেন, উপপ্রেস সচিব শাহাদাত হোসেন স্বাধীন, সিনিয়র ফটোগ্রাফার মো. খালেদ ইবনে এম এ রব, এসএসএফ মহাপরিচালক মেজর জেনারেল মাহবুবুস সামাদ চৌধুরী, পিজিআর কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল গোলাম আরিকুল আলম, এসএসএফ উপপরিচালক লেফটেন্যান্ট কমান্ডার মোহাম্মদ ফারহান ওয়াসিফ, সহকারী পরিচালক ক্যাপ্টেন মো. মেহেরাজ ইসলাম, সহকারী পরিচালক ফ্লাইট লেফটেন্যান্ট ফওজিয়া আলম ও লেফটেন্যান্ট তাসফিয়া আক্তার, প্রতিরক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তা মঈনুল হোসেন।
পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে জাপানে যাচ্ছেন, সচিব আসাদ আলম সিয়াম, সচিব সালাহউদ্দিন নোমান চৌধুরী, পূর্ব এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অনুবিভাগের অতিরিক্ত সচিব এস এম আনিসুল হক, চিফ অব প্রটোকল এ এফ এম জাহিদ-উল-ইসলাম, উপপ্রধান প্রটোকল (সফর) মো. বেলাল হোসেন, পূর্ব এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অনুবিভাগের পরিচালক রুহুল আমিন, পরিচালক মো. ইফতেখার রহমান ও সিনিয়র সহকারী সচিব মো. সাহাব উদ্দিন।
এছাড়া বাংলাদেশ ব্যাংকের গভর্নর মো. মোস্তাকুর রহমান, অর্থনৈতিক সম্পর্ক বিভাগের সচিব মো. শাহরিয়ার কাদের সিদ্দিকী, হেফাজত নেতা মো. আজিজুল হক ইসলামাবাদী ও আমজনতা পার্টির সদস্যসচিব মো. তারেক রহমানও রয়েছেন সফরসঙ্গীর তালিকায়।
সফরকালে দুই দেশের মধ্যে দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদার, মেট্রোরেলসহ চলমান অবকাঠামো প্রকল্পের ব্যয় ও ঋণের সুদের হার কমানোর বিষয়ে আলোচনা, জাপানি বিনিয়োগ আকর্ষণ এবং বাণিজ্য ও অর্থনৈতিক সহযোগিতা সম্প্রসারণে গুরুত্ব দেওয়া হবে।
সফরকালে তিনি জাপানের প্রধানমন্ত্রীর সঙ্গে শীর্ষ বৈঠক, বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সঙ্গে আলোচনা, শিল্প ও জ্বালানি স্থাপনা পরিদর্শন এবং বাংলাদেশ-জাপান অর্থনৈতিক ফোরামে মূল বক্তব্য দেবেন।