সারা দেশে একদিনে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ১১ জনের মৃত্যু হয়েছে। এটিই চলতি বছর এখন পর্যন্ত একদিনে সর্বোচ্চ মৃত্যু। মঙ্গলবার (২৭ অক্টোবর) সকাল ৮টা পর্যন্ত আগে ২৪ ঘণ্টার মধ্যে তাদের মৃত্যু হয়েছে। চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে মোট মৃত্যু চারশোতে ঠেকলো।
আজ স্বাস্থ্য অধিদফতরের প্রকাশিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এই ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে নতুন করে হাসপাতালে ভর্তি হয় ২ হাজার ৭১ জন।
বিজ্ঞপ্তিতে বলা হয়, মঙ্গলবার ৮টা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় নতুন ভর্তি হওয়া রোগীদের মধ্যে ঢাকা বিভাগে ৮৯৯ জন, ময়মনসিংহ বিভাগে ৯৭ জন, চট্টগ্রাম বিভাগে ২৪১ জন, খুলনা বিভাগে ২৫০ জন, রাজশাহী বিভাগে ২২৯ জন, রংপুর বিভাগে ১১২ জন, বরিশাল বিভাগের ২১৭ জন এবং সিলেট বিভাগে ২৬ জন আক্রান্ত হয়েছেন।
আরও জানানো হয়, চলতি বছরের শুরু থেকে আজকে পর্যন্ত সারা দেশে মোট ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ লাখ ২৮ হাজার ২৩৭ জন। এদের মধ্যে ১ লাখ ২১ হাজার ৪২২ জন ডেঙ্গু রোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন।
আর বর্তমানে হাসপাতালে ৬ হাজার ৪১৫ জন চিকিৎসাধীন আছেন। এছাড়া এই সময়ের মধ্যে মারা গিয়েছে ৪০০ জন।