ঢাকাTuesday , 27 October 2026
  1. অন্যান্য
  2. আবহাওয়া
  3. খেলা
  4. চাকরি
  5. জীবনযাপন
  6. তথ্যপ্রযুক্তি
  7. প্রেস রিলিজ
  8. বাণিজ্য
  9. বাংলাদেশ
  10. বিনোদন
  11. বিশ্ব
  12. ভিডিও
  13. মতামত
  14. রাজনীতি
  15. শিক্ষা
আজকের সর্বশেষ সবখবর

যুক্তরাজ্যের সড়কে কার রেস, দুই ভারতীয় যুবকের ২৮ বছরের কারাদণ্ড


October 27, 2026 1:00 pm
Link Copied!


উত্তর ইংল্যান্ডে স্কুলে যাওয়ার পথে এক মা ও তার চার বছর বয়সী মেয়ের মৃত্যুর ঘটনায় ভারতীয় বংশোদ্ভূত দুজনকে মোট ২৮ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। মৃত্যু ঘটানোর দায়ে দোষী সাব্যস্ত হওয়ার পর তাদের এ সাজা দেওয়া হয়। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি এ খবর জানিয়েছে।

জুরি বোর্ড রায়ে বলেছে, ৩৭ বছর বয়সী গাড়ি বিক্রেতা জাসকামাল রিয়াত ২৯ বছর বয়সী হারদিপ ভাচুর সঙ্গে রেস করছিলেন। ২০২৩ সালের জানুয়ারিতে স্কট হল রোডে মা ও মেয়ে স্কুলে যাওয়ার জন্য হাঁটছিলেন। সে সময় নিয়ন্ত্রণ হারিয়ে ভাচুর গাড়ি তাদের ওপর উঠে যায়।

ভাচুর অডি টিটি আরএসের ধাক্কায় ২৭ বছর বয়সী জাস্টিনা হুলবোজ ও চার বছর বয়সী লেনা চেপচোর ঘটনাস্থলেই মারা যান। দুর্ঘটনার ঠিক আগে বিএমডব্লিউ এম১৩৫আই গাড়িতে রিয়াতকে ভাচুর সঙ্গে রেস করতে দেখা গেছে সিসিটিভি ফুটেজে। ইয়র্কশায়ার ইভনিং পোস্টের প্রতিবেদন অনুযায়ী, ২০২৪ সালের জুনে বিপজ্জনক গাড়ি চালিয়ে দুজনের মৃত্যু ঘটানোর অপরাধ স্বীকার করেন ভাচু। তাকে ১২ বছরের কারাদণ্ড দেওয়া হয়।

ড্যাশক্যাম ফুটেজে রিয়াতকে স্পষ্টভাবে ভাচুর সঙ্গে রেস করতে দেখা গেলেও তিনি দায় অস্বীকার করেন। বিপজ্জনক গাড়ি চালিয়ে দুজনের মৃত্যু ঘটানোর দুটি অভিযোগে তাকে দোষী সাব্যস্ত করে একই আদালত ১৬ বছরের কারাদণ্ড দিয়েছেন। দুজনকেই ছয় বছরের জন্য গাড়ি চালানো থেকে নিষিদ্ধ করা হয়েছে। এ ছাড়া তাদের বর্ধিত ড্রাইভিং পরীক্ষায় অংশ নিতে হবে।

আদালতে দুজনকে উদ্দেশ করে বিচারক রে সিং বলেন, সড়ক কোনও রেসের ট্র্যাক নয়। শক্তিশালী গাড়ি মানেই জনসড়কে এর সীমা পরীক্ষার আমন্ত্রণ নয়। তিনি বলেন, দ্রুতগতিতে প্রতিযোগিতামূলক গাড়ি চালানোর পরিণতি অপূরণীয় হতে পারে, এবং এ ক্ষেত্রে তা-ই হয়েছে।

রেসের আগে যা ঘটেছিল

বিচার চলাকালে শোনা যায়, এই দুই ভারতীয় বংশোদ্ভূত ব্যক্তি একে অপরকে চিনতেন না। দুর্ঘটনার কয়েক মিনিট আগে ট্রাফিক সিগন্যালে পাশাপাশি অপেক্ষার সময় স্পোর্টস কারের জানালা দিয়ে ভাচু ও রিয়াতের মধ্যে কথা হয়।

ভাচুর ড্যাশক্যাম ও রিয়াতের ফোনের রেকর্ডিং থেকে প্রমাণ মিলেছে, তারা একে অপরের গাড়ির শক্তির প্রশংসা করেন। জানা যায়, রিয়াত তখন ভাচুকে উসকে দিচ্ছিলেন। এরপর তারা রেস শুরু করেন। প্রথমে রিয়াত গতি বাড়িয়ে এগিয়ে যান, পেছনে ছিলেন ভাচু। ৪০ মাইল গতিসীমার সড়কে প্রায় ৯০ মাইল বেগে চলার সময় কার্বে ধাক্কা খেয়ে ভাচু নিয়ন্ত্রণ হারান। জাগুয়ার ডিলারের কাছে তার গাড়ি ফুটপাতে উঠে গিয়ে মা-মেয়েকে ধাক্কা দিলে তারা মারা যান।

ওয়েস্ট ইয়র্কশায়ার পুলিশের মেজর কলিশন এনকোয়ারি টিমের ডিটেকটিভ ইন্সপেক্টর (ডিআই) পল কনরয় বলেন, এই ব্যক্তিদের কাজের কারণে এক নারী ও তার ছোট্ট মেয়ে মারা গেছেন। আমি জানি, হারিয়ে যাওয়া প্রাণের ক্ষতিপূরণ হিসেবে কোনও সাজাই যথেষ্ট মনে হবে না।

তিনি বলেন, তবে এই সাজার শুনানি জাস্টিনা ও লেনার পরিবারের জন্য দীর্ঘ ফৌজদারি বিচারপ্রক্রিয়ার সমাপ্তি চিহ্নিত করছে। কনরয় আরও বলেন, ভাচু এ ঘটনায় নিজের ভূমিকা স্বীকার করার পর দুই বছরেরও বেশি সময় পেরিয়েছে। আমি জানি, ন্যায়বিচারের জন্য এই অপেক্ষা তাদের ওপর বড় প্রভাব ফেলেছে। আজ আমার ভাবনা দৃঢ়ভাবে তাদের সঙ্গেই আছে।





Source link

×
📺

LIVE TV

Live Tv দেখতে নিচের বাটনে ক্লিক করুন।

📺 লাইভ দেখুন
error: Content is protected !!
🔴 LIVE html